মুহতারাম মুফতি সাহেব! আমার নাম শাহেদ। রাতে আমার গোসল ফরজ হওয়ার পর গোসল করে নিই। কিন্তু কিছুক্ষণ পরেই উত্তেজনা ছাড়া এক ফোঁটা বীর্য বের হয়। জানার বিষয় হলো, পুনরায় আমার ওপর গোসল ফরজ হবে কি না? সুস্পষ্ট দলিলসহ জানিয়ে বাধিত করবেন।

নিবেদক: মোঃ শাহাদাত হোসেন

الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ

গ্রহণযোগ্য মতানুযায়ী স্বস্থান থেকে বীর্য উত্তেজনার সাথে বিচ্ছিন্ন হয়ে লিঙ্গ দিয়ে বের হওয়ার দ্বারা গোসল ফরজ হয়ে যায়। চাই লিঙ্গ দিয়ে বের হওয়ার সময় উত্তেজনা থাকুক বা না থাকুক। অবশ্য স্বস্থান থেকে বিচ্ছিন্ন হয়ে লিঙ্গ দিয়ে বের হওয়ার পর পেশাব কিংবা হাঁটাচলার পর গোসল করে বীর্য বের হলে নতুন করে গোসল করতে হয় না। অন্যথায় আবার গোসল করা ফরজ হয়।

সুতরাং প্রশ্নোক্ত সুরতে আপনার গোসল ফরজ হওয়ার পর যদি পেশাবের পূর্বে কিংবা হাঁটাচলার পূর্বে গোসল করে থাকেন, তাহলে উত্তেজনা ছাড়া পুনরায় বীর্য বের হওয়ার প্রেক্ষিতে আবার গোসল করে নিতে হবে। অন্যথায় গোসল করা লাগবে না।

রদ্দুল মুহতার: ১/৩২৬–৩২৭, আজহার। ফাতাওয়ায়ে হিন্দিয়া: ১/৬৬, দারুল ফিকর। কাজী খান: ১/৩০, যাকারিয়া।


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা) ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল