মুহতারাম, আমি একজন মৃত ব্যক্তিকে গোসল করানোর সময় স্বাভাবিকভাবেই আমার কাপড় কিছুটা ভিজে যায়। সময় স্বল্পতার কারণে ওই কাপড়েই নামাজ আদায় করি। পরবর্তীতে আমার মামা বলেন, আমার নামাজ সহিহ হয়নি। কারণ, মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পানি নাপাক হওয়ায় আমার কাপড়ও নাপাক ছিল। জানার বিষয় হলো, আমার মামার কথা সঠিক কি না?

নিবেদক: ইব্রাহিম খান

الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ


শরিয়তের দৃষ্টিতে, মৃত ব্যক্তির শরীর নাজাসাতে হুকমি তথা বিধানগত অপবিত্রতার অন্তর্ভুক্ত। এ কারণে, তার শরীরে দৃশ্যমান কোনো নাপাকি না থাকলে গোসলের ব্যবহৃত পানি নাপাক হয় না। তবে শরীরে দৃশ্যমান নাপাকি থাকলে এবং তা গোসলের পানিতে মিশে গেলে পানি নাপাক গণ্য হয়।

সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে, মৃত ব্যক্তির শরীরে দৃশ্যমান নাপাকি না থাকলে তার গোসলের পানি সাধারণ ব্যবহৃত পানির হুকুমে হওয়ায় তা নাপাক গণ্য হবে না। আর শরীরে দৃশ্যমান নাপাকি থাকলে এবং তা পানির সঙ্গে মিশে আপনার শরীরে লাগলে, সেই পানি নাপাক গণ্য হবে।

অতএব, আপনার মামার কথা নির্বিচারে সঠিক নয়; বরং শুধু শেষোক্ত অবস্থায় তাঁর কথা সঠিক।

রেফারেন্স: কিতাবুল কাফি: ১/২০৬, রশিদিয়া। আল-মাবসুত: ১/২০৭, রশিদিয়া। ফাতাওয়া হিন্দিয়া: ১/৭৬, যাকারিয়া।


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা) ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল