মৌখিক ও লিখিত তালাকের বিধান: তালাকনামায় স্বাক্ষর করলে কি তালাক কার্যকর হয়?


ইসলামী শরিয়তে তালাক হচ্ছে বৈবাহিক সম্পর্ক ছিন্ন করার চূড়ান্ত পদক্ষেপ। দাম্পত্য জীবনের সমস্যা যখন জটিল আকার ধারণ করে এবং তা নিরসনের আর কোনো উপায় অবশিষ্ট থাকে না, তখন সেখান থেকে নিষ্কৃতির শেষ উপায় হিসেবে তালাকের অনুমোদন দেওয়া হয়েছে।

তাই তালাকের ব্যাপারে অত্যন্ত ভেবেচিন্তে এবং বিজ্ঞজনের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। কথায় কথায় তালাক দেওয়া, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তালাক দেওয়া এবং একসঙ্গে তিন তালাক দেওয়া—সবই গুনাহের কাজ। মুসলমানদের এসব থেকে বেঁচে থাকা উচিত।

আরও উল্লেখ্য যে, শরিয়তে তালাক অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয়। তালাকের শব্দ ইচ্ছায় বা অনিচ্ছায়, রাগান্বিত কিংবা স্বাভাবিক অবস্থায়, এমনকি ঠাট্টাচ্ছলেও উচ্চারণ করা হলে তা কার্যকর হয়ে যেতে পারে। তাই এ ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকা জরুরি।

মৌখিক ও লিখিত তালাকের শরয়ী বিধান

১. মৌখিক ও লিখিত উভয় পদ্ধতিতেই তালাক কার্যকর হয়।

জেনে রাখা ভালো, মৌখিকভাবে তালাক দিলে তা কার্যকর হয়ে যায়। অনুরূপভাবে লিখিতভাবে তালাক দিলেও তা কার্যকর হয়। স্বামী-স্ত্রীর পক্ষ থেকে যে পত্রের মাধ্যমে তালাক লিখে পাঠানো হয়, তাকে ‘তালাকনামা’ বলা হয়।

২. তালাকনামা স্ট্যাম্প পেপারে হোক বা সাধারণ কাগজে, স্বাক্ষর থাকুক বা না থাকুক—

যদি স্বামী নিজে তালাকনামা তৈরি করে অথবা অন্য কাউকে দিয়ে নিজে লিখিয়ে নেয়, তাহলে তাতে যত তালাক লেখা থাকবে, তত তালাকই কার্যকর হবে।

যদি এক বা দুই তালাক স্পষ্টভাবে লেখা থাকে, তাহলে ইদ্দতের মধ্যে স্বামী স্ত্রীকে রাজআত তথা ফিরিয়ে নিতে পারবে। আর ইদ্দত শেষ হয়ে গেলে উভয়ে নতুন মোহর নির্ধারণ করে সাক্ষীদের উপস্থিতিতে পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারবে।

পক্ষান্তরে, যদি তালাকনামায় তিন তালাক লেখা থাকে, তাহলে ইদ্দতের মধ্যে রাজআত করা জায়েজ হবে না এবং ইদ্দত শেষ হওয়ার পরও নতুন করে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ হবে না। [বিন্নুরি ফতোয়া]

৩. তালাকের স্বীকৃতি ও লিখিত তালাকের বিধান

যেভাবে ‘তালাক’ শব্দ উচ্চারণের মাধ্যমে তালাক কার্যকর হয়ে যায়, তেমনিভাবে লেখার মাধ্যমে কিংবা লিখিত তালাকনামা বা স্ট্যাম্পে স্বাক্ষর করার মাধ্যমেও তালাক কার্যকর হতে পারে। তালাক পতিত হওয়ার জন্য মুখে উচ্চারণ করা জরুরি নয়। তদ্রূপ লিখিত তালাক স্ত্রীর কাছে প্রেরণ করা বা পৌঁছানোও সর্বাবস্থায় জরুরি নয়।

এমনিভাবে তালাকের স্বীকৃতি দিলেও তা তালাক হিসেবে গণ্য হতে পারে।

[কিতাবুল আছল, ৪/৫১৬; ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়্যাহ, ২/৭৯; খুলাসাতুল ফাতাওয়া, ২/৯১; আল-মুহীতুল বুরহানী, ৪/৪৮৪; ফাতহুল কাদীর, ৩/৪০৩; আল-বাহরুর রায়েক, ৩/২৪৯; রদ্দুল মুহতার, ৩/২৪৬]

মুসান্নাফে ইবনে আবী শায়বায় রয়েছে—

عن حماد قال: إذا كتب الرجل إلى امرأته - إلى - أما بعد! فأنت طالق فهي طالق، وقال ابن شبرمة: هي طالق

হাম্মাদ রহ. বলেন, কোনো ব্যক্তি যদি তার স্ত্রীর কাছে পত্র লিখে বলে, ‘অতঃপর, তুমি তালাক’, তাহলে তার স্ত্রী তালাকপ্রাপ্তা হয়ে যাবে। ইবনে শুবরুমাও একই মত ব্যক্ত করেছেন।

[মুসান্নাফে ইবনে আবী শায়বা, কিতাবুত তালাক, বাবু ফির রাজুলি ইয়াকতুবু তালাকা ইমরাআতিহি বিয়াদিহি, ৯/৫৬২, হাদিস নং ১৮৩০৪, মুআসসাসাতু উলূমিল কুরআন]

ফাতাওয়ায়ে শামীতে রয়েছে—ولو أقر بالطلاق كاذباً أو هازلاً وقع قضاءً لا ديانةً

অর্থাৎ, কেউ যদি মিথ্যাচ্ছলে কিংবা ঠাট্টাচ্ছলে তালাকের স্বীকৃতি দেয়, তাহলে বিচারিকভাবে তালাক কার্যকর হবে; তবে দিয়ানাতের দৃষ্টিতে কার্যকর হবে না।

[রদ্দুল মুহতার, ৩/২৩৬, কিতাবুত তালাক, মাকতাবাতু সাঈদ]

তালাকনামা লেখা ও স্বাক্ষর করার বিভিন্ন অবস্থা

১. লেখককে তালাক লিখতে বললে

স্বামী যদি কাজী বা লেখককে নিজের স্ত্রীর তালাক লিখতে বলে, তাহলে তা তালাকের স্বীকৃতি হিসেবে গণ্য হবে। লেখক বাস্তবে তালাকনামা লিখুক বা না লিখুক, স্বামীর এ বক্তব্যের দ্বারাই তালাকের স্বীকৃতি সাব্যস্ত হবে।

ফাতাওয়ায়ে শামীতে রয়েছে—

ولو قال للكاتب: اكتب طلاق امرأتي كان إقراراً بالطلاق وإن لم يكتبঅর্থাৎ, স্বামী যদি লেখককে বলে, ‘আমার স্ত্রীর তালাক লিখে দাও’, তাহলে তা তালাকের স্বীকৃতি বলে গণ্য হবে; যদিও লেখক বাস্তবে তা না লেখে।

[রদ্দুল মুহতার, ৩/২৪৬]

২. সাদা কাগজ বা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার পর অজান্তে তালাকের বিবরণ লেখা হলে

স্বামীর কাছ থেকে সাদা কাগজে বা স্ট্যাম্প পেপারে স্বাক্ষর নিয়ে পরবর্তী সময়ে তার অজান্তে তাতে তালাকের বিবরণ লিখে দেওয়া হলে, এর দ্বারা কোনো তালাক পতিত হবে না।

কিফায়াতুল মুফতীতে এসেছে—

সাদা স্ট্যাম্প পেপারে স্বাক্ষর করার দ্বারা কোনো তালাক সংঘটিত হবে না, যদিও স্বাক্ষর করার পর লোকজন তাতে তালাকের বিবরণ লিখে নেয়।

[কিফায়াতুল মুফতি, ৬/৭৬]

৩. উকিলকে তালাকনামা লেখার সাধারণ ক্ষমতা প্রদান করলে

কোনো ব্যক্তি যদি উকিলকে সাধারণভাবে তালাকনামা লেখার ক্ষমতা প্রদান করে এবং উকিলদের তিন তালাক লেখার প্রচলন রয়েছে বলে সবাই জানে, এমনকি আদেশদাতাও আগে থেকে জানে যে উকিলদের প্রচলিত নিয়ম হলো তিন তালাক লেখা, অতঃপর উকিল তালাকনামা লেখার পর স্বামী নিজ ইচ্ছায় তাতে স্বাক্ষর করে, অথচ নিজে পড়ে দেখে না কিংবা অন্য কাউকে দিয়ে পড়িয়েও শোনে না, তাহলে এ অবস্থায় তালাকনামায় যত তালাক লেখা থাকবে, তত তালাকই কার্যকর হবে। সুতরাং তিন তালাক লেখা থাকলে তিন তালাকই কার্যকর হবে।

তবে স্বামী যদি কসম করে দাবি করে যে, তার জানা ছিল না যে ওই এলাকার উকিলদের তিন তালাক লেখার প্রচলন রয়েছে এবং তার নিয়ত ছিল এক তালাক লেখানোর, তাহলে তিন তালাক কার্যকর হবে না; বরং স্বামীর দাবিকৃত সংখ্যা অনুযায়ী তালাক কার্যকর হবে।

[ফাতাওয়ায়ে কাসেমিয়া, ১৫/১১৫; ফাতাওয়ায়ে দারুল উলুম দেওবন্দ, ৯/১৮৭]

৪. তালাকনামায় চিরস্থায়ী বিচ্ছেদের কথা লেখা হলে

কেউ যদি তালাকনামায় লেখে, ‘আমরা উভয়ে নিজ ইচ্ছায় খুশিমনে একে অপর থেকে চিরকালের জন্য পৃথক হয়ে যাচ্ছি। আজ থেকে আমাদের একে অপরের সঙ্গে কোনো সম্পর্ক নেই।’

তাহলে স্বামীর লেখা বা উক্তি ‘আমরা উভয়ে নিজ ইচ্ছায় চিরকালের জন্য পৃথক হয়ে যাচ্ছি’—এ কথার মাধ্যমে যদি স্বামীর তালাকের নিয়ত থাকে, তাহলে স্ত্রীর ওপর এক তালাকে বায়েন পতিত হবে। এ অবস্থায় পুনরায় সংসার করতে চাইলে নতুন মোহর নির্ধারণ করে বিবাহ নবায়ন করতে হবে।

[ফাতাওয়ায়ে আলমগীরি, ১/৩৭৫; ফাতাওয়ায়ে কাসেমিয়া, ১৫/১৩১]

৫. না পড়ে, না শুনে শুধু অন্যের কথায় স্বাক্ষর করলে

স্বামী যদি নিজে তালাকনামা তৈরি না করে, অন্য কাউকে দিয়েও তৈরি না করায় এবং তাকে তালাকনামা পড়েও না শোনানো হয়, এমনকি সে মুখেও তালাক না দেয়, তাহলে এ অবস্থায় তালাকনামার বিষয়বস্তু না পড়ে ও না শুনে শুধু কারও কথায় স্বাক্ষর করার কারণে তালাক পতিত হবে না।

[ফাতাওয়ায়ে শামী, ৩/২৪৭; ফাতাওয়ায়ে কাসেমিয়া, ১৫/২০৮]

রদ্দুল মুহতারে রয়েছে—

«وكذا كل كتاب لم يكتبه بخطه ولم يمله بنفسه لا يقع الطلاق ما لم يقر أنه كتبه»

অর্থাৎ, অনুরূপভাবে কোনো লিখিত দলিল যদি স্বামী নিজ হাতে না লেখে এবং নিজে অন্য কাউকে দিয়ে লিখিয়েও না নেয়, তাহলে যতক্ষণ না সে স্বীকার করে যে, এটি সে লিখিয়েছে, ততক্ষণ এর দ্বারা তালাক কার্যকর হবে না।

[রদ্দুল মুহতার, ৩/২৪৭]

জোরপূর্বক তালাক উচ্চারণ করালে তালাক কার্যকর হবে কি?

কোনো স্বামীকে জোরপূর্বক মৌখিকভাবে তালাক উচ্চারণ করানো হলে হানাফি মাযহাব অনুযায়ী তালাক কার্যকর হয়ে যায়। একে ফিকহের পরিভাষায় ‘তালাকে মুকরাহ’ বলা হয়। সুতরাং হানাফি মাযহাবের গ্রহণযোগ্য মতানুযায়ী জবরদস্তি করে তালাক উচ্চারণ করালেও তা কার্যকর হবে।



মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা