মুহতারাম! অজুর সময় মেসওয়াক করলে অনেকক্ষণ যাবৎ থুথুর সঙ্গে রক্ত পড়তে থাকে। এদিকে জামাতের সময়ও একেবারে নিকটবর্তী থাকে। এমতাবস্থায় আমি কয়েকবার ভালোভাবে কুলি করে নিই এবং আর থুথু ফেলি না, যেন রক্ত দৃষ্টিগোচর হওয়ার কারণে পুনরায় অজু করতে না হয়। এভাবেই অজু করে নামাজ পড়ি।

জানার বিষয় হলো, আমার এরূপ করা ঠিক কি না এবং এর কারণে পবিত্রতার কোনো সমস্যা হবে কি না? অন্যথায় করণীয় কী?

নিবেদক: মো. ইব্রাহিম খাঁন

الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ


শরয়ি দৃষ্টিতে, থুথুর সঙ্গে রক্ত বের হওয়ার ক্ষেত্রে রক্তের পরিমাণ বেশি হলে অজু ভঙ্গ হয়ে যায়। অন্যথায় অজু ভঙ্গ হয় না।

সুতরাং প্রশ্নোল্লিখিত অবস্থায় রক্ত বের হওয়ার ক্ষেত্রে আপনার যদি প্রবল ধারণা হয় যে, রক্তের পরিমাণ থুথুর পরিমাণের চেয়ে বেশি, তাহলে আপনার অজু সহিহ হবে না। আর যদি রক্তের পরিমাণ কম হয়, তাহলে অজু ভঙ্গ হবে না।

এক্ষেত্রে করণীয় হলো, যেহেতু মেসওয়াক করার কারণে আপনার রক্ত বের হয়, তাই অল্প সময়ের মধ্যে অজু করতে হলে মেসওয়াক না করাই উত্তম হবে। উল্লেখ্য, থুথু ও রক্তের পরিমাণ সমান সমান হলে সতর্কতামূলকভাবে অজু করে নেওয়া শ্রেয়।

রেফারেন্স: কানযুদ দাকায়েক: ১/১৭, বুশরা। ফাতাওয়ায়ে লখনবি: পৃষ্ঠা ৫৩, রশিদিয়া। আজিজুল ফাতাওয়া: ১/১৮, দারুল ইশাআত।


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল