পাগড়ি পরা অবস্থায় অজুর মাথা মাসেহ: তিন-চার আঙুল মাসেহ করলে কি ফরজ আদায় হবে?
মুহতারাম! আমাদের এলাকার ইমাম সাহেব সর্বদা পাগড়ি পরেন। পাগড়ির প্যাঁচ ভেঙে যাওয়ার ভয়ে তিনি মাথা মাসেহ করার সময় কখনো সামনের দিক দিয়ে, আবার কখনো পার্শ্ব দিয়ে তিন-চার আঙুল পরিমাণ মাথা মাসেহ করে থাকেন। অথচ আমরা জানি, মাথার চার ভাগের এক ভাগ মাসেহ করা ফরজ। জানার বিষয় হলো, এভাবে মাসেহ করলে অজুর ফরজিয়ত আদায় হবে কি না? ইল্লতসহ জানাবেন।
নিবেদক: শাহাদাত হোসাইন
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
হানাফি মাযহাবমতে, অজুতে মাথা মাসেহ করার ক্ষেত্রে مقدارناصية তথা মাথার এক-চতুর্থাংশ মাসেহ করা ফরজ। তবে কোনো কোনো ফকিহের মতে, হাতের তিন আঙুল পরিমাণ মাথা মাসেহ করলেও ফরজিয়ত আদায় হয়ে যায়।
সুতরাং প্রশ্নোল্লিখিত অবস্থায় গ্রহণযোগ্য মত অনুযায়ী, ইমাম সাহেব তিন-চার আঙুল পরিমাণ মাথা মাসেহ করার মাধ্যমে মাথা মাসেহের ফরজিয়ত আদায় করতে পারবেন না। তবে কিছু ফকিহের মতে, এতে ফরজিয়ত আদায় হয়ে যাবে। কিন্তু একজন ইমামের জন্য সর্বদা দুর্বল মতের ওপর আমল করা মোটেও কাম্য নয়।
রেফারেন্স: খুলাসাতুল ফাতাওয়া: ১/২৬, রশিদিয়া। নাহরুল ফায়েক: ১/৩৩, দারুল আয়মান। ফাতাওয়ায়ে দারুল উলুম দেওবন্দ: ১/১৪, দারুল ইশাআত।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল