মুকাদ্দিমা
সন্তান আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষের জন্য এক বিশেষ নিয়ামত। মায়ের গর্ভে একটি নতুন প্রাণের বেড়ে ওঠা আল্লাহর কুদরতের নিদর্শন। কিন্তু বিভিন্ন কারণে বর্তমান সমাজে ইচ্ছাকৃতভাবে গর্ভপাতের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। কেউ দারিদ্র্যের আশঙ্কায়, কেউ সন্তান লালন-পালনের দায়িত্ব এড়াতে, আবার কেউ ব্যক্তিগত ভোগবিলাস ও সাময়িক অসুবিধার কথা চিন্তা করে গর্ভপাতের সিদ্ধান্ত নিচ্ছেন।
অথচ ইসলামী শরিয়তে গর্ভপাতের বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। গর্ভের ভ্রূণের বয়স, তার বিকাশের পর্যায় এবং মায়ের জীবনের ওপর সম্ভাব্য ঝুঁকি, এসব বিষয় বিবেচনা করেই এর বিধান নির্ধারিত হয়। তাই গর্ভপাতের ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে শরিয়তের নির্দেশনা জানা জরুরি।
গর্ভপাত কী?
গর্ভে অবস্থানরত সন্তানকে বিভিন্ন পদ্ধতিতে ইচ্ছাকৃতভাবে নষ্ট করাকে গর্ভপাত বা এবোরশন (Abortion) বলা হয়। এটি জন্মনিয়ন্ত্রণের একটি পুরোনো পদ্ধতি। আধুনিক চিকিৎসাবিজ্ঞানে জন্মনিয়ন্ত্রণের নানা উপায় আবিষ্কৃত হলেও পৃথিবীর বিভিন্ন স্থানে এখনো এ পদ্ধতির ব্যবহার রয়েছে।
ইসলামী শরিয়তের দৃষ্টিতে বিনা শরয়ি কারণে গর্ভপাত করা জায়েজ নয়। তবে বিশেষ কোনো গ্রহণযোগ্য ওজর, বিশেষত মায়ের জীবনের প্রতি গুরুতর আশঙ্কা দেখা দিলে ভ্রূণের বয়স ও চিকিৎসাগত পরিস্থিতি বিবেচনা করে এর বিধান ভিন্ন হতে পারে।
ভ্রূণের বয়স অনুযায়ী গর্ভপাতের বিধান
গর্ভের সন্তান বিভিন্ন পর্যায়ে বিকশিত হয়। এ কারণে ভ্রূণের বয়স অনুযায়ী গর্ভপাতের বিধানও ভিন্নভাবে বিবেচিত হয়।
১. ভ্রূণের বয়স ৪৩ দিনের কম হলে
আধুনিক চিকিৎসাবিজ্ঞানের বর্ণনা অনুযায়ী, গর্ভধারণের প্রাথমিক পর্যায়ে ভ্রূণের শারীরিক গঠন পূর্ণাঙ্গভাবে প্রকাশ পায় না। এ অবস্থায় ভ্রূণকে একটি বিকাশমান সৃষ্টিরূপে বিবেচনা করা হয়। তবে এ কারণে তাকে নষ্ট করার অনুমতি পাওয়া যায় না। মানুষের শরীরের কোনো অংশ যেমন বিনা কারণে নষ্ট করা বৈধ নয়, তেমনি গর্ভের ভ্রূণকেও বিনা শরয়ি কারণে নষ্ট করা জায়েজ নয়।
তবে কোনো নারীর গর্ভধারণের কারণে দুধ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে এবং এর ফলে দুগ্ধপোষ্য শিশুর জীবন বা স্বাস্থ্যের গুরুতর ক্ষতির আশঙ্কা দেখা দেয়, কিংবা অন্য কোনো গ্রহণযোগ্য চিকিৎসাগত প্রয়োজন দেখা দেয়, তাহলে ভ্রূণের অবস্থা ও বয়স বিবেচনা করে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং শরয়ি নির্দেশনা অনুযায়ী গর্ভপাতের অবকাশ থাকে। (ফাতাওয়ায়ে কাজিখান: ৩/৪১০)
২. ভ্রূণের বয়স ৪৩ দিন থেকে চার মাসের কম হলে
ভ্রূণের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের গঠন ও বিকাশ শুরু হয়। এ পর্যায়ে ফুসফুস, নাক, হাত এবং হাড়সহ বিভিন্ন অঙ্গের গঠন প্রক্রিয়া চলতে থাকে। এ পর্যায়ে গর্ভপাতকে কঠোরভাবে নিরুৎসাহিত করা হয়েছে। অনেক ফকিহের বক্তব্য অনুযায়ী, শরয়ি ওজর ছাড়া এ সময় গর্ভপাত করা মাকরুহে তাহরিমি মানে হারাম।(আদ্দুররুল মুখতার: ১০/২৫৪)
তবে মায়ের জীবনের প্রতি গুরুতর আশঙ্কা থাকলে বিষয়টি আলাদাভাবে বিবেচিত হবে। বিশেষজ্ঞ চিকিৎসকের নির্ভরযোগ্য মতামত এবং শরয়ি প্রয়োজনের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে। শুধু সাধারণ দুর্বলতা, সন্তান পালনের অসুবিধা কিংবা আর্থিক সংকটকে এ ধরনের গর্ভপাতের যথেষ্ট কারণ মনে করা যাবে না।
৩. ভ্রূণের বয়স চার মাস বা ১২০ দিন হলে
হাদিসে বর্ণিত হয়েছে, গর্ভে ভ্রূণের বিকাশের নির্দিষ্ট পর্যায় অতিক্রম করার পর ফেরেশতা প্রেরণ করা হয় এবং তার মধ্যে রুহ ফুঁকে দেওয়া হয়। প্রচলিত ফিকহি হিসাব অনুযায়ী এ সময়টি ১২০ দিন বা চার মাস হিসেবে উল্লেখ করা হয়।
এ পর্যায়ের পর গর্ভপাত করা অত্যন্ত গুরুতর অপরাধ এবং সাধারণ অবস্থায় তা সম্পূর্ণ হারাম। ফকিহগণ একে হত্যার পর্যায়ের অপরাধ হিসেবে উল্লেখ করেছেন।(ফাতহুল আলিয়্যিল মালিক: ১/৩৯৯)
তবে মায়ের জীবন রক্ষার বিষয়টি অত্যন্ত জরুরি হলে এবং নির্ভরযোগ্য বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে গর্ভপাত না করলে মায়ের জীবন নিশ্চিত বা প্রবলভাবে বিপন্ন হওয়ার আশঙ্কা থাকলে, প্রয়োজনের ভিত্তিতে ব্যতিক্রমী সিদ্ধান্তের অবকাশ রয়েছে। এ ক্ষেত্রে শরয়ি বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা আবশ্যক।
মায়ের জীবন রক্ষার জন্য গর্ভপাতের অনুমতি
ইসলামী শরিয়তে মানুষের জীবন রক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো গর্ভবতী নারীর গর্ভধারণ বা সন্তান প্রসবের কারণে যদি তার জীবন মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ে এবং চিকিৎসকদের নির্ভরযোগ্য মতামতে গর্ভপাত ছাড়া মায়ের জীবন রক্ষার কার্যকর কোনো উপায় না থাকে, তাহলে বিশেষ পরিস্থিতিতে গর্ভপাতের অনুমতি রয়েছে।
এক্ষেত্রে দুটি ক্ষতির মধ্যে অপেক্ষাকৃত কম ক্ষতি গ্রহণ করার নীতি বিবেচিত হয়। কারণ মায়ের জীবন রক্ষা করা জরুরি। মা মারা গেলে তার নিজের জীবন এবং গর্ভস্থ সন্তানের জীবন, দউভয়ই ঝুঁকির মুখে পড়ে। তাই প্রকৃত অপারগতার ক্ষেত্রে মায়ের জীবন রক্ষার উদ্দেশ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অবকাশ রয়েছে।
তবে এ সিদ্ধান্ত ব্যক্তিগত অনুমান বা সাধারণ আশঙ্কার ভিত্তিতে নেওয়া যাবে না। অভিজ্ঞ ও বিশ্বস্ত চিকিৎসকের পরামর্শ এবং যোগ্য আলেমের শরয়ি নির্দেশনা গ্রহণ করতে হবে।
দারিদ্র্য ও সন্তান লালন-পালনের ভয়ে গর্ভপাত
অনেকেই মনে করেন, সন্তান জন্মগ্রহণ করলে তার ভরণপোষণ, শিক্ষা ও চিকিৎসার দায়িত্ব পালন করা কঠিন হবে। এ আশঙ্কায় কেউ কেউ গর্ভস্থ সন্তানকে নষ্ট করে ফেলেন। অথচ রিজিকের মালিক আল্লাহ তাআলা। দারিদ্র্যের আশঙ্কায় সন্তান হত্যা করা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ।
আল্লাহ তাআলা বলেন:وَلَا تَقْتُلُوا أَوْلَادَكُمْ خَشْيَةَ إِمْلَاقٍ ۖ نَحْنُ نَرْزُقُهُمْ وَإِيَّاكُمْ ۚ إِنَّ قَتْلَهُمْ كَانَ خِطْئًا كَبِيرًاঅর্থ: দারিদ্র্যের ভয়ে তোমরা তোমাদের সন্তানদের হত্যা করো না। আমিই তাদের রিজিক দিই এবং তোমাদেরও। নিশ্চয় তাদের হত্যা করা মহাপাপ।(সূরা আল-ইসরা: ৩১)
অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন: الشَّيْطَانُ يَعِدُكُمُ الْفَقْرَঅর্থ: শয়তান তোমাদের দারিদ্র্যের ভয় দেখায়।(সূরা আল-বাকারা: ২৬৮)
সুতরাং ভবিষ্যতে সন্তানকে লালন-পালন করতে কষ্ট হবে, সংসারের ব্যয় বেড়ে যাবে কিংবা আর্থিক সংকট দেখা দেবে, এমন আশঙ্কায় গর্ভপাত করা বৈধ নয়। আল্লাহ তাআলার ওপর ভরসা রেখে হালাল উপায়ে জীবিকা অর্জনের চেষ্টা করতে হবে।
ভ্রূণহত্যা সম্পর্কে কুরআনের নির্দেশনা
ইসলাম মানুষের জীবনকে অত্যন্ত মূল্যবান মনে করে। কোনো নিরপরাধ প্রাণকে অন্যায়ভাবে হত্যা করা মহাপাপ। আল্লাহ তাআলা কিয়ামতের দিনের ভয়াবহতা বর্ণনা করতে গিয়ে বলেন: وَإِذَا الْمَوْءُودَةُ سُئِلَتْ بِأَيِّ ذَنْبٍ قُتِلَتْঅর্থ: যখন জীবন্ত প্রোথিত কন্যাশিশুকে জিজ্ঞাসা করা হবে, কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছিল? (সূরা আত-তাকভীর: ৮-৯)
অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন: مَنْ قَتَلَ نَفْسًا بِغَيْرِ نَفْسٍ أَوْ فَسَادٍ فِي الْأَرْضِ فَكَأَنَّمَا قَتَلَ النَّاسَ جَمِيعًاঅর্থ: যে ব্যক্তি কোনো প্রাণের বিনিময় ছাড়া অথবা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টির অপরাধ ছাড়া কাউকে হত্যা করল, সে যেন সমগ্র মানবজাতিকে হত্যা করল।(সূরা আল-মায়িদা: ৩২)
এ আয়াতগুলো থেকে বোঝা যায়, নিরপরাধ প্রাণের নিরাপত্তা ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বিনা শরয়ি কারণে গর্ভস্থ সন্তানকে নষ্ট করা কোনোভাবেই হালকা বিষয় নয়।
চার মাসের আগে গর্ভপাত কি সব অবস্থায় জায়েজ?
অনেকের ধারণা, গর্ভের বয়স চার মাসের কম হলেই যেকোনো কারণে গর্ভপাত করা যায়। এ ধারণা সঠিক নয়। রুহ ফুঁকে দেওয়ার আগের সময়েও গর্ভপাতের অনুমতি স্বয়ংক্রিয়ভাবে পাওয়া যায় না। বরং এ সময়ও শরয়ি ওজর ও প্রয়োজন বিবেচনা করতে হয়।
নবদম্পতি এখনই সন্তান নিতে চান না, কয়েক বছর স্বামী-স্ত্রী নিজেদের মতো সময় কাটাতে চান, সন্তান বেশি হয়ে গেছে, কিংবা সন্তান জন্মালে সৌন্দর্য ও শারীরিক গঠন নষ্ট হবে, এসব কারণে গর্ভস্থ সন্তানকে নষ্ট করা জায়েজ নয়। এমনকি গর্ভের বয়স এক দিন হলেও বিনা গ্রহণযোগ্য কারণে গর্ভপাতের অনুমতি নেই।
অতএব, চার মাসের কম বয়সের গর্ভপাতের ক্ষেত্রেও শরয়ি প্রয়োজন, ভ্রূণের অবস্থা এবং মায়ের স্বাস্থ্যগত ঝুঁকি বিবেচনা করা জরুরি।
জরায়ু অপসারণ বা প্রজননক্ষমতা স্থায়ীভাবে বন্ধ করার বিধান
জন্মনিয়ন্ত্রণের ক্ষেত্রে কখনো এমন পদ্ধতি গ্রহণ করা হয়, যার মাধ্যমে নারী বা পুরুষের সন্তান জন্মদানের ক্ষমতা স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়। যেমন: জরায়ু অপসারণ, প্রজনন অঙ্গের কার্যক্ষমতা নষ্ট করা কিংবা স্থায়ীভাবে সন্তান ধারণের ক্ষমতা বন্ধ করে দেওয়া।
শুধু সন্তান না নেওয়া, সন্তান পালনের ঝামেলা এড়ানো কিংবা ব্যক্তিগত সুবিধার জন্য এ ধরনের স্থায়ী পদ্ধতি গ্রহণ করা শরিয়তসম্মত নয়। তবে কোনো গুরুতর রোগ বা চিকিৎসাগত প্রয়োজনের কারণে চিকিৎসক যদি জরায়ু অপসারণ বা স্থায়ী কোনো ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন এবং বিকল্প নিরাপদ চিকিৎসা না থাকে, তাহলে প্রয়োজনের বিধান অনুযায়ী বিষয়টি বিবেচিত হবে।
হাদিস শরিফে ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত: كُنَّا نَغْزُوْ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْسَ لَنَا نِسَاءٌ فَقُلْنَا يَا رَسُوْلَ اللهِ أَلَا نَسْتَخْصِي فَنَهَانَا عَنْ ذَلِكَ.অর্থ: আমরা রাসুলুল্লাহ ﷺ-এর সঙ্গে যুদ্ধে অংশগ্রহণ করতাম। আমাদের সঙ্গে আমাদের স্ত্রীগণ থাকতেন না। তাই আমরা বললাম, হে আল্লাহর রাসুল! আমরা কি খাসি হয়ে যাব? তিনি আমাদের তা করতে নিষেধ করলেন।(সহিহ বুখারি, হাদিস: ৫০৭৫)এ হাদিস থেকে অকারণে প্রজননক্ষমতা নষ্ট করার নিষেধাজ্ঞা বোঝা যায়।
জন্মনিয়ন্ত্রণের পদ্ধতি ও তার বিধান
সাধারণত জন্মনিয়ন্ত্রণের পদ্ধতি দুই ধরনের হয়ে থাকে।
এক. স্থায়ী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি
এ পদ্ধতিতে নারী বা পুরুষের সন্তান জন্মদানের ক্ষমতা স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়। কোনো গ্রহণযোগ্য চিকিৎসাগত প্রয়োজন ছাড়া এ ধরনের পদ্ধতি গ্রহণ করা বৈধ নয়।
আল্লামা বদরুদ্দিন আইনি (রহ.) সহিহ বুখারির ব্যাখ্যায় উল্লেখ করেছেন: وَهُوَ مُحَرَّمٌ بِالِاتِّفَاقِঅর্থ: এটি সর্বসম্মতিক্রমে হারাম।(উমদাতুল কারি: ১৪/১৪)
দুই. অস্থায়ী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি
এ পদ্ধতিতে স্বামী-স্ত্রীর প্রজননক্ষমতা স্থায়ীভাবে নষ্ট হয় না; বরং সাময়িকভাবে গর্ভধারণ প্রতিরোধ করা হয়। যেমন: আযল, কনডম, জেলি, ক্রিম, ফোম, পিল, ইনজেকশন এবং জরায়ুর মুখ সাময়িকভাবে বন্ধ রাখার বিভিন্ন পদ্ধতি।
নিম্নোক্ত প্রয়োজনগুলোতে স্বামী-স্ত্রীর পারস্পরিক সম্মতি ও শরয়ি শর্তসাপেক্ষে অস্থায়ী জন্মনিয়ন্ত্রণের অবকাশ রয়েছে।
১. দুই সন্তানের জন্মের মাঝে কিছু সময়ের বিরতি রাখা, যাতে প্রথম সন্তানের লালন-পালন ও পরিচর্যা যথাযথভাবে করা যায়।
২. কোনো কারণে সন্তান লালন-পালনের সামর্থ্য না থাকলে।
৩. নারীর অসুস্থতা বা শারীরিক দুর্বলতার কারণে গর্ভধারণ বিপজ্জনক হলে।
এ বিষয়ে হযরত জাবির (রা.) থেকে বর্ণিত:عَنْ جَابِرٍ قَالَ كُنَّا نَعْزِلُ عَلَى عَهْدِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَঅর্থ: হযরত জাবির (রা.) বলেন, আমরা রাসুলুল্লাহ ﷺ-এর যুগে আযল করতাম।(সহিহ বুখারি: ২/৭৮৪, বাবুল আযল)এ হাদিস থেকে বোঝা যায়, বিশেষ প্রয়োজনে সাময়িক জন্মনিয়ন্ত্রণের অবকাশ রয়েছে।
অধিক সন্তান গ্রহণে ইসলামের উৎসাহ
ইসলাম সাধারণভাবে অধিক সন্তান লাভের প্রতি উৎসাহিত করেছে। রাসুলুল্লাহ ﷺবলেছেন: تَزَوَّجُوا الْوَدُودَ الْوَلُودَ، فَإِنِّي مُكَاثِرٌ بِكُمُ الْأُمَمَ يَوْمَ الْقِيَامَةِঅর্থ: তোমরা অধিক ভালোবাসে এবং অধিক সন্তান জন্ম দেয়, এমন নারীদের বিবাহ করো। কেননা কিয়ামতের দিন আমি তোমাদের সংখ্যাধিক্যের কারণে অন্যান্য উম্মতের সামনে গর্ব করব।(আবু দাউদ, নাসায়ি)
তাই নিছক ভোগবিলাস, আর্থিক স্বাচ্ছন্দ্য, দৈহিক সৌন্দর্য কিংবা সন্তান বেশি হওয়ার কারণে সন্তান গ্রহণ থেকে বিরত থাকার মানসিকতা ইসলামের সন্তানলাভের উৎসাহের পরিপন্থী।
বিশেষ করে দারিদ্র্যের আশঙ্কায় সন্তান নষ্ট করা কিংবা ভবিষ্যতে সন্তান জন্ম নিলে সংসারের ব্যয় বেড়ে যাবে, এমন ধারণা পোষণ করে গর্ভপাত করা গুরুতর অপরাধ। কারণ রিজিকের প্রকৃত মালিক আল্লাহ তাআলা।
উপসংহার
উপরের আলোচনা থেকে স্পষ্ট হয়, ইসলামে গর্ভপাতের বিধান ভ্রূণের বয়স, মায়ের শারীরিক অবস্থা এবং শরয়ি প্রয়োজনের ওপর নির্ভরশীল। সাধারণ অবস্থায় গর্ভস্থ সন্তানকে নষ্ট করা বৈধ নয়। চার মাসের আগে হলেও বিনা গ্রহণযোগ্য ওজরে গর্ভপাতের অনুমতি নেই। আর ১২০ দিন অতিক্রম করার পর গর্ভপাতের অপরাধ আরও গুরুতর হয়ে যায়। তবে মায়ের জীবন রক্ষার মতো প্রকৃত জরুরি পরিস্থিতিতে বিশেষ বিধান প্রযোজ্য হতে পারে।
একইভাবে স্থায়ী জন্মনিয়ন্ত্রণ সাধারণ অবস্থায় নিষিদ্ধ হলেও গুরুতর চিকিৎসাগত প্রয়োজনের ক্ষেত্রে আলাদা বিধান রয়েছে। অন্যদিকে স্বামী-স্ত্রীর পারস্পরিক সম্মতি ও শরয়ি শর্তসাপেক্ষে সাময়িক জন্মনিয়ন্ত্রণের অবকাশ রয়েছে।
সুতরাং গর্ভপাত কিংবা জন্মনিয়ন্ত্রণের কোনো পদ্ধতি গ্রহণের আগে নিজের ইচ্ছা বা অনুমানের ওপর নির্ভর না করে অভিজ্ঞ চিকিৎসক ও যোগ্য মুফতির পরামর্শ নেওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শরিয়তের বিধান যথাযথভাবে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তাওফিক দান করুন। আমিন।
তথ্যসূত্র:উমদাতুল কারি: ১৪/১৪; ফাতাওয়ায়ে কাজিখান: ৩/৪১০; আদ্দুররুল মুখতার: ১০/২৫৪; ফাতহুল আলিয়্যিল মালিক: ১/৩৯৯; সহিহ বুখারি: হাদিস ৫০৭৫, ২/৭৮৪; সূরা আত-তাকভির: ৮-৯; সূরা আল-মায়িদা: ৩২; সূরা আল-ইসরা: ৩১; সূরা আল-বাকারা: ২৬৮; সুনানে আবু দাউদ; সুনানে নাসাঈ; হায়াতুল মুসলিমিন: ১৮৯।
وَاللهُ أَعْلَمُ بِالصَّوَابِ
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা) ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল