মুহতারাম, আমি একজন কলেজের মেয়ে। যতটুকু চেষ্টা করি, ইসলামের গণ্ডির মধ্যে থেকে ইসলামকে মানার চেষ্টা করি। কিন্তু একটি বিষয় নিয়ে চরম দুশ্চিন্তায় ভুগছি। আশা করি আপনার মাধ্যমে একটি সুন্দর সমাধানে উপনীত হবো, ইনশাআল্লাহ। আমার ঋতুস্রাবের শুরু লগ্ন থেকেই আমার সময়সীমা ঠিক নেই। কখনো ৫ দিন/৭ দিন/১০ দিন/১২ দিন/১৪ দিন। কোনটা ঋতুস্রাব আর কোনটা সুস্থতা, কিছুই বুঝতে পারছি না। ফলে কোন ইবাদত কীভাবে করবো, তাও বুঝতে পারছি না। এখন আমার করণীয় কী, জানালে উপকৃত হবো।

নিবেদক: মাদসুদ হাসান।

الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ


শরয়তের দৃষ্টিতে ঋতুস্রাবের সর্বোচ্চ মেয়াদ দশদিন। দশদিনের পরেও রক্ত আসলে সর্বশেষ ঋতুস্রাবে যত দিন রক্ত এসেছে, ততদিন ঋতুস্রাব বলে গণ্য হবে। এর পরে বের হওয়া রক্ত ইস্তেহাযা বলে গণ্য হবে।

অতএব, আপনার দশদিনের ভিতর রক্ত বন্ধ হয়ে গেলে তা ঋতুস্রাব বলে গণ্য হবে। তবে যদি দশদিনের পরেও রক্ত বের হয়, তাহলে সর্বশেষ ঋতুস্রাবে যতদিন রক্ত এসেছিল, ততদিন ঋতুস্রাব বলে গণ্য হবে। এর পরে বের হওয়া রক্ত ইস্তেহাযা বলে গণ্য হবে। বিধায়, নামাজ, রোজা ইত্যাদি যা ঋতুস্রাবকালীন হারাম ছিল, তা বৈধ হয়ে যাবে। তবে আপনি ওযরগ্রস্ত হওয়ায় প্রত্যেক নামাজের ওয়াক্তে ওযু করে ওয়াক্ত শেষ হওয়া পর্যন্ত ফরজ-নফল ইত্যাদি সকল ধরনের ইবাদত, যেগুলোর জন্য পবিত্রতা আবশ্যক, সেগুলো পালন করতে পারবেন।

রেফারেন্স: নুরুল ইজাহ: ১/১৩৯, দারুল কিতাব দেওবন্দ। হিদায়া: ১/১৭৯, রশিদিয়া। ফাতহুল কাদীর: ১/১৭৯, রশিদিয়া।


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা) ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল