মুহতারাম। জনাব রফিক সাহেব এক্সিডেন্ট করেন এবং তার একটি হাত অকেজ হয়ে যায়, যার কারণে অপারেশন করে তাহা কেটে ফেলা হয়। এখন তিনি সার্জারি করে ভিন্ন প্রযুক্তির একটি হাত লাগিয়ে নেন। জানার বিষয় হল, এই দৃষ্টিতে এই অবস্থায় ওযু-গোসলের জন্য তার করণীয় কী? বিস্তারিত জানাবেন।
নিবেদক: মোঃ আতাউল্লাহ আশরাফ
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ী দৃষ্টিতে কারো হাত কাটার পর ফরজ অঙ্গের কোনো অংশ অবশিষ্ট না থাকলে অজুতে তা ধৌত করার বিধান রহিত হয়ে যায়। পরবর্তীতে কোনো কৃত্রিম হাত লাগালেও তা ধৌত করা আবশ্যক নয়। তবে ফরজ অঙ্গের কোনো অংশ বাকি থাকলে সে ক্ষেত্রে কৃত্রিম হাতটি খোলা সম্ভব হলে তা খুলে অবশিষ্ট অংশ ধৌত করা আবশ্যক। আর সম্ভব না হলে পুরো কৃত্রিম হাত ধৌত করা আবশ্যক।
অতএব, প্রশ্নোক্ত সূরতে রফিক সাহেবের হাত কাটার পর যদি ফরজ অঙ্গের কোনো অংশ বাকি থাকে এবং তার সাথে কৃত্রিম হাত লাগানো হয়, তাহলে তা স্বাভাবিকভাবে খোলা সম্ভব হলে অবশিষ্ট অংশ ওযু ও গোসলে ধৌত করতে হবে। আর খোলা সম্ভব না হলে পুরো কৃত্রিম হাতটি অজু-গোসলের মধ্যে ধৌত করা জরুরি। তবে ফরজ অঙ্গের কোনো অংশ অবশিষ্ট না থাকলে অজুতে কোনো ক্ষেত্রেই ধৌত করা আবশ্যক নয়।
তথ্যসূত্র: আল-বাহরুর রায়েক: ১/২৯, জাকারিয়া। রদ্দুল মুহতার: ১/২২৯, আজহার। ফাতহুল কাদির: ১/১২, রাশিদিয়া।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা) ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল