আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।হুজুর, আমার একটি গুরুত্বপূর্ণ মাসআলা আছে। অনুগ্রহ করে হানাফি মাযহাব অনুযায়ী বিষয়টি যাচাই করে ফতোয়া দিলে উপকৃত হব।প্রথম স্বামী ও স্ত্রীর মধ্যে ঝগড়ার সময় স্বামী এক বসায় পরপর স্পষ্টভাবে বলেন, “এক তালাক, দুই তালাক, তিন তালাক।” অর্থাৎ একই বৈঠকে তিন তালাক দেন। এর আগে স্ত্রীকে কোনো তালাক দেওয়া হয়নি। এরপর তাদের বিচ্ছেদ হয়ে যায়। বিচ্ছেদের পর প্রথম স্বামী তার স্ত্রীকে পুনরায় সংসারে ফিরিয়ে নিতে চান। তিনি স্ত্রীকে বলেন, “তুমি আহলে হাদিস অনুসরণ করে আমার কাছে আসো, তাহলে আমরা আবার বিয়ে করে সংসার করব।”স্ত্রী উত্তরে বলেন, “না, আমি হানাফি মাযহাব অনুসরণ করেই আসব।”তখন প্রথম স্বামী বলেন, “তোমার ইচ্ছা।”এরপর প্রথম স্বামী স্ত্রীকে সরাসরি জিজ্ঞেস করেন, “তুমি দ্বিতীয় বিয়েটা কী জন্য করবে? আমার কাছে হালাল হয়ে আসার জন্য?”স্ত্রী উত্তর দেন, “হ্যাঁ।”অর্থাৎ প্রথম স্বামী জানতেন যে স্ত্রী দ্বিতীয় একজন পুরুষকে বিয়ে করার পর, সেই বিবাহ শেষ হলে তার কাছে ফিরে আসতে চান। তবে প্রথম স্বামী দ্বিতীয় স্বামীকে নিজে নির্বাচন করেননি, দ্বিতীয় স্বামীর সঙ্গে কোনো যোগাযোগ বা চুক্তি করেননি এবং দ্বিতীয় স্বামীকে তালাক দেওয়ার কোনো শর্তও দেননি।এরপর স্ত্রী দ্বিতীয় একজন পুরুষকে বিয়ে করেন। দ্বিতীয় স্বামীকে তিনি তার প্রথম স্বামীর কাছে ভবিষ্যতে ফিরে যাওয়ার ইচ্ছার কথা জানাননি। দ্বিতীয় বিবাহের আগে দ্বিতীয় স্বামীর সঙ্গে এমন কোনো চুক্তি বা শর্তও ছিল না যে পরে তাকে তালাক দিতে হবে। তবে দ্বিতীয় বিয়ের সময় স্ত্রী কাবিননামার ১৮ নম্বর ধারায় নিজের জন্য তাফওয়ীযে তালাকের ক্ষমতা চান এবং দ্বিতীয় স্বামী সেই ক্ষমতা দিতে সম্মত হন। পরবর্তীতে স্ত্রী সেই অর্পিত ক্ষমতা ব্যবহার করে বিবাহ বিচ্ছেদ করেন, ইদ্দত পালন করেন এবং এরপর প্রথম স্বামীকে পুনরায় বিয়ে করেন।


-الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ

     ইসলামিক শরিয়াহ মোতাবেক,  গ্রহণযোগ্য মতানুযায়ী, স্বামী যদি এক বৈঠকে স্পষ্টভাবে স্ত্রীকে এক তালাক, দুই তালাক, তিন তালাক  বলে তিন তালাক প্রদান করেন এবং স্ত্রী পূর্বে তালাকপ্রাপ্তা না হয়ে থাকেন, তাহলে তিন তালাকই সংঘটিত হয়ে তালাক-এ-মুগাল্লাযাহ সম্পন্ন হয়। ফলে প্রথম স্বামী-স্ত্রীর বৈবাহিক সম্পর্ক সম্পূর্ণরূপে শেষ হয়ে যায় ।

       আপনার বর্ণিত ঘটনায় প্রথম স্বামী, দ্বিতীয় বিবাহের ব্যাপারে জানতেন এবং স্ত্রীকে জিজ্ঞাসা করেছিলেন, তুমি দ্বিতীয় বিয়েটা কী জন্য করবে? আমার কাছে হালাল হয়ে আসার জন্য? স্ত্রী- হ্যাঁ - বলেছেন। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো দ্বিতীয় স্বামীকে প্রথম স্বামী নির্বাচন করেননি, দ্বিতীয় স্বামীর সঙ্গে কোনো যোগাযোগ বা চুক্তি করেননি এবং দ্বিতীয় স্বামীকে তালাক দেওয়ার কোনো শর্তও দেওয়া হয়নি। ফলে শুধু এ কারণে যে প্রথম স্বামী বা স্ত্রী মনে মনে পূর্বের স্বামীর কাছে ফিরে আসার উদ্দেশ্য রাখে, দ্বিতীয় নিকাহ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায় না। এবং প্রথম স্বামীর এতে কোন গুনাহ হবে না। বিশেষত যখন দ্বিতীয় স্বামীর সঙ্গে প্রথম স্বামীর তালাকের কোনো পূর্বচুক্তি বা শর্ত ছিল না।  সুতরাং এতে শরয়ী কোনো সমস্যা নেই।আর দ্বিতীয় স্বামী  নিকাহের সময় তিনি কাবিননামার ১৮ নম্বর ধারার মাধ্যমে স্ত্রীকে তাফওয়ীযে তালাকের অধিকার প্রদান করেছেন এবং স্ত্রী পরবর্তীতে সেই অর্পিত ক্ষমতা ব্যবহার করে বিবাহ বিচ্ছেদ করেছেন। যদি উক্ত তাফওয়ীয শরিয়ত সম্মতভাবে প্রদান করা হয়ে থাকে এবং স্ত্রী তার ভিত্তিতে বৈধভাবে তালাক কার্যকর করে থাকেন, তাহলে দ্বিতীয় বিবাহের বিচ্ছেদ সংঘটিত হয়েছে বলে গণ্য হবে।এরপর দ্বিতীয় স্বামীর তালাকের পর প্রয়োজনীয় ইদ্দত সম্পন্ন হওয়ার পর প্রথম স্বামীর সঙ্গে নতুন করে নিকাহ করা হলে উল্লিখিত তথ্য অনুযায়ী সেই নিকাহ বিশুদ্ধ মতের আলোকে সহীহ । তবে দ্বিতীয় বিবাহে বাস্তবে স্বামী-স্ত্রীর মধ্যে সহবাস শর্ত অন্যথায় নয়।

অতএব: প্রশ্নে বর্ণিত তথ্য যদি সম্পূর্ণ সঠিক হয় এবং দ্বিতীয় স্বামীর সঙ্গে পূর্ব থেকেই তালাকের কোনো চুক্তি, শর্ত বা সমঝোতা না থাকে, তাহলে শুধু প্রথম স্বামী জানতেন যে স্ত্রী ভবিষ্যতে তার কাছে ফিরে আসতে চান এই কারণে দ্বিতীয় নিকাহ বাতিল হবে না। দ্বিতীয় স্বামীর প্রদত্ত তাফওয়ীযে তালাক যথাযথভাবে কার্যকর হয়ে থাকে এবং তার পর ইদ্দতও পূর্ণ হয়ে থাকে, তাহলে প্রথম স্বামীর সঙ্গে পরবর্তী নতুন নিকাহকে  বৈধ বলা হবে।

الأدلة الشرعية

سورة البقرة (٢٣٠)

     فان طلقها فلا تحل له من بعد حتى تنكح زوجا غيره

السنن الترمذي ١١٢٠

    عن ابي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال لعن الله المحلل والمحلل له

صحيح البخاري ٥٣١٧

      عن عائشة رضي الله تعالى عنها أنَّ رِفاعةَ القُرَظيَّ تَزَوَّجَ امرَأةً ثُمَّ طَلَّقَها، فتَزَوَّجَت آخَرَ، فأتَتِ النَّبيَّ ﷺفذَكَرَت له أنَّه لا يَأتيها، وأنَّه ليس معهُ إلّا مِثلُ هُدبةٍ، فقال: لا، حتّى تَذوقي عُسَيلَتَه ويَذوقَ عُسَيلَتَكِ.

البناية في شرح الهداية ٥/٢٥٩

      (واذا تزوج بشرط التحليل) بان قال تزوجتك على ان احللك او قالت هي ذلك (فالنكاح مكروه لقوله عليه السلام) لعن الله المحلل والمحلل له

الهداية ٢/٥٦٧

     والنكاح المؤقت باطل مثل ان يتزوج امراة بشهادة شاهدين عشرة ايام وفي البناية وهو قول عامة الفقهاء

و الله اعلم بالصواب


উত্তর প্রদানে

মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা