মুহতারাম! জনৈক ব্যক্তি বলে থাকেন যে, ১২ই রবিউল আউয়ালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন। যারা তা পালন করবে না, তারা কাফের। কেননা যারা নবীর জন্মদিন পালন করে না, তারা যেন নবীর জন্মকে অস্বীকার করে। জানার বিষয় হলো, তার বক্তব্য কতটুকু শরিয়তসম্মত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করার শরয়ী বিধান কী? বিস্তারিত জানাবেন।

নিবেদক—মোঃ সালমান, কুমিল্লা

الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ

শরয়ী দৃষ্টিতে দ্বীনের অকাট্য, প্রামাণ্য কোনো বিষয়কে অস্বীকার করলে কেবল ঈমান নষ্ট হয়। অন্যথায় নয়। আর বারই রবিউল আউয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করার বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে-তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদীন এবং গ্রহণযোগ্য আকাবিরে উম্মাহ থেকে প্রমাণিত নয়। ফলে বর্তমানে প্রচলিত ১২ই রবিউল আউয়ালে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করা, যাতে সমূহ শরিয়তবিরোধী কর্মকাণ্ড বিদ্যমান থাকে, তাই তা বিদআত হিসেবে গণ্য।

ফলে জনৈক ব্যক্তির কথা সম্পূর্ণ অবান্তর ও অজ্ঞতার পরিচায়ক। অবশ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সীরাত তথা জীবনবৃত্তান্ত আলোচনা করা একটি মুস্তাহাব আমল ও ভালো কাজ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার বহিঃপ্রকাশ।

সূত্র: মুসলিম—১৭১৮; আকীদুল ইসলামিয়া—১/৩১১, দারুস সালাম; তানভীর—৬/৩৫৩, আযহার; ফতোয়ায়ে রশিদিয়া—১৫৪, ইদারা সাদায়ে দেওবন্দ।

 

মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ ,শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা ) ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুফতি,ফাতাওয়া ও মাসায়েল