মুহতারাম, এক গ্রাম্য ব্যক্তি সর্বদা খেত-খামারে কাজ করার কারণে তাঁর পা ফাটা থাকে। উক্ত ব্যক্তি স্বাভাবিকভাবেই অজু করেন। কিন্তু প্রায়ই তাঁর সন্দেহ হয়, ফাটা স্থানে পানি পৌঁছেছে কি না। জানার বিষয় হলো, তিনি কি স্বাভাবিকভাবেই অজু করবেন, নাকি বিশেষভাবে ফাটা স্থানে পানি পৌঁছানোর চেষ্টা করবেন? ফাটা স্থানে পানি না পৌঁছালে কোনো সমস্যা হবে কি না, জানিয়ে বাধিত করবেন।

নিবেদক: শাহাদাত হোসেন

الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ


শরিয়তের দৃষ্টিতে, অজুর অঙ্গসমূহের সব স্থানে পানি পৌঁছানো আবশ্যক। সামান্য স্থানও শুকনো থাকলে অজু শুদ্ধ হবে না। তবে কোনো স্থানে পানি পৌঁছানো কষ্টকর হলে সে ক্ষেত্রে অজু শুদ্ধ হয়ে যাবে।

সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে, উক্ত ব্যক্তির জন্য পায়ের ফাটা স্থানে পানি পৌঁছানো আবশ্যক। অন্যথায় অজু শুদ্ধ হবে না। তবে পায়ের ফাটা স্থান গভীর হলে এবং সেখানে পানি পৌঁছানো কষ্টসাধ্য বা ক্ষতির কারণ হলে পানি পৌঁছানো আবশ্যক নয়; সে ক্ষেত্রে মাসেহ করে নেওয়াই যথেষ্ট।

রেফারেন্স: ইমদাদুল ফাতাহ: পৃ. ৭০, রশিদিয়া। ফাতাওয়া হিন্দিয়া: ১/৫৫, দারুল ফিকর। কিতাবুন নাওয়াজিল: ৩/৯৩, যাকারিয়া।


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা) ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল