মুসলিম পরিবারে তালাকের অপব্যবহার: শরীয়তের বিধান, প্রচলিত ভুল ও করণীয়
লেখক: মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ,
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
........................................................................
ভূমিকা: কেন তালাক বিষয়টি আজ এত আলোচিত?
পরিবার ইসলামী সমাজব্যবস্থার মৌলিক ভিত্তি। একটি সুস্থ, শান্তিপূর্ণ ও আদর্শ সমাজ গড়ে ওঠে সুদৃঢ় পরিবারের ওপর। তাই ইসলাম বিবাহকে কেবল সামাজিক চুক্তি হিসেবে নয়; বরং ইবাদত, আমানত ও পারস্পরিক দায়িত্ব হিসেবে বিবেচনা করেছে। আল্লাহ তাআলা স্বামী-স্ত্রীর সম্পর্ককে ভালোবাসা, দয়া ও প্রশান্তির বন্ধনে আবদ্ধ করেছেন।
﴿وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُمْ مِنْ أَنْفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُمْ مَوَدَّةً وَرَحْمَةً﴾
অর্থাৎ, তাঁর নিদর্শনসমূহের অন্যতম হলো তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই স্ত্রী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি লাভ করো। আর তিনি তোমাদের মাঝে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন।(সূরা আর-রূম: ২১)
কিন্তু বর্তমান সময়ে পারিবারিক জীবনে তালাকের সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। সামান্য ভুল বোঝাবুঝি, রাগের মাথায় সিদ্ধান্ত, সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার, আত্মীয়-স্বজনের অযাচিত হস্তক্ষেপ এবং শরীয়তের বিধান সম্পর্কে অজ্ঞতার কারণে বহু পরিবার ভেঙে যাচ্ছে। অনেক ক্ষেত্রে স্বামী রাগের বশে একসঙ্গে তিন তালাক দিয়ে পরে অনুতপ্ত হন। আবার কেউ মোবাইল ফোন, এসএমএস বা হোয়াটসঅ্যাপে তালাক পাঠিয়ে বিষয়টিকে তুচ্ছ মনে করেন। কেউ মনে করেন, রাগের মাথায় বলেছি, তাই তালাক হয়নি; আবার কেউ ধারণা করেন, স্ত্রী না শুনলে তালাক কার্যকর হয় না। এসব ধারণার অধিকাংশই শরীয়তের দৃষ্টিতে ভুল।
এ কারণে তালাকের প্রকৃত বিধান জানা আজ প্রতিটি মুসলিম পরিবারের জন্য অপরিহার্য। কারণ, অজ্ঞতা কখনো কখনো একটি সুখী সংসারকে স্থায়ীভাবে ধ্বংস করে দিতে পারে।
ইসলামে তালাকের বৈধতা ও এর প্রকৃত উদ্দেশ্য
ইসলাম বিবাহকে স্থায়ী সম্পর্ক হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। তাই কুরআন ও সুন্নাহ স্বামী-স্ত্রীকে পারস্পরিক সহনশীলতা, ক্ষমাশীলতা ও উত্তম আচরণের শিক্ষা দিয়েছে। কিন্তু এমন পরিস্থিতিও সৃষ্টি হতে পারে, যেখানে সব ধরনের চেষ্টা ব্যর্থ হওয়ার পর একসঙ্গে বসবাস করা উভয়ের জন্যই কষ্টকর হয়ে পড়ে। এমন অবস্থার জন্যই ইসলাম তালাকের বিধান রেখেছে।
অতএব, তালাক ইসলামে কোনো পছন্দনীয় বিষয় নয়; বরং এটি একটি সর্বশেষ সমাধান (آخرالعلاج)। যখন পারিবারিক সম্পর্ক রক্ষা করা আর সম্ভব হয় না, তখন অন্যায়, নির্যাতন ও দীর্ঘস্থায়ী কলহ থেকে মুক্তির জন্য শরীয়ত তালাকের সুযোগ দিয়েছে।কুরআন মাজীদে আল্লাহ তাআলা ইরশাদ করেন
﴿الطَّلَاقُ مَرَّتَانِ فَإِمْسَاكٌ
بِمَعْرُوفٍ أَوْ تَسْرِيحٌ بِإِحْسَانٍ﴾
অর্থাৎ, তালাক দুইবার। এরপর হয় উত্তমভাবে স্ত্রীকে রেখে দেবে, অথবা সুন্দরভাবে বিদায় দেবে। (সূরা আল-বাকারা: ২২৯) এই আয়াত থেকে বোঝা যায়, ইসলাম তালাককে বিশৃঙ্খলার মাধ্যম বানায়নি; বরং নিয়ন্ত্রিত, ধাপে ধাপে এবং সুচিন্তিত একটি প্রক্রিয়া হিসেবে নির্ধারণ করেছে।
তালাক: হালাল হলেও আল্লাহর কাছে অপছন্দনীয় কেন?
শরীয়তের দৃষ্টিতে তালাক বৈধ হলেও এটি এমন একটি বিষয়, যা প্রয়োজন ছাড়া গ্রহণ করা উচিত নয়। কারণ, একটি তালাকের মাধ্যমে শুধু স্বামী-স্ত্রীর সম্পর্কই শেষ হয় না; বরং সন্তানের ভবিষ্যৎ, দুই পরিবারের সম্পর্ক এবং সামাজিক স্থিতিশীলতাও ক্ষতিগ্রস্ত হয়।এ কারণেই রাসূলুল্লাহ ﷺ অকারণে তালাক দেওয়া থেকে সতর্ক করেছেন।
قال رسول الله ﷺ: أَبْغَضُ الْحَلَالِ إِلَى اللَّهِ الطَّلَاقُ
অর্থাৎ, আল্লাহর নিকট বৈধ বিষয়সমূহের মধ্যে সবচেয়ে অপছন্দনীয় হলো তালাক। এই হাদীসের সনদ নিয়ে মুহাদ্দিসগণের মধ্যে আলোচনা থাকলেও এর মর্মার্থ ইসলামের সামগ্রিক শিক্ষা ও ফিকহের নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। অর্থাৎ, শরীয়ত পরিবার রক্ষা করতে চায়, ভাঙতে নয়।তাই স্বামী-স্ত্রীর উচিত সাময়িক রাগ, আবেগ বা পারিবারিক চাপের কারণে তালাকের মতো গুরুতর সিদ্ধান্ত না নেওয়া।
--কুরআন-সুন্নাহর আলোকে তালাকের সঠিক পদ্ধতি
ইসলাম তালাকের ক্ষেত্রেও শৃঙ্খলা ও প্রজ্ঞার শিক্ষা দিয়েছে। শরীয়তসম্মত পদ্ধতিতে তালাক প্রদানের কয়েকটি গুরুত্বপূর্ণ দিক হলো
প্রথমত, তালাক দেওয়ার আগে পারিবারিক সমস্যা সমাধানের আন্তরিক
চেষ্টা করতে হবে। কুরআন স্বামী-স্ত্রী উভয় পরিবারের পক্ষ থেকে সালিশ নিয়োগের
নির্দেশ দিয়েছে।
﴿وَإِنْ خِفْتُمْ شِقَاقَ بَيْنِهِمَا فَابْعَثُوا حَكَمًا مِنْ أَهْلِهِ وَحَكَمًا مِنْ أَهْلِهَا﴾
(সূরা আন-নিসা: ৩৫)
দ্বিতীয়ত, যদি তালাক অনিবার্য হয়ে যায়, তাহলে সুন্নত পদ্ধতিতে একবার মাত্র তালাক প্রদান করতে হবে। এরপর ইদ্দতের সময় স্ত্রীকে স্বামীর ঘরেই থাকার সুযোগ দিতে হবে, যাতে পুনর্মিলনের সম্ভাবনা থাকে।
তৃতীয়ত, একসঙ্গে তিন তালাক প্রদান করা সুন্নতের পরিপন্থী এবং অত্যন্ত নিন্দনীয় কাজ। যদিও হানাফি ফিকহ অনুযায়ী তা সংঘটিত হয়ে যায়, তবুও এটি মারাত্মক গুনাহ এবং শরীয়তের নির্দেশিত পদ্ধতির বিরোধী।
চতুর্থত, তালাককে কখনো রাগ, প্রতিশোধ, ভয় দেখানো বা খেল-তামাশার উপকরণ বানানো বৈধ নয়। এটি মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর একটি; তাই এ বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা অপরিহার্য।
ইসলাম চায় যতক্ষণ সংসার টিকিয়ে রাখা সম্ভব, ততক্ষণ সর্বোচ্চ চেষ্টা করা হোক। আর যখন বিচ্ছেদ ছাড়া কোনো উপায় থাকে না, তখনও তা যেন সৌজন্য, ন্যায়বিচার ও শরীয়তের বিধান মেনে সম্পন্ন হয়।
………………………………………………………
এক তালাক, দুই তালাক ও তিন তালাক শরয়ী বিধান
ইসলামী শরীয়তে তালাক একটি নিয়ন্ত্রিত ও ধাপে ধাপে সম্পন্ন হওয়া প্রক্রিয়া। তাই কুরআন মাজীদ তালাককে একবারে চূড়ান্ত করার পরিবর্তে চিন্তা, অনুশোচনা ও পুনর্মিলনের সুযোগ রেখেছে। আল্লাহ তাআলা বলেন
﴿الطَّلَاقُ مَرَّتَانِ فَإِمْسَاكٌ بِمَعْرُوفٍ أَوْ تَسْرِيحٌ بِإِحْسَانٍ﴾
অর্থাৎ, "তালাক দুইবার। এরপর হয় উত্তমভাবে স্ত্রীকে রেখে দেবে, অথবা সুন্দরভাবে বিদায় দেবে।" (সূরা আল-বাকারা: ২২৯) এর মাধ্যমে বোঝা যায়, ইসলাম তাৎক্ষণিকভাবে সংসার ভেঙে দিতে চায় না; বরং প্রতিটি ধাপে স্বামীকে নিজের সিদ্ধান্ত পুনর্বিবেচনার সুযোগ দেয়।
এক তালাক দেওয়ার পর স্ত্রী ইদ্দতের মধ্যে থাকলে স্বামী নতুন বিবাহ ছাড়াই রুজু করতে পারেন।
দুই তালাক দেওয়ার পরও একই বিধান প্রযোজ্য। অর্থাৎ ইদ্দতের মধ্যে রুজুর অধিকার বহাল থাকে।
কিন্তু তিন তালাক সম্পূর্ণ হয়ে গেলে স্ত্রী স্বামীর জন্য চূড়ান্তভাবে হারাম হয়ে যান। তখন শরীয়তের নির্ধারিত শর্ত পূরণ ব্যতীত পুনরায় বিবাহ বৈধ হয় না।
---
রজঈ তালাক ও বায়েন তালাক: পার্থক্য ও মাসআলা
রজঈ তালাক হলো এমন তালাক, যার পর ইদ্দতের মধ্যে স্বামী স্ত্রীর কাছে ফিরে আসতে পারেন। নতুন আকদ বা নতুন মোহরের প্রয়োজন হয় না। অন্যদিকে বায়েন তালাক এমন তালাক, যার ফলে বৈবাহিক সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। পুনরায় একত্র হতে চাইলে উভয়ের সম্মতিতে নতুন আকদ, নতুন মোহর এবং নতুনভাবে বিবাহ সম্পন্ন করতে হবে।
---
একসঙ্গে তিন তালাক দেওয়ার বিধান
সমাজে সবচেয়ে ভয়াবহ অপব্যবহারগুলোর একটি হলো রাগের মাথায় এক নিঃশ্বাসে "তালাক, তালাক, তালাক" বলে ফেলা। এটি রাসূলুল্লাহ এর শিক্ষা ও সুন্নতের সম্পূর্ণ বিপরীত। সুন্নত হলো প্রয়োজন হলে একবার তালাক দেওয়া এবং ইদ্দতের সময় অপেক্ষা করা। তবে হানাফি ফিকহ অনুযায়ী, কেউ যদি একসঙ্গে তিন তালাক প্রদান করে, তাহলে তিন তালাকই সংঘটিত হয়ে যায় এবং স্ত্রী তার জন্য চূড়ান্তভাবে হারাম হয়ে যান। যদিও এভাবে তালাক দেওয়া মারাত্মক গুনাহ এবং বিদআতী পদ্ধতি। অতএব, "একসঙ্গে তিন তালাক দিলে এক তালাক হয়"এ কথা হানাফি মাযহাব অনুযায়ী সঠিক নয়।
---
রাগের মাথায় তালাক দিলে কি তালাক কার্যকর হয়?
এটি মানুষের সবচেয়ে বেশি জিজ্ঞাসিত প্রশ্নগুলোর একটি।বাস্তবতা হলো, অধিকাংশ তালাকই রাগের সময় উচ্চারিত হয়। তাই শুধু "আমি রাগান্বিত ছিলাম"—এ অজুহাতে তালাক বাতিল হয়ে যায় না। যদি স্বামী এতটাই জ্ঞানশূন্য হয়ে যান যে তিনি কী বলছেন, তা-ই বুঝতে পারছেন না, তাহলে বিষয়টি ভিন্ন। কিন্তু সাধারণ রাগ, প্রচণ্ড রাগ বা চিৎকারের মধ্যেও যদি ব্যক্তি নিজের কথা বুঝে বলেন, তাহলে তালাক সংঘটিত হয়ে যায়। এ কারণেই ফকীহগণ বলেছেন, তালাকের শব্দ উচ্চারণ করার আগে একজন মুসলিমের শতবার চিন্তা করা উচিত। কারণ একটি মাত্র বাক্য সারাজীবনের সম্পর্ক চিরতরে শেষ করে দিতে পারে। আজ অনেক মানুষ না জেনে, না বুঝে এবং আলেমের পরামর্শ ছাড়াই তালাক উচ্চারণ করেন। পরে অনুতপ্ত হয়ে বিভিন্ন ব্যাখ্যা খুঁজতে থাকেন। অথচ ইসলামের নির্দেশ হলো—আবেগ নয়, বিবেক ও শরীয়তের আলোকে সিদ্ধান্ত গ্রহণ করা।
মোবাইল, এসএমএস, হোয়াটসঅ্যাপ ও লিখিত তালাকের বিধান
প্রযুক্তির এই যুগে তালাকের একটি নতুন রূপ হলো মোবাইল ফোন, এসএমএস, হোয়াটসঅ্যাপ, ই-মেইল বা সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে তালাক প্রদান। অনেকেই মনে করেন, সামনাসামনি না বললে তালাক কার্যকর হয় না। এটি একটি প্রচলিত ভুল ধারণা। হানাফি ফিকহ অনুযায়ী, স্বামী যদি নিজেই স্ত্রীকে উদ্দেশ্য করে স্পষ্ট ভাষায় তালাক লিখে পাঠান এবং সেই লেখা তাঁরই হয়, তাহলে সেই লিখিত তালাক কার্যকর হবে। কারণ, লিখিত বক্তব্যও অনেক ক্ষেত্রে মুখের বক্তব্যের প্রতিনিধিত্ব করে। তবে যদি কোনো বার্তা জাল হয়, অন্য কেউ পাঠিয়ে থাকে, অথবা স্বামী তা অস্বীকার করেন, তাহলে প্রমাণের বিষয়টি বিচারযোগ্য হবে। তাই এ ধরনের ক্ষেত্রে অভিজ্ঞ মুফতির মাধ্যমে প্রকৃত অবস্থা যাচাই করা অপরিহার্য। অতএব, হোয়াটসঅ্যাপ, এসএমএস, ই-মেইল বা চিঠির মাধ্যমে স্পষ্ট ভাষায় তালাক লিখে পাঠালে, শরয়ী শর্ত পূরণ হলে তালাক সংঘটিত হতে পারে।
---
মজা করে, ভয় দেখিয়ে বা শর্তযুক্ত তালাকের হুকুম
কিছু মানুষ রাগ, ঠাট্টা, ভয় দেখানো বা চাপ সৃষ্টি করার উদ্দেশ্যে বারবার "তালাক" শব্দ ব্যবহার করেন। এটি অত্যন্ত বিপজ্জনক অভ্যাস।রাসূলুল্লাহ বলেছেন
ثَلَاثٌ جِدُّهُنَّ جِدٌّ، وَهَزْلُهُنَّ جِدٌّ: النِّكَاحُ، وَالطَّلَاقُ، وَالرَّجْعَةُ
অর্থাৎ, তিনটি বিষয় এমন যে, এগুলোর সিরিয়াস কথাও সিরিয়াস এবং মজা করেও বললে তা কার্যকর হয় বিবাহ, তালাক এবং রুজু। অতএব, "আমি তো মজা করেছি", "ভয় দেখিয়েছি", "রাগ কমানোর জন্য বলেছি"—এসব অজুহাতে তালাক বাতিল হয়ে যায় না। আর শর্তযুক্ত তালাক (تعليقالطلاق)—যেমন, "তুমি যদি অমুক কাজ কর, তাহলে তোমাকে তালাক"—এ ধরনের মাসআলার বিধান শর্তের ভাষা, উদ্দেশ্য ও পরিস্থিতির ওপর নির্ভর করে। তাই এ বিষয়ে নিজে সিদ্ধান্ত না নিয়ে অবশ্যই বিজ্ঞ মুফতির পরামর্শ নিতে হবে।
---
সমাজে প্রচলিত তালাক সম্পর্কে কয়েকটি ভুল ধারণা
তালাক সম্পর্কে সমাজে বহু ভুল ধারণা প্রচলিত রয়েছে। এর ফলে অনেক পরিবার অজ্ঞতার কারণে ভেঙে যাচ্ছে, আবার কোথাও তালাক হয়ে যাওয়ার পরও মানুষ নিজেদের স্বামী-স্ত্রী মনে করে একসঙ্গে বসবাস করছে।
প্রচলিত কয়েকটি ভুল ধারণা হলো
- স্ত্রী উপস্থিত না থাকলে তালাক হয় না।
- স্ত্রী তালাকের কথা না জানলে তালাক কার্যকর হয় না।
- সাক্ষী ছাড়া তালাক হয় না।
- রাগের মাথায় কোনো তালাক হয় না।
- মোবাইল বা হোয়াটসঅ্যাপে তালাক দিলে তা গ্রহণযোগ্য নয়।
- একসঙ্গে তিন তালাক দিলে মাত্র এক তালাক হয়।
- পরে অনুতপ্ত হলে সব তালাক বাতিল হয়ে যায়।
এসব ধারণার অধিকাংশই শরীয়তের দৃষ্টিতে সঠিক নয়। তাই তালাকের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সামাজিক প্রচলন নয়; বরং কুরআন, সুন্নাহ ও নির্ভরযোগ্য ফিকহের কিতাবের ওপর নির্ভর করা আবশ্যক।
তালাকের আগে ইসলামের নির্দেশিত সমাধানের ধাপগুলো
ইসলাম কখনো পারিবারিক বিরোধের প্রথম সমাধান হিসেবে তালাকের শিক্ষা দেয় না। বরং ধাপে ধাপে সম্পর্ক রক্ষার সর্বোচ্চ চেষ্টা করতে নির্দেশ দেয়। প্রথমে স্বামী-স্ত্রী নিজেদের মধ্যে আন্তরিক আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করবেন। এরপর প্রয়োজনে উপদেশ, ধৈর্য ও পারস্পরিক ছাড় দেওয়ার মনোভাব গ্রহণ করবেন।
সমস্যা জটিল হলে উভয় পরিবারের পক্ষ থেকে ন্যায়পরায়ণ সালিশ নিয়োগ করবেন। আল্লাহ তাআলা বলেন
﴿وَإِنْ خِفْتُمْ شِقَاقَ بَيْنِهِمَا فَابْعَثُوا حَكَمًا مِنْ أَهْلِهِ وَحَكَمًا مِنْ أَهْلِهَا ۚ إِنْ يُرِيدَا إِصْلَاحًا يُوَفِّقِ اللَّهُ بَيْنَهُمَا﴾
অর্থাৎ, "তোমরা যদি স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধের আশঙ্কা কর, তবে একজন সালিশ স্বামীর পরিবার থেকে এবং একজন সালিশ স্ত্রীর পরিবার থেকে নিয়োগ করো। তারা যদি মীমাংসা করতে চায়, তবে আল্লাহ তাদের মধ্যে মিলমিশ করে দেবেন।" (সূরা আন-নিসা: ৩৫) এসব প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পরও যদি একসঙ্গে বসবাস করা অসম্ভব হয়ে পড়ে, তখন শরীয়তের বিধান অনুযায়ী তালাকের পথে অগ্রসর হওয়া যাবে। অতএব, একজন মুমিনের জন্য তালাক কখনো আবেগের সিদ্ধান্ত নয়; বরং গভীর চিন্তা, আল্লাহভীতি এবং শরীয়তের নির্দেশনা অনুসরণ করে গ্রহণযোগ্য সর্বশেষ পদক্ষেপ।
রুজু (পুনর্মিলন): কখন, কীভাবে ও কোন শর্তে সম্ভব?
ইসলামের অন্যতম সৌন্দর্য হলো—এটি তালাকের পরও পারিবারিক বন্ধন রক্ষার সুযোগ রেখেছে। যদি স্বামী প্রথম বা দ্বিতীয় রজঈ তালাক প্রদান করেন, তাহলে ইদ্দতের মধ্যে নতুন আকদ বা নতুন মোহর ছাড়াই রুজু করতে পারবেন। রুজু দুইভাবে হতে পারে স্পষ্টভাবে "আমি তোমাকে ফিরিয়ে নিলাম" ইত্যাদি বলা, অথবা স্বামী-স্ত্রীর বৈবাহিক সম্পর্ক পুনরায় স্থাপনের মাধ্যমে। কিন্তু ইদ্দত শেষ হয়ে গেলে রজঈ তালাকের ক্ষেত্রে রুজুর সুযোগ শেষ হয়ে যায়। তখন পুনরায় একত্র হতে চাইলে নতুন মোহর ও নতুন আকদের মাধ্যমে বিবাহ করতে হবে।আর যদি তিন তালাক সম্পূর্ণ হয়ে যায়, তাহলে স্ত্রী অন্য একজনের সঙ্গে বাস্তব ও বৈধ বিবাহ সম্পন্ন করে, সেই বিবাহ স্বাভাবিকভাবে শেষ হওয়ার আগে পূর্বের স্বামীর জন্য বৈধ হবেন না। এজন্য তথাকথিত 'হালালা' পরিকল্পনা করা বা করানো মারাত্মক গুনাহ।
---
স্ত্রীর খুলা ও তালাকের মধ্যে পার্থক্য
অনেকেই খুলা ও তালাককে একই বিষয় মনে করেন, অথচ উভয়ের মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে। তালাক হলো স্বামীর পক্ষ থেকে বৈবাহিক সম্পর্ক বিচ্ছিন্ন করা। অন্যদিকে খুলা হলো স্ত্রীর অনুরোধে পারস্পরিক সম্মতির ভিত্তিতে নির্ধারিত বিনিময়ের মাধ্যমে বৈবাহিক সম্পর্কের অবসান। যদি স্ত্রী স্বামীর সঙ্গে কোনোভাবেই সংসার করতে না পারেন এবং স্বামীও বিচ্ছেদে সম্মত হন, তাহলে খুলার মাধ্যমে বৈবাহিক সম্পর্ক শেষ করা যায়। অতএব, প্রত্যেক পারিবারিক সমস্যার সমাধান তালাক নয়; অনেক ক্ষেত্রে শরীয়ত খুলার ব্যবস্থাও রেখেছে।
তালাকের পর ইদ্দত, ভরণ-পোষণ ও সন্তানের অধিকার
তালাকের পরও ইসলামে নারীর মর্যাদা ও অধিকার অক্ষুণ্ন রাখা হয়েছে। ইদ্দত চলাকালীন রজঈ তালাকপ্রাপ্তা স্ত্রী ভরণ-পোষণের অধিকারী। তাকে ঘর থেকে বের করে দেওয়া বা তার প্রতি দুর্ব্যবহার করা হারাম।আল্লাহ তাআলা বলেন
﴿لَا تُخْرِجُوهُنَّ مِنْ بُيُوتِهِنَّ وَلَا يَخْرُجْنَ﴾
অর্থাৎ, "তোমরা তাদেরকে তাদের ঘর থেকে বের করে দিও না এবং তারাও যেন বের না হয়।" (সূরা আত-তালাক: ১) এছাড়া সন্তানের ভরণ-পোষণ, শিক্ষা ও লালন-পালনের দায়িত্ব পিতা থেকে বাতিল হয়ে যায় না। তালাকের কারণে সন্তানের অধিকার কখনো নষ্ট হয় না।
পরিবার ভাঙনের সামাজিক ও মানসিক ক্ষতি
একটি তালাক কেবল দুইজন মানুষের বিচ্ছেদ নয়; এর প্রভাব সন্তান, আত্মীয়স্বজন এবং পুরো সমাজের ওপর পড়ে।তালাকের ফলে,
- সন্তানের মানসিক বিকাশ ব্যাহত হতে পারে।
- পারিবারিক বন্ধন দুর্বল হয়ে যায়।
- দুই পরিবারের মধ্যে শত্রুতা সৃষ্টি হয়।
- সামাজিক অস্থিরতা বৃদ্ধি পায়।
- অনেক নারী ও শিশু আর্থিক ও মানসিক সংকটে পড়ে।
তাই তালাকের সিদ্ধান্ত নেওয়ার আগে একজন মুসলিমের উচিত এর সুদূরপ্রসারী পরিণতি সম্পর্কে গভীরভাবে চিন্তা করা।
তালাকের অপব্যবহার বন্ধে স্বামী-স্ত্রীর করণীয়
সুখী দাম্পত্য জীবনের জন্য উভয়েরই আল্লাহভীতি, ধৈর্য ও উত্তম চরিত্র অপরিহার্য। স্বামীর উচিত রাগের সময় তালাকের শব্দ উচ্চারণ না করা এবং স্ত্রীকে সম্মানের সঙ্গে আচরণ করা। স্ত্রীরও উচিত স্বামীর বৈধ অধিকার আদায়ে সচেষ্ট থাকা, অকারণে বিরোধ না বাড়ানো এবং পারিবারিক শান্তি বজায় রাখার চেষ্টা করা।উভয়েরই প্রয়োজন
- কুরআন-সুন্নাহর শিক্ষা অনুযায়ী জীবন পরিচালনা।
- মতবিরোধ হলে আলোচনার মাধ্যমে সমাধান।
- প্রয়োজনে বিজ্ঞ আলেম ও মুফতির পরামর্শ গ্রহণ।
- পারিবারিক বিষয় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ না করা।
- তালাকের শব্দকে কখনো হুমকি বা রাগ প্রকাশের মাধ্যম হিসেবে ব্যবহার না করা।
-আলেম, পরিবার ও সমাজের দায়িত্ব
তালাকের অপব্যবহার রোধে শুধু স্বামী-স্ত্রী নয়; পরিবার, আলেম ও সমাজেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ইমাম, খতিব ও আলেমদের উচিত বিবাহ, তালাক ও পারিবারিক অধিকার সম্পর্কে নিয়মিত মানুষকে শিক্ষা দেওয়া। অভিভাবকদের উচিত ছোটখাটো বিষয় নিয়ে দাম্পত্য জীবনে অযথা হস্তক্ষেপ না করা। সমাজের সচেতন ব্যক্তিদের উচিত বিবাদ বাড়ানোর পরিবর্তে মিল-মিশের পরিবেশ সৃষ্টি করা।
উপসংহার: শরীয়তের বিধান মেনে পরিবার রক্ষার আহ্বান
ইসলাম পরিবার গঠনের ধর্ম; পরিবার ধ্বংসের ধর্ম নয়। তাই তালাককে কখনো রাগ, আবেগ বা প্রতিশোধের অস্ত্র বানানো যাবে না। স্বামী-স্ত্রীর মধ্যে মতবিরোধ হতেই পারে। কিন্তু ধৈর্য, ক্ষমাশীলতা, পারস্পরিক শ্রদ্ধা এবং শরীয়তের নির্দেশনা অনুসরণ করলে অধিকাংশ সমস্যার সমাধান সম্ভব। যখন সব ধরনের সমাধানের পথ বন্ধ হয়ে যায়, তখনই কেবল তালাকের মতো সর্বশেষ ব্যবস্থা গ্রহণ করা উচিত। আর তালাকের প্রয়োজন দেখা দিলে সেটিও কুরআন-সুন্নাহ ও ফিকহের বিধান অনুযায়ী সম্পন্ন করতে হবে।আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে পারিবারিক জীবনে তাকওয়া, প্রজ্ঞা ও ধৈর্যের সঙ্গে চলার তাওফীক দান করুন। আমাদের পরিবারগুলোকে ভালোবাসা, রহমত ও বরকতে পরিপূর্ণ করুন এবং তালাকের অপব্যবহার থেকে মুসলিম সমাজকে হেফাজত করুন। আমীন।