মুহতারাম! আমি একবার বাসে করে কুণ্ডল বিশ্বরোড থেকে বাংলাবাজার যাচ্ছিলাম। পথিমধ্যে বাসে এক হকার উঠে খুজলি-পাঁচড়ার জন্য এক প্রকার তেল বিক্রি করতে শুরু করল। আমি তেলের কৌটা হাতে নিয়ে তার গায়ে বিভিন্ন প্রাণী, যেমন—বেজির চর্বি, কেঁচো ইত্যাদি উক্ত তেলের উপাদান হিসেবে দেখতে পেলাম। সুতরাং আমার জানার বিষয় হলো, উক্ত তেল পবিত্র না অপবিত্র এবং তা ব্যবহার করে নামাজ, কোরআন তেলাওয়াত ইত্যাদি করা জায়েজ হবে কি?

নিবেদক: মাহমুদুল হাসান, ফিরোজপুর

الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ

শরয়ী দৃষ্টিতে নাপাক বস্তুর হাকিকত তথা মূল অবস্থা যেকোনো প্রক্রিয়ায় পরিবর্তন হয়ে গেলে তার ওপর আরোপিত পূর্বের হুকুম বলবৎ থাকে না। বরং তা পাক হয়ে যায়। অন্যথায় তা নাপাকই থেকে যায়।

সুতরাং প্রশ্নোক্ত সুরতে বেজির চর্বি ও কেঁচো ইত্যাদিকে যদি বিভিন্ন প্রক্রিয়ায় মেডিসিন বানায়, অতঃপর তা খুজলি-পাঁচড়ার তেলের উপাদান হিসেবে ব্যবহার করে, তাহলে তা পবিত্র হিসেবে গণ্য হবে এবং তা ব্যবহার করে নামাজ ইত্যাদি পড়তে পারবে। আর যদি চর্বিকে গলিয়ে সরাসরি খুজলি-পাঁচড়ার তেল হিসেবে উৎপাদন করে, তাহলে তা নাপাকই থেকে যাবে। তবে জরুরতের সময় তা দিয়ে মালিশ করতে পারলেও নামাজের সময় ঐ স্থান ধৌত করে নিতে হবে।

নূরুল ইযাহ: ৬৬, সালাম। রদ্দুল মুহতার: ১/৫৭০, আজহার। ফাতাওয়ায়ে হিন্দিয়া: ১/১০০, যাকারিয়া।


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা) ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল