ভাতের মধ্যে থাকা কালো দানা (কালো ভাত) খাওয়ার শরয়ী হুকুম
প্রশ্ন:ভাত রান্না করার পর বা চালের মধ্যে মাঝে মাঝে একটি–দুটি কালো রঙের ভাত (দানা) দেখা যায়। এ ধরনের কালো ভাত খাওয়া জায়েয কি?
الجواب باسم ملهم الصِّدق و الصّواب
ইসলামিক শরিয়াহ মোতাবেক, ভাতের মধ্যে থাকা কালো দানা সম্পর্কে কুরআন-হাদীস বা নির্ভরযোগ্য ফিকহের কিতাবে কোনো স্বতন্ত্র ও সুস্পষ্ট নিষেধাজ্ঞা বর্ণিত হয়নি। তবে হানাফী ফিকহের একটি মূলনীতি হলো, যে বস্তু খবীস (অরুচিকর, জঘন্য ও স্বভাবগতভাবে ঘৃণিত), তা ভক্ষণ করা বৈধ নয় বা অন্তত পরিহারযোগ্য।হযরত মাওলানা আশরাফ আলী থানভী (রহ.) এ মূলনীতির আলোকে এমন কিছু বস্তু খাওয়া থেকে বিরত থাকার কথা উল্লেখ করেছেন, যেগুলো সুস্থ রুচিসম্পন্ন মানুষের কাছে অত্যন্ত ঘৃণিত ও অপছন্দনীয়।ভাতের মধ্যে যে কালো দানা দেখা যায়, তা সম্পর্কে যেহেতু শরীয়তে নির্দিষ্ট কোনো হুকুম বর্ণিত হয়নি, তাই একে হারাম বলা যাবে না। তবে সুস্থ রুচির মানুষ সাধারণত এ ধরনের দানা অপছন্দ করে এবং খাওয়া থেকে বিরত থাকে। এজন্য সতর্কতা ও উত্তম আমলের দৃষ্টিতে এমন কালো দানা বেছে ফেলে দেওয়া এবং তা না খাওয়াই মুনাসিব (উচিত)।
অতএব, ভাতের মধ্যে থাকা কালো দানা খাওয়াকে হারাম বলা যাবে না; তবে তা পরিহার করাই উত্তম ও অনুচিত বস্তু থেকে বেঁচে থাকার অন্তর্ভুক্ত।
والله سبحانه وتعالى أعلم بالصواب
: إمداد المفتين، ص: ٩٧١۔. إمداد الفتاوى (كتاب الأطعمة والأشربة)
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা