প্রশ্নঃ বর্তমান সময়ে বিবাহের ক্ষেত্রে মোহরে ফাতেমী কত টাকা? আর যে মোহরানা মোহরে ফাতেমী হিসেবে গণ্য হবে, তার সাথে হবু স্ত্রীর স্বর্ণ-গয়নার বিল বন্টন কী হতে পারে? জানতে চাই।

– নেয়ামাতুল্লাহ

الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ

       ইসলামিক শরিয়াহ মোতাবেক মোহরে ফাতেমীর পরিমাণ হলো পাঁচশত দিরহাম। দিরহাম মূলত রৌপ্যমুদ্রা। প্রচলিত হিসাবে পাঁচশত দিরহাম প্রায় ১৩১.২৫ ভরি বা ১.৫৩০৯ কিলোগ্রাম রূপার সমপরিমাণ। তবে কোনো কোনো আলেমের হিসাব অনুযায়ী পাঁচশত দিরহাম ১৫০ ভরি রূপার সমপরিমাণ।

রূপার বাজারমূল্য প্রতিনিয়ত ওঠানামা করে। তাই মোহরে ফাতেমীর পরিমাণ টাকায় নির্ধারণ করতে হলে, বিবাহের সময় পাঁচশত দিরহাম পরিমাণ রূপার সেদিনের বাজারমূল্য হিসাব করে টাকার অঙ্ক নির্ধারণ করতে হবে। এটিই হবে সে সময়ের মোহরে ফাতেমীর টাকার পরিমাণ। তবে কেউ চাইলে টাকার পরিবর্তে সরাসরি পাঁচশত দিরহাম পরিমাণ রূপাও মোহর হিসেবে প্রদান করতে পারেন। স্ত্রীর মোহর সম্পদ দ্বারা আদায় করতে হয়। আল্লাহ তাআলা ইরশাদ করেন—

وَأُحِلَّ لَكُمْ مَا وَرَاءَ ذَٰلِكُمْ أَنْ تَبْتَغُوا بِأَمْوَالِكُمْ مُحْصِنِينَ غَيْرَ مُسَافِحِينَ فَمَا اسْتَمْتَعْتُمْ بِهِ مِنْهُنَّ فَآتُوهُنَّ أُجُورَهُنَّ فَرِيضَةً وَلَا جُنَاحَ عَلَيْكُمْ فِيمَا تَرَاضَيْتُمْ بِهِ مِنْ بَعْدِ الْفَرِيضَةِ إِنَّ اللَّهَ كَانَ عَلِيمًا حَكِيمًا(—সূরা আন-নিসা, ৪:২৪)

অতএব: মোহর টাকা-পয়সা দ্বারা যেমন আদায় করা যায়, তেমনি স্বর্ণ, রৌপ্য কিংবা স্বর্ণের গয়নাও মোহর হিসেবে প্রদান করা যায়। তবে গয়না দেওয়ার সময় সেটিকে মোহর হিসেবে প্রদানের নিয়ত থাকতে হবে। এ ক্ষেত্রে গয়নার মূল্য মোহরের মোট অঙ্কের সঙ্গে সমন্বয় করা হবে। অর্থাৎ, গয়নার মূল্য যদি নির্ধারিত মোহরের সম্পূর্ণ অঙ্কের সমান হয়, তাহলে মোহর সম্পূর্ণ আদায় হয়ে যাবে। আর গয়নার মূল্য মোহরের অঙ্কের চেয়ে কম হলে, অবশিষ্ট অংশও পরিশোধ করতে হবে।

      সুতরাং, মোহরে ফাতেমী নির্ধারণের ক্ষেত্রে পাঁচশত দিরহাম পরিমাণ রূপার মূল্য বিবেচনা করে মোহরের অঙ্ক নির্ধারণ করা উত্তম। আর মোহর হিসেবে স্বর্ণের গয়না প্রদান করতে চাইলে, তার মূল্য নির্ধারিত মোহরের অঙ্কের সঙ্গে সমন্বয় করে অবশিষ্ট মোহর পরিশোধ করতে হবে।

-আহকামুল কুরআন, জাসসাস: ৩/৮৬; বাদায়েউস সানায়ে’: ২/২৭৬; ফাতহুল কাদির: ৩/৩৮১; ফতোয়া শামি: ৩/১৫১: জাওয়াহিরুল ফিকহ: ৩/৪১০


উত্তর প্রদানে

মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা