মুহতারাম! সমাজে কিছু কিছু মানুষ বলে থাকেন, কুরআন ও হাদীস নব আবিষ্কৃত গ্রন্থ। নবীর যামানায় এগুলো ছিল না। মানুষ এগুলো তৈরি করেছে এবং এর মধ্যে ভুল-ভ্রান্তিও আছে। আবার তারা এটাও বলে থাকেন, কুরআন মূলত ৯০ পারা ছিল। সেগুলো থেকে ৩০ পারাকে বাছাই করা হয়েছে। জানার বিষয় হলো, কুরআন কি সত্যিই নব আবিষ্কৃত গ্রন্থ? এবং কুরআনের ব্যাপারে এমন মন্তব্য করার কারণে কি তারা কাফের হয়ে যাবে?

নিবেদক: মোঃ শরীফুল ইসলাম (কুষ্টিয়া)

الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ

ইসলামি আকীদা মতে, আমাদের নিকট অকাট্যভাবে প্রমাণিত ত্রিশপারা কোরআনই মূল ও পরিপূর্ণ কোরআন এবং তা কেয়ামত অবধি হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা নিজেই নিয়েছেন, যা অকাট্য প্রামাণ্য বিষয়। বিধায় এর বিপরীত আকীদা পোষণকারী পথভ্রষ্ট ও ঈমানচ্যুত বলে গণ্য হবে।

অতএব, কোরআন নব আবিষ্কৃত গ্রন্থ নয়, বরং বাস্তবেই যারা জেনে-বুঝে এমন আকীদা পোষণ করে, “কুরআন নব আবিষ্কৃত গ্রন্থ”, “এর মধ্যে ভুল-ভ্রান্তি আছে”, “কুরআন মূলত ৯০ পারা ছিল, সেগুলো থেকে ত্রিশ পারাকে বাছাই করা হয়েছে” মর্মে বক্তব্য প্রদান করে, তারা ঈমানচ্যুত হয়ে যাবে। নতুনভাবে ঈমান নবায়ন করা ফরজ।

সূত্র: আল-কোরআনুল কারীম (সূরাতুল হিজর: ৯; সূরা হা-মীম সাজদা: ৪২); তাফসীরে ইবনে কাসীর২/৬৮২, দারুল হাদিস কাহেরা; আহসানুল ফাতাওয়া, ১/৯৫, জাকারিয়া; রদ্দুল মুহতার, ৯/৫৬৯, জাকারিয়া।

 

মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ ,শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা ) ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুফতি,ফাতাওয়া ও মাসায়েল