মুহতারাম! শরিফুল ইসলাম তাঁর বাসার ছাদে কবুতর ও মুরগি পোষেন। এ কারণে অনেক সময় ছাদের বিভিন্ন স্থানে সেগুলোর বিষ্ঠা পড়ে থাকে। আবার কখনো বিড়ালও পায়খানা করে রাখে। বৃষ্টি হলে ওই ময়লামিশ্রিত পানি পাইপ দিয়ে নিচে পড়ে। কখনো কখনো কারও জামাকাপড়েও লাগে। জানার বিষয় হলো, উল্লেখিত পানি জামাকাপড়ে লেগে গেলে কাপড় নাপাক হয়ে যাবে কি? অনুগ্রহপূর্বক জানিয়ে উপকৃত করবেন।
নিবেদক: ইব্রাহিম খান
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
প্রবল বৃষ্টির সময় নালা কিংবা অন্য কোনো স্থান দিয়ে যে পানি প্রবাহিত হয়, তা প্রবাহমান পানির বিধানভুক্ত। এ পানির অধিকাংশ যদি নাপাকি মিশ্রিত হয়ে প্রবাহিত হয়, তাহলে তা নাপাক হিসেবে গণ্য হবে। আর হালকা বৃষ্টির সময় কিংবা বৃষ্টি বন্ধ হওয়ার পর যে পানি ফোঁটায় ফোঁটায় প্রবাহিত হয়, তা অল্প পানির হুকুমে। ফলে সেই পানি অল্প পরিমাণ নাপাকির সংস্পর্শে এলে নাপাক বলে গণ্য হবে।
সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে ছাদ থেকে পানি গড়িয়ে পড়ার অবস্থা ভেদে তার ওপর পবিত্রতা কিংবা নাপাকির বিধান প্রযোজ্য হবে। তবে কবুতরের বিষ্ঠা যত সামান্যই হোক, তা মাফ বলে গণ্য হবে।
রেফারেন্স: বাদায়িউস সানায়ি: ১/২১৬, যাকারিয়া। ফাতাওয়ায়ে কাজীখান: ১/২৬৯, যাকারিয়া। ফাতাওয়ায়ে হিন্দিয়া: ১/৬৯, যাকারিয়া।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা) ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল