মুহতারাম মুফতি সাহেব, রোকন সাহেব ইস্তিঞ্জা করার পর মাঝে মাঝে নিশ্চিত টের পান যে, তার প্রস্রাবের ফোটা বের হচ্ছে; কিন্তু কখনো কাপড়ে কোনো আলামত পান না। জানার বিষয় হলো, যদি এমন নিশ্চিত মনে হয়, কিন্তু কোনো আলামত না পান, তাহলে করণীয় কী? বিস্তারিত জানানোর অনুরোধ রইল।

নিবেদক: মুহাম্মাদ মাসউদ।

الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ


শরয়ী মূলনীতি অনুযায়ী ইয়াকীনি বিষয় সন্দেহের কারণে রহিত হয় না। ফলে প্রস্রাবের ফোটা বের হওয়ার সন্দেহের দ্বারা ওযু ভঙ্গ হয় না এবং কাপড় ও শরীর নাপাক হয় না। তবে প্রস্রাবের ফোটা বের হওয়ার ইয়াকিন সৃষ্টি হলে বা আলামত পাওয়া গেলে ওযু ভঙ্গ হয়ে যায় এবং কাপড় ও শরীর নাপাক হয়ে যায়।

অতএব, প্রশ্নোক্ত সূরতে রোকন সাহেবের করণীয় হলো, কোনো আলামত না পেলে কাপড় পবিত্র মনে করবে এবং অহেতুক সন্দেহের পিছনে পড়বে না। বরং সন্দেহ অধিক পরিমাণে হতে লাগলে ইস্তিঞ্জার পর কাপড় বা লজ্জাস্থানে পানি ছিটিয়ে দেবে। অবশ্য পেশাবের ফোটা বের হওয়ার ইয়াকিন বা প্রবল ধারণা সৃষ্টি হলে সেক্ষেত্রে ইস্তিঞ্জা করে ওযু করবে এবং কাপড় পবিত্র করে নামাজ আদায় করবে।

রেফারেন্স: দুররুল মুখতার: ১/৩১০, আজহার। বাদায়ে উস সানায়ে: ১/৩৩৬, জাকারিয়া।আল-ফাতাওয়া সিরাজিয়া: ৩, এইচ. এম. সাইদ।


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা) ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল