মুহতারাম! জনাব আমের সাহেব মাগরিবের নামাজের জন্য অজু করছিলেন। হাত-পা ধৌত করার পূর্বেই ট্যাপের পানি বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর দু-এক ফোঁটা পানি দিয়ে হাত-পা মর্দন করে নেন। আর এভাবেই নামাজ আদায় করেন। জানার বিষয় হলো, আমের সাহেবের অজু সহিহ হয়েছে কি না?
নিবেদক: হাকিবুল ইসলাম
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
হানাফি মাজহাবের গ্রহণযোগ্য মতানুযায়ী, অজুর কোনো অঙ্গ ধৌত করার সর্বনিম্ন সীমা হলো, অঙ্গ ধোয়ার সময় তা থেকে কমপক্ষে এক-দুই ফোঁটা পানি গড়িয়ে পড়া। অন্যথায় অজু সহিহ হয় না।
সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে আমের সাহেব দু-এক ফোঁটা পানি দিয়ে হাত-পা মর্দন করার সময় যদি পানি গড়িয়ে না পড়ে, তাহলে তাঁর অজু সহিহ হয়নি। এমতাবস্থায় আদায় করা নামাজও সহিহ হয়নি। পক্ষান্তরে, দু-এক ফোঁটা পানি গড়িয়ে পড়লে তাঁর অজু হয়ে গেছে।
রেফারেন্স: আদ-দুররুল মুখতার: ১/২১৭, আজহার। বাদায়িউস সানায়ি: ১/৬৫, যাকারিয়া। ফাতাওয়ায়ে হিন্দিয়া: ১/৫৩, যাকারিয়া।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা) ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল