মুহতারাম, জনাব আব্দুল জলীল সাহেবের হাতে গভীরভাবে ক্ষত হয়। ব্যান্ডেজ করার পর দীর্ঘদিন যাবৎ তিনি তার উপর মাসেহ করেন। গতকাল তার ব্যান্ডেজ পরিবর্তন করার সময় দেখতে পান, ক্ষতস্থান অনেকটা শুকিয়ে আসছে। ক্ষতস্থান থেকে রক্ত বা পানি কিছু বের হচ্ছে না। কিন্তু তারপরও ডাক্তার কিছু মেডিসিন লাগিয়ে দিয়ে নতুন ব্যান্ডেজ লাগিয়ে দেন। জানার বিষয় হলো, তার জন্য কি ঐ ব্যান্ডেজ খুলে হাতে পানি ঢেলে নিতে হবে? নাকি হাতের উপর মাসেহ করাই যথেষ্ট হবে?

নিবেদক: মুহা. রাকিবুল ইসলাম

الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ


শরয়ী দৃষ্টিতে আঘাতপ্রাপ্ত অঙ্গে পানি ব্যবহার করা ডাক্তারি মতে ক্ষতিকর সাব্যস্ত হলে ওযু ও গোসলে তার উপর মাসেহ করার অবকাশ আছে। অন্যথায় তা যথানিয়মে ধৌত করা অপরিহার্য।

সুতরাং ডাক্তারের নির্দেশনা মোতাবেক প্রশ্নোক্ত আব্দুল জলীল সাহেবের হাতের ক্ষতস্থান ধোয়া যদি ক্ষতিকর হয়, পাশাপাশি বারবার ব্যান্ডেজ খোলাও কষ্টসাধ্য হয়, তাহলে তিনি ব্যান্ডেজের উপর মাসেহ করবেন। তবে ব্যান্ডেজ খুলতে কোনো অসুবিধা না থাকলে সেক্ষেত্রে ব্যান্ডেজ খুলে ক্ষতস্থান মাসেহ করবেন এবং বাকি অংশ ধৌত করবেন। এতদ্ভিন্ন তার জন্য যথানিয়মে হাত ধৌত করা অপরিহার্য। নচেত ওযু-গোসল সহিহ হবে না।

রেফারেন্স: তুহফাতুল ফুকাহা: পৃ. ৪৭, মারুফিয়া। মাজমাউল আনহুর: ১/৭৫, মানার। মুনআতুল মুসল্লী: পৃ. ১০১, নোমানিয়া।


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা) ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল