শরিয়তের উদ্দেশ্য হলো, স্বামী-স্ত্রী যেন সুখী দাম্পত্য জীবন যাপন করতে পারে। যেহেতু নারী-পুরুষের বৈবাহিক সম্পর্কের ওপর গোটা মানবজাতির অস্তিত্ব নির্ভরশীল, তাই সম্ভাব্য সব উপায়ে, এমনকি প্রয়োজনে ব্যক্তিস্বার্থ বিসর্জন দিয়ে হলেও ইসলাম স্বামী-স্ত্রীর দাম্পত্য সম্পর্ক ও পারিবারিক বন্ধন রক্ষা করতে উৎসাহিত করেছে। ক্ষুদ্র ক্ষুদ্র কথার কারণে এ বন্ধন ছিন্ন হওয়া ইসলামে কখনোই কাম্য নয়। তবে কখনো যদি পরিস্থিতি প্রতিকূল হয়ে পড়ে এবং স্বামী-স্ত্রীর পক্ষে মহান আল্লাহ তাআলার নির্ধারিত সীমার মধ্যে থেকে বৈবাহিক সম্পর্ক বজায় রাখা কঠিন হয়ে যায় এবং বিবাহ বহাল রাখার আর কোনো উপায় অবশিষ্ট না থাকে, তখন স্বামীর প্রতি আল্লাহর নির্দেশ হলো, সুন্দরভাবে বিচ্ছেদ ঘটিয়ে বৈবাহিক সম্পর্ক ছিন্ন করা। এভাবে বাস্তবতার অনিবার্য প্রয়োজনে ইসলাম বিবাহবিচ্ছেদ তথা তালাকের অনুমোদন দিয়েছে। সুতরাং তালাকের বিধান প্রণয়নের মাধ্যমে ইসলাম কারও ওপর জুলুম করেনি; বরং উভয় পক্ষের মানবিক অধিকার সুনিশ্চিত করেছে। ইসলাম মূলত স্বামীকে তালাক প্রদানের অধিকার দিয়েছে, যাতে যথাসম্ভব তালাকের ঘটনা কম ঘটে। এর পেছনে অবশ্যই হিকমত বা গভীর রহস্য রয়েছে, যা মানুষের বোধগম্য নাও হতে পারে। তবে শরিয়ত তালাকের অধিকার স্বামীকে প্রদান করলেও স্ত্রীকে অধিকারহীন করেনি; বরং তার আত্মরক্ষার জন্য একাধিক ব্যবস্থা রেখেছে। যেমন— ১. তাফবীযে তালাক: বিবাহের আকদের সময় স্ত্রী স্বামীর কাছ থেকে শর্তসাপেক্ষে তালাক গ্রহণের অধিকার নিতে পারে। ২. খোলা: বিবাহের পর স্ত্রী স্বামীর সঙ্গে সমঝোতার ভিত্তিতে বিনিময়ের মাধ্যমে বিবাহবিচ্ছেদ ঘটাতে পারে। ৩. শরয়ী কর্তৃপক্ষের মাধ্যমে বিচ্ছেদ: স্বামী তালাকের অধিকার প্রদান না করলে কিংবা ইসলামসম্মত যৌক্তিক কারণে স্ত্রী বিচ্ছেদ কামনা করার পরও স্বামী তালাক দিতে অস্বীকৃতি জানালে, সে ক্ষেত্রে বাংলাদেশের কোনো নির্ভরযোগ্য কেন্দ্রীয় ফতোয়া বিভাগে স্বামী-স্ত্রীর পূর্ণ অবস্থা বিস্তারিতভাবে উপস্থাপন করতে হবে। মুফতিগণ পরিস্থিতি পর্যবেক্ষণ ও সামগ্রিক বিবেচনায় শরয়ী বিচ্ছেদের সিদ্ধান্ত দিলে, সে অনুযায়ী আইনগত প্রক্রিয়ায় বিচ্ছেদ সম্পন্ন করা যাবে। মুফতিদের বিস্তারিত পর্যবেক্ষণ ও শরয়ী সিদ্ধান্ত ছাড়া শুধু আইনগত প্রক্রিয়ায় বিচ্ছেদ ঘটানো হলে পরিস্থিতিভেদে তা শরিয়তের দৃষ্টিতে অকার্যকর হতে পারে। আল্লাহ না করুন, কারও ক্ষেত্রে যদি এমন হয় যে, শরিয়তের দৃষ্টিতে তালাক সংঘটিত হয়নি, অথচ বাংলাদেশের আইন অনুযায়ী বিচ্ছেদ সম্পন্ন হয়েছে, তাহলে ইসলামী দৃষ্টিকোণ থেকে পরবর্তী বিবাহ শুদ্ধ হবে না। কারণ, শরিয়তের দৃষ্টিতে সে তখনো প্রথম স্বামীর স্ত্রী হিসেবে বহাল থাকবে। এ অবস্থায় অন্যত্র বিবাহ করলে তা ব্যভিচার হিসেবে গণ্য হওয়ার আশঙ্কা রয়েছে। [বিন্নুরি ওয়েবসাইট, ফতোয়া নং: ১৪৪১০৬২০০৩৩০] কাবিননামায় ‘তাফবীযে তালাক’ প্রসঙ্গ স্বামীর প্রদত্ত ক্ষমতাবলে স্ত্রী নিজের ওপর তালাক গ্রহণ করতে পারে। স্বামী কর্তৃক স্ত্রীকে এ অধিকার প্রদান করাকে শরয়ী পরিভাষায় ‘তাফবীযে তালাক’ বলা হয়। বিবাহের সময় উভয় পক্ষ পারস্পরিক সম্মতিক্রমে শর্তসাপেক্ষে কিংবা বিনা শর্তে এ অধিকার প্রদান ও গ্রহণের চুক্তি করতে পারে। আমাদের দেশে সরকারি ব্যবস্থাপনায় মুসলিম বিবাহের তথ্য সংরক্ষণের স্বার্থে কাবিননামার প্রচলন করা হয়েছে, যা শরিয়তপরিপন্থী নয়। তবে এর ব্যবহারপদ্ধতি শরিয়তসম্মত হওয়া জরুরি। আমাদের দেশে প্রচলিত পদ্ধতি অনুযায়ী কাবিননামায় তাফবীযে তালাকের তিনটি পদ্ধতি হতে পারে। ১. বিবাহের পূর্বে কাবিননামা লেখানো এ পদ্ধতি গ্রহণযোগ্য হওয়ার জন্য শর্ত হলো, তালাকের ক্ষমতা প্রদানের বিষয়টি ভবিষ্যৎ বিবাহের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। যেমন বলা হলো, ‘আমি অমুকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর কাবিননামায় প্রদত্ত কোনো শর্তের খেলাফ করলে, আমার স্ত্রী যেকোনো সময় নিজের ওপর তালাক গ্রহণ করে বৈবাহিক সম্পর্ক বিচ্ছিন্ন করতে পারবে।’যদি বিবাহের সঙ্গে সম্পৃক্ত না করে তালাকের ক্ষমতা প্রদান করা হয়, তাহলে উক্ত শর্ত কার্যকর হবে না।আল্লামা আলাউদ্দীন হাসকাফি রহ. বলেন وَمِنْ شَرَائِطِهِ الْمِلْكُ أَوْ مَا يُضَافُ إِلَيْهِ অর্থাৎ, তালাক কার্যকর হওয়ার জন্য মালিকানা থাকা অথবা মালিকানার সঙ্গে সম্পৃক্ত হওয়া শর্ত।যেমন স্বামী স্ত্রীকে বলে, ‘তুমি যদি যাও, তাহলে তুমি তালাক।’ অথবা বিবাহের পূর্বে বলে, ‘আমি যদি তোমাকে বিবাহ করি, তাহলে তুমি তালাক।’ [দুররুল মুখতার, ৪/৫৯৩] অতএব, কোনো বেগানা নারীকে বিবাহের সঙ্গে সম্পৃক্ত না করে যদি বলা হয়, ‘তুমি যদি যায়েদের সঙ্গে দেখা করো, তাহলে তুমি তালাক’, তাহলে উক্ত বক্তব্য কার্যকর হবে না। [আহসানুল ফাতাওয়া, ৫/১৭৮; আল-হিলাতুন নাজেযাহ, পৃ. ৩৮] ২. বিবাহের সময় মৌখিকভাবে তাফবীযের শর্ত করা এক্ষেত্রে নিয়ম হলো, যদি বিবাহের প্রস্তাব প্রথমে মেয়ের পক্ষ থেকে আসে এবং মেয়েপক্ষ বিবাহের জন্য তাফবীযে তালাকের শর্ত আরোপ করে, আর স্বামী তা গ্রহণ করে, তাহলে উক্ত শর্ত অনুযায়ী স্ত্রী তালাক গ্রহণের অধিকারী হবে।আর যদি প্রথমে স্বামীর পক্ষ থেকে বিবাহের প্রস্তাব আসে এবং মেয়েপক্ষ তাফবীযে তালাকের শর্তে তা গ্রহণ করে, তাহলে বিবাহ সহিহ হলেও উক্ত শর্ত কার্যকর হবে না। ফলে স্ত্রী এ শর্তের ভিত্তিতে তালাক গ্রহণের অধিকারী হবে না।আল্লামা শামী রহ. বলেন— وَلَوْ تَزَوَّجَهَا عَلَى أَنَّ أَمْرَهَا بِيَدِهَا صَحَّ، إِنْ بَدَأَتْ بِهِ অর্থাৎ, স্ত্রী যদি এ শর্তে বিবাহের প্রস্তাব দেয় যে, তালাক গ্রহণের ক্ষমতা তার হাতে থাকবে এবং স্বামী তা গ্রহণ করে, তাহলে বিবাহ সহিহ হবে এবং স্ত্রী তালাক গ্রহণের ক্ষমতা লাভ করবে।আর যদি স্বামী প্রথমে বিবাহের প্রস্তাব দেয় এবং স্ত্রী এ শর্তে তা গ্রহণ করে, তাহলে স্ত্রী তালাক গ্রহণের ক্ষমতা লাভ করবে না। [ফাতাওয়ায়ে শামী, ৪/৫৭৩; আহসানুল ফাতাওয়া, ৫/১৭৮] ৩. বিবাহের পর কাবিননামা লেখানো বিবাহের পর স্বামী-স্ত্রী উভয়ের সম্মতিতে তাফবীযে তালাকের শর্ত গ্রহণ করা হলে স্ত্রী উক্ত শর্ত অনুযায়ী নিজের ওপর তালাক গ্রহণের ক্ষমতা লাভ করবে। তবে এক্ষেত্রে তালাক গ্রহণের সময় স্ত্রীকে বলতে হবে, ‘আমি নিজের ওপর তাফবীযে তালাক গ্রহণ করলাম।’ তালাক গ্রহণের অধিকার পাওয়ার পরও যদি স্ত্রী এভাবে তালাক গ্রহণ না করে শুধু স্বামীকে হাজারবার বলে, ‘তোমাকে তালাক দিলাম’ বা ‘আপনাকে তালাক দিলাম’, তাহলে এর দ্বারা তালাক সংঘটিত হবে না। বরং বৈবাহিক সম্পর্ক পূর্বের মতোই বহাল থাকবে। [হাটহাজারী ফতোয়া বিভাগ থেকে প্রকাশিত দরসুল ফিকহ, ১/২৭১; আল-হিলাতুন নাজেযাহ, পৃ. ৪০-৪২] বর্তমানে প্রচলিত নিকাহনামায় স্বাক্ষরের বিধান এ ব্যাপারে প্রথমেই জেনে রাখা দরকার যে, স্ত্রীকে তালাকের অধিকার প্রদান করা স্বামীর ইচ্ছার ওপর নির্ভরশীল। স্বামী চাইলে স্ত্রীকে এ অধিকার দিতে পারে, আবার চাইলে নাও দিতে পারে। শরিয়তের পক্ষ থেকে এ অধিকার প্রদান করার ব্যাপারে স্বামীকে বিশেষভাবে উৎসাহিতও করা হয়নি, আবার নিষেধও করা হয়নি। তবে স্বামী যদি স্ত্রীকে এ অধিকার প্রদান করে, তাহলে স্ত্রী শর্তসাপেক্ষে তালাক গ্রহণের অধিকারী হয়ে যাবে।স্বামী যদি কোনো কারণে স্ত্রীকে তালাকের অধিকার দিতে না চান, কিন্তু পারিবারিক চাপের কারণে দিতে বাধ্য হন, তাহলে তিনি এক তালাকে রজঈর অধিকার নির্দিষ্ট কিছু শর্তের সঙ্গে প্রদান করতে পারেন। যেমন—‘যদি স্বামী কর্তৃক স্ত্রীর ওপর শারীরিক বা মানসিক নির্যাতন করা হয়, অথবা স্বামী নিরুদ্দেশ হয়ে যায় কিংবা স্ত্রীর ভরণপোষণ প্রদান না করে এবং এসব বিষয় স্বামীপক্ষের তিনজন মুরব্বি ও স্ত্রীপক্ষের তিনজন মুরব্বি কর্তৃক সত্যায়িত হয়, তাহলে স্ত্রী নিজের ওপর এক তালাক পতিত করার অধিকার লাভ করবে।’এভাবে নির্দিষ্ট শর্তের ভিত্তিতে স্ত্রীকে এক তালাকের অধিকার প্রদান করা যেতে পারে। তিন তালাকের অধিকার প্রদান করা উচিত নয়। [বিন্নুরি ফতোয়া, ১৪৪০১২২০০৫০৬] সুতরাং কেউ যদি বিবাহের আকদের সময় এভাবে স্ত্রীকে তালাকের অধিকার প্রদান করে এবং পরবর্তী সময়ে কাবিননামায় উল্লেখিত শর্তগুলো বাস্তবে পাওয়া যায়, তাহলে স্ত্রী নিজের ওপর তালাক পতিত করার ক্ষমতা রাখবে।তবে শর্ত হলো, স্বামীকে উক্ত শর্তগুলো মেনে নিয়ে কাবিননামায় স্বাক্ষর করতে হবে। অনুরূপভাবে কাবিননামার শর্তগুলো মেনে নিয়ে স্বাক্ষর করলে, সেগুলো পড়ুক বা না পড়ুক, তা কার্যকর হবে। বিশেষ দ্রষ্টব্য: যদি স্বামী কাবিননামা পূরণ করার পূর্বেই স্বাক্ষর করে এবং পরবর্তী সময়ে কাজী সাহেব ১৮ নম্বর ধারায় শর্তগুলো লিখে দেন, তাহলে প্রচলিত রীতি ও পরিস্থিতি অনুযায়ী স্বামীর সম্মতি সাব্যস্ত হওয়ার বিষয়টি বিবেচিত হবে। কেননা, বর্তমান সমাজের প্রচলন অনুযায়ী নিকাহ রেজিস্ট্রারগণ নিষেধ না করা হলে ১৮ নম্বর ধারায় স্ত্রীকে তালাক গ্রহণের ক্ষমতা প্রদানের বিষয়টি লিখে থাকেন। তাই এ ধরনের ক্ষেত্রে স্বামীর স্বাক্ষর ও সম্মতির প্রকৃত অবস্থা যাচাই করা জরুরি।আল্লামা শামী রহ. বলেন—স্বামী যদি লেখককে বলে, তার স্ত্রীর জন্য ‘তালাক’ কথাটি লিখে দিতে, তাহলে তা তালাকের স্বীকারোক্তি হিসেবে গণ্য হবে। যদিও স্বামী নিজে তালাকনামা না লেখে। অনুরূপভাবে লেখকের মাধ্যমে স্ত্রীর তালাকনামা লেখানোর পর স্বামী তা গ্রহণ করে সিল-স্বাক্ষর করে স্ত্রীর কাছে পাঠালে এবং সেটিকে নিজের পক্ষ থেকে প্রেরিত বলে স্বীকার করলে, তা স্ত্রীর কাছে পৌঁছামাত্র তালাক কার্যকর হবে। [ফাতাওয়ায়ে শামী, ৪/৪৫৬; ফাতাওয়ায়ে কাসেমিয়া, ১৬/১৮৫; ফাতাওয়ায়ে মাহমুদিয়া, ৯/৩২৫; আল-মুহীতুল বুরহানী, ৩/২৩৯; ফাতাওয়ায়ে আলমগীরি, ১/৩৭৯; দরসুল ফিকহ, ১/২৭১] বর্তমানে সরকারি কাবিননামার ১৮ নম্বর কলামে তাফবীযে তালাকের বিষয়টি উল্লেখ থাকাবস্থায় বিবাহের পর স্বামী জেনে কিংবা না জেনে স্বাক্ষর করলে, কাবিননামায় উল্লিখিত শর্তসাপেক্ষে স্ত্রী নিজের ওপর তালাক প্রয়োগের অধিকারিণী হবে।তবে যদি কাবিননামার ১৮ নম্বর ধারা সম্পূর্ণ খালি থাকা অবস্থায় স্বামী স্বাক্ষর করে, তাহলে স্ত্রী তালাক গ্রহণের ক্ষমতা লাভ করবে না। [ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত, ৭/২৪৩; আদ-দুররুল মুখতার, ৩/৩১৫] অন্যদিকে, স্বামী কাবিননামায় স্বাক্ষর করার পর তাঁর অজান্তে ১৮ নম্বর ধারা পূরণ করা হলে কিংবা উক্ত কলামে উল্লেখিত কোনো শর্ত বাস্তবে পাওয়া না গেলে, স্ত্রী তালাক গ্রহণের অধিকারী হবে না। এ অবস্থায় স্ত্রী কর্তৃক তালাক গ্রহণ করাও শুদ্ধ হবে না। [ফাতহুল কাদীর, ৩/৪২৭; বাহরুর রায়েক, ৩/৫৫২] তাফবীযে তালাকের মাধ্যমে কত তালাক পতিত হবে? স্বামীপ্রদত্ত ক্ষমতাবলে স্ত্রী নিজের ওপর তালাক গ্রহণের অধিকার রাখে। তবে কত তালাক পতিত হবে, তা বিবেচিত হবে তালাকের ক্ষমতা প্রদানের সময় স্বামীর নিয়তের ওপর।স্বামী যদি ক্ষমতা প্রদানের সময় তিন তালাকের নিয়ত করে অথবা তিন তালাকের কথা লিখে দেয়, তাহলে স্ত্রী উক্ত ক্ষমতা প্রয়োগ করলে তিন তালাক পতিত হবে। এ অবস্থায় পুনরায় তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া বৈধ হবে না, যতক্ষণ না শরিয়তসম্মত হালালার শর্ত পূর্ণ হয়।আর যদি স্বামী এক তালাকের নিয়ত করে অথবা এক তালাকের কথা লিখে দেয়, তাহলে এক তালাকে রজঈ পতিত হবে। ইদ্দতের মধ্যে স্বামী স্ত্রীকে ফিরিয়ে নিলে নতুন করে বিবাহের প্রয়োজন হবে না। [ফাতহুল কাদীর, ৩/৪২৭]আর যদি স্বামী তালাকের ক্ষমতা অর্পণ করার সময় কোনো সংখ্যা উল্লেখ না করে, তাহলে স্ত্রী এক তালাকে রজঈর অধিকারী হবে। আর যদি নির্দিষ্ট সংখ্যা উল্লেখ করে, তাহলে সে অনুযায়ী তালাকের অধিকারী হবে। [ফাতাওয়ায়ে আলমগীরি, ১/৩৮৯; ফাতাওয়ায়ে দারুল উলুম দেওবন্দ, ১০/৩৮] তাফবীযে তালাকের ক্ষমতা কতক্ষণ পর্যন্ত কার্যকর থাকবে? স্বামী স্ত্রীকে তালাকের ক্ষমতা অর্পণ করার সময় যদি এমন শব্দ উচ্চারণ করে বা লিখে দেয়, যার দ্বারা সব সময় তালাক প্রদানের ক্ষমতা বুঝানো হয়, তাহলে স্ত্রী যেকোনো সময় উক্ত ক্ষমতা প্রয়োগ করতে পারবে।আর যদি এমন কোনো শব্দ ব্যবহার না করে, তাহলে তালাক প্রদানের ক্ষমতা সংশ্লিষ্ট মজলিসের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। [আদ-দুররুল মুখতার, ৩/৩১৫] স্বামী কি তাফবীযে তালাকের ক্ষমতা ফিরিয়ে নিতে পারবে? স্ত্রীকে শর্তসাপেক্ষে তালাকের ক্ষমতা প্রদান করার পর স্বামীর জন্য তা ফিরিয়ে নেওয়ার অধিকার থাকে না। সুতরাং স্ত্রীকে তালাকের ক্ষমতা প্রদান করার পর নির্ধারিত শর্ত পাওয়া গেলে স্ত্রী নিজের ওপর তালাক গ্রহণ করলে, স্বামী তা মেনে না নিলেও কিংবা পরবর্তী সময়ে তালাক দেওয়ার ইচ্ছা না থাকলেও তালাক কার্যকর হয়ে যাবে। [ফাতাওয়ায়ে আলমগীরি, ১/৩৮৭; ফাতাওয়ায়ে কাসেমিয়া, ৫/২২৮] পরামর্শ যাঁরা এখনো বিবাহ করেননি, তাঁদের জন্য পরামর্শ হলো, বিবাহের আগে কাবিননামার ১৮ নম্বর ধারা ও তাফবীযে তালাকের বিষয়টি সম্পর্কে নির্ভরযোগ্য কোনো মুফতি সাহেবের কাছ থেকে বিস্তারিত জেনে নেওয়া।আর বিবাহিত জীবনে কেউ যদি তাফবীযে তালাকের সম্মুখীন হয়ে থাকেন, তাহলে স্বামী-স্ত্রী উভয়ে কাবিননামা, তালাকনামা এবং সংশ্লিষ্ট প্রমাণাদি নিয়ে সরাসরি নিকটস্থ কোনো নির্ভরযোগ্য কেন্দ্রীয় ফতোয়া বিভাগে যোগাযোগ করবেন। নিজেরা অনুমান করে কিংবা শুধু আইনগত প্রক্রিয়ার ওপর নির্ভর করে কোনো সিদ্ধান্ত নেবেন না।কেননা, তাফবীযে তালাকের ক্ষেত্রে কাবিননামার ভাষা, স্বামীর সম্মতি, তালাক প্রদানের শর্ত, ক্ষমতা প্রদানের সময়কার নিয়ত এবং ক্ষমতা প্রয়োগের পদ্ধতি—সবকিছুই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বাস্তব ঘটনা ও দলিলাদি যাচাই করে শরয়ী সিদ্ধান্ত গ্রহণ করা আবশ্যক।



মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা