মুহতারাম, একবার আমার এক বন্ধুর হাতে কঠিন আঠা লেগে যায়, যার বৈশিষ্ট্য হলো একটু বাতাস পেলেই শুকিয়ে যায়। বহুত চেষ্টা করেও সে ঐ আঠা উঠাতে সক্ষম হয়নি। এদিকে নামাজের সময় কম ছিল বিধায় সে ওযু করে নামাজ আদায় করে। অবশ্য আরেকটু সময় নিয়ে চেষ্টা করলে হয়তো উঠে যেত। জানার বিষয় হলো, এমতাবস্থায় তার পবিত্রতা অর্জন হয়েছে কি?

নিবেদক: রিফাত হোসাইন।

الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ


শরিয়ামতে ওযু সহিহ হওয়ার জন্য ওযুর অঙ্গগুলোতে ভালোভাবে পানি পৌঁছানো জরুরি। তবে পানি পৌঁছতে প্রতিবন্ধক কোনো বস্তু লেগে গেলে সাধ্যমতো চেষ্টা করার পরও যদি প্রতিবন্ধকতা দূর করা না যায়, তাহলে জরুরতবশত অঙ্গের উপরিভাগে পানি প্রবাহিত করার দ্বারাই পবিত্রতা অর্জন হয়ে যাবে।

অতএব, প্রশ্নোক্ত ক্ষেত্রে বহু চেষ্টা করার পরও যখন আঠা উঠাতে সক্ষম হয়নি, অপরদিকে নামাজের সময়ও শেষ হয়ে যাচ্ছে, তাই জরুরতবশত উক্ত অঙ্গের উপরিভাগে পানি পৌঁছানোর দ্বারাই পবিত্রতা অর্জন হয়ে গেছে। তবে ওয়াক্ত শেষ হওয়ার পূর্বে উঠাতে সক্ষম হলে তা উঠিয়ে পানি পৌঁছানো ছাড়া পবিত্রতা অর্জন হবে না।

রেফারেন্স: ফাতাওয়ায়ে নাওয়াজেল, পৃ. ৪০, দারুল ঈমান। বিনায়া: ১/১৫১, আশরাফিয়া। ইমদাদুল ফাতাওয়া: ১/৭৭, দারুল উলুম করাচি। ইমদাদুল আহকাম: ১/৩৪৫, দারুল উলুম করাচি।


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা) ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল