বিবাহ মানুষের জীবনের নিছক একটি সামাজিক অনুষ্ঠান নয়; এটি দায়িত্ব, অধিকার, বিশ্বাস ও পারস্পরিক সম্মানের এক গুরুত্বপূর্ণ অঙ্গীকার। অথচ এই অঙ্গীকারের লিখিত দলিল “কাবিননামা” সম্পর্কে আমাদের সমাজে সচেতনতার যথেষ্ট অভাব রয়েছে। বিশেষত কাবিননামার ১৮ নম্বর ধারা অনেকেই না বুঝে পূরণ করেন এবং পরে এর পরিণতি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। কেউ কেউ তো জানেনই না যে, কাবিননামায় এমন একটি ধারা রয়েছে, যার মাধ্যমে নির্দিষ্ট শর্তে স্ত্রীকে নিজের ওপর তালাক গ্রহণের ক্ষমতা দেওয়া হতে পারে।

অভিজ্ঞতায় দেখা যায়, কোনো কোনো কাবিননামায় ১৮ নম্বর ধারার ঘর সম্পূর্ণ ফাঁকা, কোথাও শুধু ‘হ্যাঁ’ লেখা, কোথাও আবার দায়সারাভাবে লেখা ‘হ্যাঁ, বনিবনা না হলে’। এমনকি কোনো কোনো ক্ষেত্রে স্ত্রীকে ‘তিন তালাক গ্রহণের ক্ষমতা’ দেওয়ার কথাও লেখা হয়েছে। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, অনেক বর এসব শর্ত সম্পর্কে না জেনেই স্বাক্ষর করে দেন।কখনো কখনো কাজি সাহেব বরকে বিষয়টি যথাযথভাবে না বুঝিয়েই কাবিননামার গুরুত্বপূর্ণ ঘরে দায়সারাভাবে গদবাধা কিছু কথা লিখে দেন এবং শুধু স্বাক্ষর নিয়েই দায়িত্ব শেষ করেন। এ ধরনের অসতর্কতা কেবল দায়িত্ব পালনে শৈথিল্য নয়; বরং এর প্রভাব ভবিষ্যৎ দাম্পত্য জীবনেও পড়তে পারে। তাই প্রত্যেক বর ও অভিভাবকের উচিত কাবিননামার প্রতিটি গুরুত্বপূর্ণ ধারা, বিশেষত ১৮ নম্বর ধারা, অত্যন্ত সতর্কতার সঙ্গে যাচাই করে তারপর স্বাক্ষর করা।

 

প্রিয় ভাই! বিবাহ তোমার জীবনের নিছক একটি সামাজিক আনুষ্ঠানিকতা নয়; এটি বিশ্বাস, দায়িত্ব, অধিকার ও পারস্পরিক সম্মানের এক পবিত্র অঙ্গীকার। অথচ সেই অঙ্গীকারের লিখিত “দলিল” “কাবিননামা” অনেকের কাছে আজও কেবল একটি আনুষ্ঠানিক কাগজ। নীরব এই দলিলের প্রতিটি পাতায়, প্রতিটি ধারায় লিপিবদ্ধ থাকে দুটি মানুষের ভবিষ্যৎ, পারস্পরিক অধিকার ও দায়িত্বের গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা। কিন্তু অজ্ঞতা ও অবহেলার কারণে যে দলিলটি সচেতনতার সঙ্গে পাঠ ও বোঝার কথা, সেটিই অনেক সময় অপঠিত অবস্থায় থেকে যায়।

বিশেষত কাবিননামার ১৮ নম্বর ধারা দাম্পত্য জীবনের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নির্দিষ্ট শর্তে স্বামী কর্তৃক স্ত্রীকে তালাক গ্রহণের ক্ষমতা অর্পণের সঙ্গে সম্পর্কিত এই ধারা প্রয়োজনের সময়ে একটি গুরুত্বপূর্ণ শরয়ী সুযোগ সৃষ্টি করতে পারে; আবার অজ্ঞতা, অসতর্কতা কিংবা ভুলভাবে পূরণের কারণে তা অনাকাঙ্ক্ষিত জটিলতারও কারণ হতে পারে।

এই আলোচনার উদ্দেশ্য কোনো ব্যক্তি বা শ্রেণিকে অভিযুক্ত করা নয়; বরং দীর্ঘদিনের অজ্ঞতা ও অসতর্কতার জায়গায় সচেতনতার আলো পৌঁছে দেওয়া। কাবিননামার ১৮ নম্বর ধারার গুরুত্ব, এর সঠিক ব্যবহার এবং ভুল প্রয়োগের সম্ভাব্য পরিণতি সম্পর্কে বর, কনে, অভিভাবক ও সংশ্লিষ্টদের সচেতন করাই এর মূল লক্ষ্য। কারণ একটি গুরুত্বপূর্ণ দলিলে স্বাক্ষর করার আগে সামান্য সচেতনতাও কখনো একটি পরিবারকে অনাকাঙ্ক্ষিত বিপর্যয় থেকে রক্ষা করতে পারে।

 

 

তালাকের অধিকার  পুরুষের হাতে ন্যস্ত করার যথার্থতাও স্পষ্ট হচ্ছে। ইসলামী বিধানে তালাকের অধিকার পুরুষের হাতে ন্যস্ত করার পাশাপাশি পুরুষকে যে সকল গুণের অধিকারী হওয়ার এবং স্ত্রী ও পরিবার পরিচালনায় যে নীতি ও বিধান অনুসরণের নির্দেশ দেয়া হয়েছে তা পালনের মাধ্যমে কাক্সিক্ষত সুফল পাওয়া সম্ভব। ইসলাম স্ত্রীদেরকে ‘খোলা‘আ’র অধিকার দিয়েছে এবং স্বামী থেকে পাওয়া অধিকার বলে তালাকেরও ক্ষমতা দিয়েছে, যা আমাদের দেশের কাবিননামার ১৮ নং ধারায় উল্লেখ থাকে। সে ধারার গলদ ব্যবহার করেই নারীগণ পুরুষের চেয়ে ৩ গুণ বেশি তালাকের পথে হাঁটছে। এর থেকেই অনুমান করা যায় যে, যদি তারা সরাসরি তালাকের ক্ষমতা পেত তবে পরিস্থিতি আরো কত ভয়াবহ হত। 

এখানে এ বিষয়টিও পরিষ্কার হওয়া চাই যে, ইসলামী শরীয়তে অতীব প্রয়োজনের ক্ষেত্রে তালাকের অবকাশ রয়েছে, কিন্তু বিষয়টি পছন্দনীয় নয়। সুনানে ইবনে মাজাহ্য় আবদুল্লাহ ইবনে ওমর রা. থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী বর্ণিত হয়েছে যে-

أَبْغَضُ الْحَلَالِ إِلَى اللّهِ الطّلَاقُ.

আল্লাহর কাছে সবচেয়ে অপ্রিয় হালাল হচ্ছে তালাক। -সুনানে ইবনে মাজাহ, হাদীস ২০১৮

সুনানে আবু দাউদে মুহারিব ইবনে দিছার রা.-এর সূত্রে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ বর্ণিত হয়েছে-

مَا أَحَلّ اللّهُ شَيْئًا أَبْغَضَ إِلَيْهِ مِنَ الطّلَاقِ.

আল্লাহ তাআলা তাঁর কাছে তালাকের চেয়ে অপ্রিয় কোনো কিছু হালাল করেননি। -সুনানে আবু দাউদ, হাদীস ২১৭৭

কাজেই তালাকের ব্যাপারে সতর্ক হওয়া প্রয়োজন। নারী-পুরুষ উভয়ের কর্তব্য তালাক থেকে দূরে থাকা। তালাক দেয়ার ক্ষমতা যেহেতু পুরুষের তাই পুরুষকে এই ক্ষমতা প্রয়োগের ব্যাপারে খুবই সংযমী হতে হবে। অন্যদিকে নারীর ব্যাপারে হাদীস শরীফে বলা হয়েছে-

أَيّمَا امْرَأَةٍ سَأَلَتْ زَوْجَهَا الطّلَاقَ فِي غَيْرِ مَا بَأْسٍ فَحَرَامٌ عَلَيْهَا رَائِحَةُ الْجَنّةِ.

যে নারী তার স্বামীর কাছে বিনাকারণে তালাক প্রার্থনা করে তার জন্য জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত হারাম। -সুনানে ইবনে মাজাহ, হাদীস ২০৫৫

সম্প্রতি পরকীয়ার যে বিস্তার এতে যেমন পুরুষের অপরাধ আছে তেমনি আছে নারীরও। দেখা যাচ্ছে যে, এক নারীর দ্বারাই অন্য নারীর সংসার ভাঙছে। এক্ষেত্রে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী খুবই প্রাসঙ্গিক। জামে তিরমিযীতে হযরত আবু হুরায়রা রা.-এর সূত্রে বর্ণিত হয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-

لاَ تَسْأَلِ الْمَرْأَةُ طَلاَقَ أُخْتِهَا لِتَكْفِئَ مَا فِي إِنَائِهَا.

কোনো নারী যেন তার বোনের (অপর নারীর) হিস্যা নিজের পাত্রে উপুড় করে নেয়ার জন্য তালাকের ফরমায়েশ না করে। -জামে তিরমিযী, হাদীস ১১৯০

প্রত্যেকের কর্তব্য, নিজের পাতে যা আছে তাতেই সন্তুষ্ট থাকা। অন্যের পাতে যা আছে তা-ও নিজের পাতে নিয়ে নেওয়ার মতো লোভী মানসিকতা কোনো ভদ্র মানুষের হতে পারে না। উপরন্তু যখন ঐ নারীটিও একজন নারী, একজন মুসলিম, দ্বীনী বোন।

 

 

তালাকে তাফওয়ীয: অসহনীয় দাম্পত্য সময়ে একটি শরয়ী সুযোগ

কাবিননামার ১৮ নম্বর ধারায় মূলত স্বামী কর্তৃক স্ত্রীকে নির্দিষ্ট শর্তে তালাক গ্রহণের ক্ষমতা অর্পণের বিষয়টি উল্লেখ করা হয়। ইসলামী ফিকহের পরিভাষায় একে বলা হয়‘তালাকে তাফওয়ীয’।

দাম্পত্য জীবনে কখনো এমন পরিস্থিতি তৈরি হতে পারে, যখন স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক এতটাই তিক্ত হয়ে যায় যে, একসঙ্গে বসবাস করা অত্যন্ত কষ্টকর হয়ে পড়ে। শরিয়ত স্বামীকে তালাকের অধিকার দিয়েছে; কিন্তু স্বামী যেন স্ত্রীকে জুলুম-নির্যাতনের মধ্যে আটকে রাখতে না পারে এবং তাকে অসহনীয় দাম্পত্য থেকে বের হওয়ার একটি বৈধ পথও যেন থাকে, এই বিবেচনায় স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে নিজের ওপর তালাক গ্রহণের ক্ষমতা দেওয়ার সুযোগ রয়েছে।

অতএব,বিবাহের সময় পারস্পরিক সমঝোতার ভিত্তিতে স্ত্রীকে এ ক্ষমতা প্রদান করা শরয়ী নীতির সঙ্গে সাংঘর্ষিক নয়। বরং প্রয়োজনের ক্ষেত্রে এটি একটি কার্যকর ব্যবস্থা হতে পারে। তবে এই ক্ষমতা কীভাবে, কতটুকু এবং কোন শর্তে প্রয়োগ করা হবে, এ বিষয়টিই অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

সমস্যার মূল: ক্ষমতা নয়, বরং ভুল পদ্ধতি

তালাকে তাফওয়ীযের উদ্দেশ্য স্ত্রীকে সামান্য রাগ, অভিমান বা ক্ষণিকের বিরোধে বিবাহ ভেঙে দেওয়ার সুযোগ করে দেওয়া নয়। আবার এমন ব্যবস্থাও কাম্য নয়, যার কারণে স্বামী জুলুম করেও স্ত্রীকে দাম্পত্যের বন্ধনে আটকে রাখতে পারে।

কিন্তু বাস্তবে ১৮ নম্বর ধারা পূরণে নানা ধরনের ভুল দেখা যায়। এর প্রধান কারণ হলো: তালাক ও বিবাহবিচ্ছেদের মাসআলা সম্পর্কে অজ্ঞতা, কাবিননামা পূরণে তাড়াহুড়ো এবং কাজি ও সংশ্লিষ্ট পক্ষের অসতর্কতা।

বিয়ের অনুষ্ঠানে সাধারণত সবাই আনন্দ-উৎসব নিয়ে ব্যস্ত থাকেন। বরও অনেক সময় লজ্জা ও সংকোচের কারণে চুপচাপ থাকেন। ফলে কাজি কাবিননামায় কী লিখছেন, বিশেষ করে ১৮ নম্বর ধারায় কী শর্ত বসানো হচ্ছে, তা তিনি ভালোভাবে খেয়াল করেন না। কখনো আবার কাজিরা প্রচলিত কোনো গদবাধা বাক্য ব্যবহার করে দায়িত্ব শেষ করেন। এভাবে একটি গুরুত্বপূর্ণ দলিল অনেক সময় যথাযথ চিন্তা ও পরামর্শ ছাড়াই পূরণ হয়ে যায়।

 

যে ভুলগুলো সবচেয়ে বেশি বিপজ্জনক

ক) তিন তালাকের ক্ষমতা অর্পণ

১৮ নম্বর ধারায় অনেক সময় “তিন তালাক গ্রহণের ক্ষমতা অর্পণ করা হলো” জাতীয় কথা লেখা হয়। এটি অত্যন্ত গুরুতর বিষয়। কারণ এক তালাকে বায়েন গ্রহণের ক্ষমতা অর্পণ করলেই এ ব্যবস্থার উদ্দেশ্য পূরণ হতে পারে; সেখানে তিন তালাকের ক্ষমতা দেওয়ার প্রয়োজন নেই।

এক তালাকে বায়েনের মাধ্যমে বৈবাহিক সম্পর্ক বিচ্ছিন্ন হয়। এরপর ইদ্দতের মধ্যে শুধু প্রত্যাবর্তনের মাধ্যমে সংসার পুনরুদ্ধার করা যায় না; পুনরায় একত্রে বসবাস করতে চাইলে ইদ্দত শেষ হওয়ার পর নতুন নিকাহ ও নতুন মোহর প্রয়োজন হয়। ফলে স্ত্রী যদি তাড়াহুড়ো করে তিন তালাক গ্রহণ করে বসেন, পরবর্তীতে স্বাভাবিকভাবে পুনর্মিলনের সুযোগও থাকে না।

তাই প্রয়োজনের ক্ষেত্রেসর্বোচ্চ এক তালাকে বায়েন গ্রহণের ক্ষমতাঅর্পণ করাই অধিক ভারসাম্যপূর্ণ পদ্ধতি।

 

খ) “বনিবনা না হলে” এমন অস্পষ্ট শর্ত

১৮ নম্বর ধারায় ‘কী কী শর্তে’ ক্ষমতা দেওয়া হলো, এ কথাটির গুরুত্ব অনেক। কিন্তু বাস্তবে অনেক সময় শুধু লেখা হয়“বনিবনা না হলে স্ত্রী তালাক গ্রহণ করতে পারবে”।

শর্তটি অত্যন্ত ব্যাপক ও হালকা। কারণ দাম্পত্য জীবনে সাময়িক মনোমালিন্য, অভিমান বা মতবিরোধ হতেই পারে। সুতরাং “বনিবনা না হলে” কথাটিকে তালাক গ্রহণের সুযোগ হিসেবে রাখলে সামান্য বিরোধও চূড়ান্ত বিচ্ছেদের কারণ হয়ে দাঁড়াতে পারে।

তাই শর্ত এমন হওয়া উচিত, যাতে একদিকে স্ত্রী প্রকৃত জুলুম বা অসহনীয় পরিস্থিতিতে প্রয়োজনীয় অধিকার থেকে বঞ্চিত না হন, অন্যদিকে সামান্য রাগ বা ক্ষণিকের বিরোধের কারণে দাম্পত্য জীবনও অযথা ভেঙে না যায়।

 

গ) স্ত্রীকে একেবারে নিরঙ্কুশ ক্ষমতা দেওয়া

স্ত্রীকে তালাক গ্রহণের ক্ষমতা দেওয়ার ক্ষেত্রে অভিভাবকদের বিচক্ষণ পরামর্শের সুযোগ রাখা কল্যাণকর। কারণ আবেগ ও উত্তেজনার মুহূর্তে নেওয়া সিদ্ধান্ত অনেক সময় পরে অনুতাপের কারণ হতে পারে।

এ প্রসঙ্গে রাসূলুল্লাহ ﷺ হযরত আয়েশা (রা.)-কে বিচ্ছেদের বিষয়ে তাড়াহুড়ো না করে পিতা-মাতার সঙ্গে পরামর্শ করতে বলেছিলেন:

إنِّي ذاكِرٌ لَكِ أمرًا، فلا عليكِ أن لا تستعجلي حتى تستأمري أبويكِ

“আমি তোমাকে একটি বিষয় জানাচ্ছি। তাই তুমি তাড়াহুড়ো না করে তোমার পিতা-মাতার সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেবে।”(সহিহ মুসলিম: ১৪৭৫)

এ থেকে বোঝা যায়, বিচ্ছেদের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে অভিভাবকদের পরামর্শের সুযোগ রাখা প্রজ্ঞার পরিচায়ক।

ঘ) আগে স্বাক্ষর, পরে ১৮ নম্বর ধারা পূরণ

আরেকটি গুরুতর ভুল হলোকাবিননামার বিভিন্ন ধারা পূরণের আগেই বর-কনের কাছ থেকে সাদা ফরমে স্বাক্ষর নিয়ে নেওয়া। এরপর কাজি নিজের মতো করে ১৮ নম্বর ধারাসহ অন্যান্য অংশ পূরণ করেন।

এভাবে গুরুত্বপূর্ণ শর্তগুলো পূরণের আগেই স্বাক্ষর নেওয়া মোটেও নিরাপদ পদ্ধতি নয়। বিশেষত ১৮ নম্বর ধারায় কী লেখা হচ্ছে, তা বরকে জানিয়ে এবং তার সম্মতি ও স্বাক্ষর গ্রহণ করেই দলিল সম্পন্ন করা উচিত।

ঙ) স্ত্রী ‘স্বামীকে তালাক দিলাম’ বলবেএ ধারণা ভুল

তালাকের ভাষা নিয়েও বড় ধরনের ভুল দেখা যায়। স্বামীর দেওয়া ক্ষমতার ভিত্তিতে স্ত্রী যখন তালাক গ্রহণ করবেন, তখন ‘আমি আমার স্বামীকে তালাক দিলাম’ এভাবে বলা বা লেখা সঠিক পদ্ধতি নয়।

কারণ স্বামী কর্তৃক স্ত্রীকে দেওয়া তাফওয়ীযের অর্থ এই নয় যে, স্ত্রী স্বামীকে তালাক দেওয়ার অধিকারী হয়ে গেলেন। বরং তিনি স্বামীর দেওয়া ক্ষমতাবলেনিজের ওপর তালাক গ্রহণকরবেন।

তাই শর্ত পূরণ হওয়ার পর বিচ্ছেদের সিদ্ধান্ত চূড়ান্ত হলে ভাষাটি এমন হতে পারে

“আমি কাবিননামার ১৮ নম্বর ধারায় স্বামী কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে নিজ সত্তার ওপর এক তালাকে বায়েন গ্রহণ করলাম।”

এখানে কাবিননামার প্রচলিত ভাষ্য নিয়েও সতর্ক হওয়া দরকার। ‘স্বামী স্ত্রীকে তালাক প্রদানের ক্ষমতা অর্পণ করিয়াছে কি না’ এ ধরনের ভাষা ভুল ধারণার জন্ম দিতে পারে। এর পরিবর্তে ‘স্বামী স্ত্রীকে নিজ সত্তার ওপর তালাক গ্রহণের ক্ষমতা অর্পণ করিয়াছে কি না’ এভাবে লেখা অধিক স্পষ্ট।

চ) শুধু ‘হ্যাঁ’ লেখা

১৮ নম্বর ঘরে শুধু ‘হ্যাঁ’ লিখে দেওয়া আরেকটি বড় অসতর্কতা। এতে ক্ষমতাটি কী শর্তে দেওয়া হলো, তার কোনো সুস্পষ্টতা থাকে না। ফলে স্ত্রীকে কার্যত ব্যাপক বা নিঃশর্ত ক্ষমতা দেওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে।

তাই শুধু ‘হ্যাঁ’ না লিখে কী ক্ষমতা, কতটুকু ক্ষমতা এবং কোন পরিস্থিতিতে তা প্রয়োগ করা যাবেএসব বিষয় স্পষ্টভাবে উল্লেখ করা প্রয়োজন।

ছ) ধারাটি একেবারে ফাঁকা রাখা

আবার কেউ কেউ ১৮ নম্বর ধারা সম্পূর্ণ ফাঁকা রেখে দেন। এটিও যথাযথ নয়। কারণ কোনো স্ত্রী যদি এমন পরিস্থিতিতে পড়েন, যেখানে শরয়ী ও আইনগতভাবে বিচ্ছেদের অন্য কোনো কার্যকর পথ অবশিষ্ট নেই, তখন স্বামীর পক্ষ থেকে তাফওয়ীয না থাকলে নিজের ওপর তালাক গ্রহণের সুযোগও নাও থাকতে পারে।

স্বামীর জুলুম, প্রতারণা বা অসহনীয় আচরণের কারণে কোনো কোনো ক্ষেত্রে স্ত্রী বিচ্ছেদের প্রয়োজন অনুভব করতে পারেন। এই প্রয়োজনের কথা বিবেচনা করেই তাফওয়ীযের ব্যবস্থা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তাই ধারাটি ফাঁকা না রেখে সুচিন্তিতভাবে পূরণ করা উচিত।

বিয়ের আগে কাবিননামা পূরণ: আরেক বিপজ্জনক প্রবণতা

কিছু ক্ষেত্রে দেখা যায়, বিবাহের বহু আগেই কাবিননামা পূরণ করে রাখা হয়। আবার কখনো ইজাব-কবুল সম্পন্ন হওয়ার আগেই সময়ের অজুহাতে কাজি ফরম পূরণ করে বর-কনে ও সাক্ষীদের স্বাক্ষর নিয়ে নেন।

এটি অত্যন্ত অসতর্ক পদ্ধতি। কাবিননামা বিবাহ নিবন্ধনের দলিল; তাই বিবাহ সম্পন্ন হওয়ার পরই তা যথাযথভাবে পূরণ করা উচিত। বিবাহের আগে ফরম পূরণ করলে সেখানে এমন তথ্যও লিপিবদ্ধ হতে পারে, যা তখনও বাস্তবে সংঘটিত হয়নি। বিশেষত ১৮ নম্বর ধারার তাফওয়ীযও বিবাহের পূর্বে কার্যকরভাবে প্রয়োগযোগ্য নয়।

আর কেবল কাবিননামা পূরণ করাকেই বিবাহ মনে করা ভুল। বিবাহের জন্য শরয়ীভাবে প্রয়োজনীয় ইজাব-কবুল সম্পন্ন হওয়া অপরিহার্য।

সঠিক পদ্ধতি কী?

কাবিননামা পূরণের ক্ষেত্রে কয়েকটি বিষয় বিশেষভাবে লক্ষ্য রাখা উচিত

১.যদি দিতেই হয়, ১৮ নম্বর ধারায় সর্বোচ্চ এক তালাকে বায়েন গ্রহণের ক্ষমতাঅর্পণ করা।

২. ক্ষমতাটিসুস্পষ্ট ও ভারসাম্যপূর্ণ শর্তের সঙ্গেযুক্ত করা; ‘বনিবনা না হলে’ জাতীয় অস্পষ্ট শর্ত এড়িয়ে চলা।

৩. স্বামী-স্ত্রীর বিরোধ চূড়ান্ত পর্যায়ে পৌঁছলে উভয় পক্ষের অন্তত একজন করে বিজ্ঞ অভিভাবক অথবা নির্ভরযোগ্য ফতোয়া বিভাগের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণের সুযোগ রাখা।

৪. কাবিননামার সব ধারা, বিশেষ করে ১৮ নম্বর ধারাপূর্ণ করার পরই বরের স্বাক্ষরনেওয়া।

৫. কাজির তৈরি কোনো গদবাধা ভাষ্য অন্ধভাবে গ্রহণ না করে বর-কনের স্বার্থ ও সম্মতির ভিত্তিতে বিষয়টি নির্ধারণ করা।

৬. সম্ভব হলে বিয়ের মজলিসের আগেই উভয় পক্ষের অভিভাবকরা ১৮ নম্বর ধারার বিষয়টি আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। পরে বিবাহ সম্পন্ন হওয়ার পর সেই সিদ্ধান্ত অনুযায়ী কাবিননামা পূরণ করা হবে।

একটি ভারসাম্যপূর্ণ নমুনা

উপরোক্ত বিষয়গুলো বিবেচনায় নিয়ে ১৮ নম্বর ধারার একটি প্রস্তাবিত রূপ হতে পারে--

“হ্যাঁ, এক তালাকে বায়েন গ্রহণের ক্ষমতা অর্পণ করা হলো। এই শর্তে যে, স্বামী-স্ত্রীর মনোমালিন্য চূড়ান্ত পর্যায়ে পৌঁছলে এবং উভয় পক্ষের অন্তত একজন করে বিজ্ঞ অভিভাবক অথবা নির্ভরযোগ্য ফতোয়া বিভাগ যদি এ মর্মে মত দেন যে, তাদের একত্রে থাকার চেয়ে বিচ্ছেদই শ্রেয়, তাহলে স্ত্রী তাঁদের লিখিত অনুমোদন সাপেক্ষে নিজ সত্তার ওপর এক তালাকে বায়েন গ্রহণ করতে পারবে।”

এ ধরনের শর্তের উদ্দেশ্য হলো: তালাকের পথ একেবারে বন্ধ না করা, আবার সামান্য রাগ বা আবেগের বশে তাৎক্ষণিক বিচ্ছেদের সুযোগও না রাখা। এক তালাকে বায়েনের মধ্যে সীমাবদ্ধ রাখার ফলে ভবিষ্যতে নতুন নিকাহ ও নতুন মোহরের মাধ্যমে পুনরায় সংসার করার সুযোগও অবশিষ্ট থাকে।

সচেতনতাই হতে পারে সুরক্ষার প্রথম ধাপ

কাবিননামা কোনো নিছক আনুষ্ঠানিক কাগজ নয়। এর প্রতিটি গুরুত্বপূর্ণ ধারা বর-কনের ভবিষ্যৎ অধিকার ও দায়িত্বের সঙ্গে সম্পর্কিত। তাই বিয়ের আনন্দ, লজ্জা কিংবা সামাজিক সংকোচের কারণে গুরুত্বপূর্ণ বিষয়গুলো উপেক্ষা করা উচিত নয়।

বিশেষত কাজি, বিবাহ নিবন্ধনকারী, বর-কনে ও তাঁদের অভিভাবকদের দায়িত্ব হলো: কাবিননামা যথাযথভাবে বুঝে পূরণ করা এবং কোনো ধারাকে গদবাধা প্রথা হিসেবে গ্রহণ না করা। একটি অসতর্ক বাক্য যেমন অযথা দাম্পত্যে সংকট সৃষ্টি করতে পারে, তেমনি একটি সুচিন্তিত ও ভারসাম্যপূর্ণ ব্যবস্থা প্রয়োজনের সময় একজন নির্যাতিত বা অসহায় স্ত্রীকে বৈধ পথও দেখাতে পারে।

সুতরাং কাবিননামার ১৮ নম্বর ধারা নিয়ে আবেগ নয়, প্রয়োজনজ্ঞান, সতর্কতা ও ভারসাম্য। বিয়ের আগেই বিষয়টি বুঝে নেওয়া, প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করা এবং বিবাহের পর সঠিকভাবে কাবিননামা সম্পন্ন করাই হতে পারে ভবিষ্যতের বহু অনাকাঙ্ক্ষিত জটিলতা থেকে বাঁচার কার্যকর উপায়।

একটি সচেতন স্বাক্ষর কখনো কখনো একটি পরিবারের নিরাপত্তার কারণ হতে পারে; আর একটি অসতর্ক স্বাক্ষর ভবিষ্যতের অনুতাপের দরজা খুলে দিতে পারে। তাই সুখী ও স্থিতিশীল দাম্পত্যের প্রত্যাশায় কাবিননামার ১৮ নম্বর ধারাকে অবহেলা নয়’ বুঝে, ভেবে এবং দায়িত্বশীলতার সঙ্গে গ্রহণ করাই বাঞ্ছনীয়।
আল্লাহ তা’য়ালা আমাদের জন্য সহজ করুন’ আমিন ইয়া রাব্বাল-আলামিন।

 


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ ,শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা ) ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুফতি,ফাতাওয়া ও মাসায়েল