কোন পেশা হালাল এবং কোনগুলো হারাম?
প্রশ্ন :ইসলামে কোন কোন পেশা হালাল এবং কোনগুলো হারাম?
الجواب باسم ملهم الصِّدق و الصّواب
উত্তর :ইসলামিক শরিয়াহ মোতাবেক, মানুষের জন্য হালাল উপায়ে জীবিকা অর্জন করা ফরজ। কুরআন ও সুন্নাহ এমন সব পেশাকে বৈধ ঘোষণা করেছে, যা ন্যায়সঙ্গত, উপকারী এবং হারাম কাজ থেকে মুক্ত। পক্ষান্তরে যে পেশার মূল ভিত্তি হারাম, অন্যায় বা গুনাহের সহযোগিতা, তা ইসলামে বৈধ নয়।
হালাল পেশা : নিম্নোক্ত পেশাগুলো মূলত হালাল, তবে এগুলোর উপার্জনও হালাল পদ্ধতিতে হতে হবে:- বৈধ ব্যবসা-বাণিজ্য,- কৃষিকাজ, মৎস্যচাষ ও পশুপালন,- সরকারি ও বেসরকারি চাকরি (যদি কাজটি শরিয়তবিরোধী না হয়),- শিক্ষকতা, চিকিৎসা, প্রকৌশল, আইন পেশা (বৈধ বিষয়ে), হিসাবরক্ষণ,- কারিগরি, উৎপাদন, নির্মাণ ও হস্তশিল্প, ফ্রিল্যান্সিং, সফটওয়্যার ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন ও অন্যান্য বৈধ অনলাইন পেশা, পরিবহন, আমদানি-রপ্তানি এবং অন্যান্য বৈধ সেবামূলক পেশা।
হারাম পেশা :- যেসব পেশার মাধ্যমে সরাসরি হারাম কাজ করা হয় বা হারাম কাজে সহযোগিতা করা হয়, সেগুলো হারাম। যেমন:- সুদভিত্তিক প্রতিষ্ঠানে সুদের লেনদেন-সংশ্লিষ্ট চাকরি, মদ, মাদক, জুয়া ও অশ্লীলতা-সংশ্লিষ্ট ব্যবসা বা চাকরি, ঘুষ, দুর্নীতি, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে উপার্জন।
চুরি, ডাকাতি, ছিনতাই বা অবৈধভাবে মানুষের সম্পদ দখল, হারাম পণ্য উৎপাদন, বিপণন বা বিক্রয়ে সহযোগিতা, এমন কোনো কাজ, যা গুনাহের কাজে প্রত্যক্ষ সহায়তা করে।
শরিয়তের মূলনীতি :কোনো পেশা বৈধ হওয়ার জন্য তিনটি বিষয় অপরিহার্য
১. কাজটি নিজেই শরিয়তসম্মত হতে হবে।২. উপার্জনের পদ্ধতি বৈধ হতে হবে।৩. তাতে কারও হক নষ্ট, প্রতারণা, জুলুম বা হারাম লেনদেন থাকতে পারবে না।
সুতরাং, ইসলামে এমন প্রত্যেক পেশাই হালাল, যা কুরআন-সুন্নাহর নির্দেশনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং যার মাধ্যমে বৈধ উপায়ে জীবিকা অর্জন করা হয়। আর যে পেশার ভিত্তি হারাম বা গুনাহের ওপর প্রতিষ্ঠিত, তা থেকে বিরত থাকা প্রত্যেক মুসলিমের জন্য আবশ্যক।
দলিল:আল্লাহ তাআলা বলেন:
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُلُوا مِنْ طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ
"হে ঈমানদারগণ! আমি তোমাদের যে পবিত্র রিজিক দিয়েছি, তা থেকে আহার কর।"(সূরা আল-বাকারা, ২:১৭২)রাসূলুল্লাহ ﷺবলেছেন:
إِنَّ اللَّهَ طَيِّبٌ لَا يَقْبَلُ إِلَّا طَيِّبًا
"নিশ্চয়ই আল্লাহ পবিত্র। তিনি কেবল পবিত্র (হালাল) বস্তুই গ্রহণ করেন।"সহিহ মুসলিম, হাদিস: ১০১৫
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা