প্রশ্নঃ কোনো পুরুষ লাপাত্তা হয়ে যাওয়ার পর এলাকার মুরব্বিরা তার স্ত্রীর বিবাহ ফসখ করে অন্য এক পুরুষের সাথে বিবাহ দেয়। এর কিছুদিন পরে ঐ পুরুষ ফিরে আসে। এখন উক্ত স্ত্রী কার হবে—প্রথম স্বামীর, না দ্বিতীয় স্বামীর? এ ব্যাপারে হানাফী মাযহাবের মত কী? অন্য মাযহাবের মত কী? নিজের মাযহাব ছেড়ে অন্য মাযহাবের মত গ্রহণ করা যাবে কি?
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ী দৃষ্টিতে গুম হয়ে যাওয়া বা অজ্ঞাত স্থানে থাকা স্বামীর স্ত্রীর বৈবাহিক সম্পর্ক স্বামীর মৃত্যু হওয়ার বিষয়টি নিশ্চিত বা প্রবল ধারণা হওয়া পর্যন্ত বহাল থাকে। আর এই প্রবল বা নিশ্চিত ধারণা ইমাম আবু হানিফা (রহ.) ও ইমাম শাফেয়ী (রহ.)-এর মতে উক্ত স্বামীর সমবয়সী লোকদের স্বাভাবিক মৃত্যু হওয়ার দ্বারা এবং ইমাম আহমাদ (রহ.)-এর মতানুযায়ী ১২০ বছর বয়স হওয়ার দ্বারা সাব্যস্ত হয়। তবে ইমাম মালেক (রহ.)-এর মতে মুসলিম কাজীর নিকট বিবাহ বিচ্ছেদের আবেদন করার পর চার বছর পর্যন্ত বিচারক স্বামীর তালাশ করে নিরাশ হলে স্বামীকে মৃত ঘোষণা করে বিবাহ বিচ্ছেদ করতে পারেন। অবশ্য পরে পূর্বের স্বামী ফিরে আসলে দ্বিতীয় বিবাহ ভেঙে যাবে। আর হানাফী মাযহাবে একান্ত প্রয়োজনে অন্য মাযহাবের উপর ফাতাওয়া দেওয়ার অবকাশ আছে।
সুতরাং প্রশ্নোক্ত সূরতে হানাফী মাযহাব অনুসারে দ্বিতীয় বিবাহ একেবারেই সহীহ হয়নি। আর বিশেষ প্রয়োজনবশত মালেকী মাযহাব অনুসারে দ্বিতীয় বিবাহ করার অবকাশ থাকলেও যেহেতু মুসলিম বিচারকের নিকট মামলা পেশ করা এবং চার বছর বিচারক কর্তৃক অনুসন্ধান করে ফায়সালা করার শর্ত রয়েছে, যা প্রশ্নোক্ত বিবরণে অনুপস্থিত; বিধায় মালেকী মাযহাব অনুসারেও তার দ্বিতীয় বিবাহ সহীহ হয়নি।
সুতরাং উক্ত স্ত্রী প্রথম স্বামীর বিবাহেই থেকে যাবে। দ্বিতীয় স্বামীর সাথে বৈবাহিক সম্পর্ক করা বা বজায় রাখা কোনো ক্রমেই সহীহ হবে না।
সূত্রঃ আল-মাওসুয়াতুল ফেকহিয়াহ ৩/২৬৮, জাদীদ ফেকহী মাসায়েল ৩/১৪০, ইলাউস সুনান ১২/৫৫৬।
উত্তর প্রদানে
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা