মুহতারাম! জনৈক চাষি কাজ-কর্ম করার সময় তাঁকে আটালি (জোঁক) কামড় দিয়ে রক্ত চুষে ধরে রাখে। এমতাবস্থায় সে এক ওয়াক্তের নামাজও আদায় করে। পরবর্তীতে দেখামাত্র লবণ লাগিয়ে ছুটিয়ে ফেলে। কিন্তু তখন আর কোনো রক্ত বের হয়নি। জানার বিষয় হলো, এর কারণে কি তার অজু ভেঙে যাবে? জানিয়ে বাধিত করবেন।
নিবেদক: সালমান আহমাদ, ইফতা
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ী দৃষ্টিতে শরীরের কোনো স্থান থেকে যেকোনো প্রক্রিয়ায় গড়িয়ে পড়া পরিমাণ রক্ত নির্গত হওয়ার দ্বারা অজু ভেঙে যায়।
অতএব, প্রশ্নোক্ত সুরতে আটালি যদি অজুর পরবর্তী সময়ে ঐ ব্যক্তির শরীর থেকে গড়িয়ে পড়া পরিমাণ রক্ত চুষে থাকে, তাহলে এর দ্বারা তার অজু ভেঙে যাবে। এই অবস্থায় আদায়কৃত নামাজও পুনরায় পড়তে হবে। অবশ্য আটালির চুষে নেওয়া রক্ত প্রবাহ পরিমাণ না হলে তার দ্বারা ওযু ভাঙবে না, নামাজও পুনরাবৃত্তি করতে হবে না।
বিদায়াতুল মুবতাদী: ১/১২৮। হিদায়া: ১/১২৮। আহসানুল ফাতাওয়া: ২/৮৩, যাকারিয়া।
মুফতি
মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ
জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা) ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল
ইসলামি উত্তরা ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল