মুহতারাম! সালমান সাভার বড় মসজিদে যোহর নামাজ পড়েছে। জামাতের সাথে। দুই রাকাতের সময় তার ওযু চলে গেল। সে দ্বিধায় পড়ে গেল, এখন কি করবে। এত বিশাল জামাত পার হয়ে কিভাবে যাবে? এভাবে ভাবতে ভাবতে ইমাম সাহেব সালাম ফিরিয়ে দিলেন। জানার বিষয় হল, এ অবস্থায় তার কি করা উচিত ছিল।

নিবেদক: মাহদী হাসান

الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ

শরয়ী দৃষ্টিতে নামাজের মধ্যে মুক্তাদির হদস সংঘটিত হলে, তার জন্য তৎক্ষণাৎ নামাজ ছেড়ে দিয়ে ওযু করার জন্য চলে যাওয়া আবশ্যক। এবং উক্ত নামাজের বিনা (তথা বাকি নামাজ আদায়) করা অথবা নতুন করে নামাজ শুরু করা আবশ্যক। অবশ্য জামাত বড় হওয়ার ক্ষেত্রে মুক্তাদী কাতার থেকে বের হওয়ার কারণে অন্যের নামাজ ভঙ্গ হওয়ার আশঙ্কা থাকলে নামাজ ছেড়ে নিজ স্থানে বসে থাকার অবকাশ রয়েছে।

সুতরাং প্রশ্নোক্ত সুরতে সালমান মিয়ার জন্য উচিত ছিল তৎক্ষণাৎ নামাজ ছেড়ে দিয়ে ওযু করে বাকি নামাজ আদায় করা। তবে অজু করতে গেলে অন্যের নামাজ ভঙ্গের আশঙ্কা থাকলে, নামাজ ছেড়ে সেখানেই বসে থাকা। এবং নামাজ শেষে ওযু করার পর নতুন করে নামাজ আদায় করা।

ইবনে মাজাহ: ১/৪৬১, হাদিস নং ১২২১। ফাতাওয়ায়ে শামি: ২/৪২৩, মাকতাবাতুল আযহার। ফাতহুল কাদির: ১/৩৮৯, মাকতাবায়ে রশিদিয়া।


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা) ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল