মুহতারাম। আমাদের প্রতিষ্ঠানের দরসগাহে (ক্লাসরুমে) দীর্ঘমেয়াদি কার্পেট বিছানো, যা কখনো পানি দ্বারা পরিষ্কার করা হয় না এবং কার্পেট উঠিয়ে রৌদ্র বা অন্য কোনো মাধ্যমে তাপ দিয়েও পরিষ্কার করা হয় না। অন্যদিকে আমার দেখা মতে, বিড়াল অনেক সময় পেশাব করে, যা উপরে উল্লিখিত কোনো পদ্ধতিতেই তা পরিষ্কার করা হয় না। এখন হযরতের নিকটে জানার বিষয় হচ্ছে, উক্ত কার্পেট পবিত্র করার পদ্ধতি কী হবে? দ্রুত উত্তর প্রদানে আপনার একান্ত শুভকামনা মর্জি হয়।
নিবেদক: মোঃ আবু সালেহ, বগুড়া
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ী দৃষ্টিতে এমন জিনিস যা নিংড়ানো অসম্ভব, তা নাপাক হয়ে গেলে মূল নাপাকি দূর করতঃ তিনবার পানি ঢেলে যেকোনো মাধ্যমে শুকানোর দ্বারা পবিত্র হয়ে যায়।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে আপনার দরসগাহের কার্পেটের যে স্থানে বিড়াল পেশাব করেছে, সেই স্থানে পবিত্র পানি ঢেলে তা মেশিন, শুকনো কাপড় কিংবা অন্য কোনো মাধ্যমে শুকিয়ে নেবে। অতঃপর দ্বিতীয় ও তৃতীয়বার এরকম করার মাধ্যমে তা পবিত্র হয়ে যাবে। অবশ্য এক্ষেত্রে মূল নাপাকি ও দুর্গন্ধ দূর হওয়া আবশ্যক।
ফাতাওয়ায়ে শামি: ১/৫২৩, যাকারিয়া। তানভিরুল আবসার: ১/৫৩৯–৫৪১, যাকারিয়া। আল-ফিকহুল হানাফি: ১/৫৬, দারুল কলম। আহসানুল ফাতাওয়া: ২/৯২, যাকারিয়া।
মুফতি
মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ
জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা) ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল
ইসলামি উত্তরা ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল