নামাজে চেয়ার ব্যবহারের শরয়ি বিধান সম্পর্কে পূর্বে “নামাযে চেয়ার ব্যবহারের শরয়ী বিধান: ওযর, সক্ষমতা ও নির্দেশনা” এই শিরোনামে একটি প্রবন্ধ প্রকাশিত হয়েছে। এবার এ-সংক্রান্ত মাসআলাগুলো পাঠকদের সামনে আরও সুস্পষ্টভাবে তুলে ধরার লক্ষ্যে বিষয়টির বিস্তারিত আলোচনা পেশ করা হলো।
একসময় মসজিদে চেয়ার আনা এবং তাতে বসে নামাজ পড়ার কল্পনাও করা যেত না। কিন্তু বিগত কয়েক বছরে মসজিদগুলোতে চেয়ারে বসে নামাজ আদায়কারীর সংখ্যা এমনভাবে বৃদ্ধি পেয়েছে যে, তা দেখে সত্যিই হতবাক হতে হয়। তাঁদের মধ্যে অনেকেরই শরিয়তসম্মত ওজর নেই; নিছক আরামের জন্য তাঁরা এমনটি করে থাকেন। এমনকি কতিপয় মুসল্লি রুকু-সিজদার মাধ্যমে মাটিতে বসে নামাজ আদায়ে সক্ষম হওয়া সত্ত্বেও নির্দ্বিধায় চেয়ারে বসে নামাজ আদায় করে চলেছেন।
এসব অবস্থা মূলত চেয়ারে বসে নামাজ পড়ার বিধান না জানার কারণেই হচ্ছে। তাই উক্ত বিষয়ে শরয়ি বিধান নিম্নে আলোচনা করা হলো।
১. যিনি দাঁড়াতে, রুকু ও সিজদা করতে সক্ষম নন, তাঁর নামাজের বিধান
যে ব্যক্তি কিয়াম, রুকু ও সিজদা—কোনোটিই করতে সক্ষম নন, তিনি যদি জমিনে বসে নামাজ পড়তে সক্ষম হন, তাহলে তাঁর জন্য যেভাবে বসা সহজ হয়, সেভাবেই জমিনে বসে ইশারায় নামাজ আদায় করবেন। তবে তাশাহহুদের বৈঠকের মতো বসা উত্তম।
এ ধরনের ব্যক্তির জন্য চেয়ারে বসে নামাজ আদায় করা জায়েজ আছে, তবে তা উত্তম নয়।
কিন্তু যিনি রুকু-সিজদা করতে সক্ষম, তিনি এমনটি করলে তাঁর নামাজই হবে না।
তবে যিনি জমিনে বসতেও সক্ষম নন, অথবা জমিনে বসে নামাজ পড়তে তাঁর খুব কষ্ট হয়, তিনি যদি কোনো কিছুর সঙ্গে হেলান দিয়ে জমিনে বসে নামাজ পড়তে সক্ষম হন, তাহলে তাঁর জন্য সেভাবে নামাজ পড়াই উত্তম। তবে তাঁর জন্য চেয়ারে বসে নামাজ পড়ারও সুযোগ রয়েছে।
এমনকি ইশারায় নামাজ আদায় করার ক্ষেত্রেও যথাসম্ভব চেয়ারে না বসা উত্তম। কেননা, জমিনে বসে নামাজ আদায় করাই উত্তম ও মাসনুন তরিকা। সাহাবায়ে কেরাম রা. এবং পরবর্তী ফকিহগণের আমলও এর ওপর ছিল।
খাইরুল কুরুনে—অর্থাৎ সাহাবা, তাবেয়িন ও তাবে-তাবেয়িনের যুগে—চেয়ারে বসে নামাজ পড়ার কোনো নজির বা প্রমাণ পাওয়া যায় না। সম্ভবত এ কারণেই অসুস্থ ব্যক্তির নামাজের বিভিন্ন বিধান আলোচনার সময় চেয়ার বা উঁচু স্থানে বসার বিষয়টি আলোচিত হয়নি। অথচ সে যুগেও অসুস্থ ব্যক্তি ও পঙ্গু মানুষের অভাব ছিল না।
হজরত ইবনে আব্বাস রা. বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অসুস্থ ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়বে। এতে কষ্ট হলে বসে নামাজ পড়বে। এতেও কষ্ট হলে শুয়ে মাথার ইশারায় নামাজ আদায় করবে। তাতেও কষ্ট হলে তাসবিহ পাঠ করতে থাকবে। (আল-মু‘জামুল আওসাত: ৩/১০৩।)
আল্লামা বদরুদ্দীন আইনি রহ. বলেন, কোনো অসুস্থ ব্যক্তি নিজের শক্তিতে বসতে অক্ষম হলেও যদি কোনো কিছুর ওপর ঠেস দিয়ে অথবা মানুষ, দেয়াল কিংবা বালিশের সঙ্গে হেলান দিয়ে বসতে সক্ষম হয়, তাহলে সেভাবেই নামাজ পড়বে। শুয়ে নামাজ পড়লে তা জায়েজ হবে না। (আল-মু‘জামুল আওসাত: ৩/১০৩।)
উল্লিখিত দলিলগুলোতে অসুস্থ ব্যক্তির বিভিন্ন অবস্থা ও তার বিধান আলোচনা করা হয়েছে। কিন্তু চেয়ার বা কোনো উঁচু স্থানে বসার কথা উল্লেখ করা হয়নি। অথচ সে যুগেও চেয়ার ও অন্যান্য উঁচু বস্তু ব্যবহারের সুযোগ ছিল, যা অসুস্থ ব্যক্তির জন্য আরামদায়ক হতে পারত। এ থেকে বোঝা যায়, অসুস্থ ব্যক্তি জমিনে বসে নামাজ আদায় করতে সক্ষম হলে চেয়ারে না বসাই উচিত।
২. দাঁড়াতে অক্ষম, কিন্তু রুকু-সিজদা করতে সক্ষম ব্যক্তির নামাজ
যে ব্যক্তি স্বাভাবিকভাবে দাঁড়াতে পারেন না, কিন্তু রুকু-সিজদা করতে পারেন, তিনি যদি লাঠি, দেয়াল বা অন্য কোনো কিছুর সাহায্যে কিয়ামের পূর্ণ সময় দাঁড়িয়ে থাকতে সক্ষম হন, তাহলে তাঁর জন্য হেলান দিয়ে দাঁড়িয়ে নামাজ পড়া জরুরি। এ অবস্থায় বসে নামাজ পড়লে নামাজ হবে না।(ফাতাওয়া আলমগীরি: ১/১৯৬।)
অনুরূপভাবে, যে ব্যক্তি রুকু-সিজদা করতে পারেন, কিন্তু কিরাতের পূর্ণ সময় লাঠি, দেয়াল বা অন্য কিছুর সাহায্য নিয়েও দাঁড়িয়ে থাকতে পারেন না, তিনি যতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারেন, ততক্ষণ দাঁড়িয়েই নামাজ পড়া ফরজ। এমনকি তাকবিরে তাহরিমা বলতে যতটুকু সময় লাগে, ততটুকু সময়ও যদি দাঁড়িয়ে থাকতে পারেন, তাহলে তাকবিরে তাহরিমা দাঁড়িয়েই বলতে হবে। এরপর যখন দাঁড়িয়ে থাকতে অপারগ হয়ে যাবেন, তখন বসে পড়বেন।
এ ধরনের ব্যক্তি যদি প্রথম থেকেই জমিনে বা চেয়ারে বসে নামাজ শুরু করেন, তাহলে তাঁর নামাজ শুদ্ধ হবে না। এ অবস্থায় তাঁর জন্য শুরু থেকেই চেয়ারে বসে নামাজ পড়ার সুযোগ নেই।
আল্লামা আবু জাফর আল-হিন্দওয়ানি রহ. বলেন, কেউ যদি কিছু সময় দাঁড়াতে সক্ষম হন, তাহলে ততটুকু সময়ই দাঁড়াবেন—যদিও তা এক আয়াত তিলাওয়াত করা বা তাকবির বলার সমপরিমাণ সময় হয়। এরপর প্রয়োজনে বসতে পারবেন। এমনটি না করলে তাঁর নামাজ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এটাই সঠিক মত। আমাদের ফকিহগণ থেকে এর বিপরীত কোনো মত বর্ণিত হয়নি। (বাহরুর রায়েক: ২/১৯৮।)
৩. দাঁড়াতে সক্ষম, কিন্তু রুকু-সিজদা করতে অক্ষম ব্যক্তির নামাজ
যে ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়তে সক্ষম, কিন্তু রুকু-সিজদা করতে অক্ষম; অথবা রুকু করতে সক্ষম, কিন্তু সিজদা করতে অক্ষম, তিনি দাঁড়িয়ে বা বসে—যেভাবে ইচ্ছা নামাজ আদায় করতে পারেন।
আল্লামা আবুল হুসাইন আহমাদ ইবনে আবু বকর আল-কুদুরি রহ. বলেন, কেউ যদি দাঁড়াতে সক্ষম হন, কিন্তু রুকু-সিজদা করতে অক্ষম হন, তাহলে তাঁর জন্য দাঁড়ানো আবশ্যক নয়। তিনি বসে ইশারার মাধ্যমে রুকু-সিজদা করে নামাজ আদায় করতে পারবেন।আল-কুদুরি: পৃষ্ঠা ৩৩।
তবে অনেকের অভিমত হলো, যতটুকু সম্ভব দাঁড়িয়ে কিয়ামের ফরজ আদায় করতে হবে। এরপর সম্ভব হলে রুকু করবেন। তারপর তাঁর জন্য দুটি পন্থা রয়েছে; যেকোনো একটি অবলম্বন করতে পারবেন।
এক. বসে ইশারার মাধ্যমে সিজদা আদায় করা। এটি উত্তম।
দুই. দাঁড়িয়ে ইশারার মাধ্যমে সিজদা আদায় করা। এ ক্ষেত্রে সিজদার জন্য মাথাকে রুকুর তুলনায় একটু বেশি নিচু করবেন।
৪. চেয়ারে বসে টেবিলের ওপর সিজদা করার বিধান
যে ব্যক্তি জমিনে সিজদা করতে অক্ষম, তিনি দাঁড়িয়ে হোক বা বসে—ইশারার মাধ্যমেই সিজদা করবেন। সামনে তক্তা, টেবিল, বালিশ অথবা অন্য কোনো বস্তু রেখে তার ওপর সিজদা করবেন না।
কেউ এমনটি করলে তা প্রকৃত সিজদা হিসেবে গণ্য হবে না; বরং ইশারা হিসেবেই বিবেচিত হবে। এ ক্ষেত্রে নামাজ হয়ে গেলেও নিয়মবহির্ভূত পদ্ধতিতে এমনটি করা উচিত নয়।
চেয়ারে বসে সামনে টেবিল ইত্যাদির ওপর কপাল রাখাকে প্রকৃত সিজদা বলা যায় না। এর দুটি কারণ উল্লেখ করা হয়—
প্রথমত:সিজদার জন্য উভয় হাঁটু জমিনে রাখা শর্ত।
দ্বিতীয়ত:সিজদার সময় কপালের স্থান কোমরের স্থান থেকে নিচু হওয়া আবশ্যক। কিন্তু চেয়ারে বসে সামনের কোনো বস্তুর ওপর কপাল রাখলে উল্লিখিত শর্তগুলো পূরণ হয় না। তাই সেটি প্রকৃত সিজদা হিসেবে বিবেচিত হবে না।
হজরত জাবির ইবনে আবদুল্লাহ রা. বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রোগীকে দেখতে গেলেন। তিনি তাঁর সঙ্গে ছিলেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বালিশের ওপর সিজদা করে নামাজ পড়তে দেখে নিষেধ করলেন এবং বললেন, যদি জমিনে সিজদা করতে পারো, তাহলে জমিনেই সিজদা করো। অন্যথায় ইশারা করে নামাজ পড়ো। তবে সিজদার ইশারায় রুকুর ইশারা থেকে বেশি ঝুঁকবে।( মাজমাউয যাওয়ায়েদ: ২/৩৪৭।)
আল্লামা জামালুদ্দীন যায়লায়ি রহ. বলেন, সিজদার জন্য কোনো বস্তু চেহারার দিকে উঁচু করবে না। কেউ যদি কোনো বস্তু উঁচু করে তার ওপর সিজদার জন্য মাথা ঝুঁকিয়ে দেয়, তাহলে তার নামাজ হয়ে যাবে। কেননা, এতে ইশারা পাওয়া গেছে।
মোটকথা, উঁচু করা বস্তুটি যদি এতটুকু উঁচু হয় যে, একজন সুস্থ মানুষ তাতে সিজদা করলে তা জায়েজ হয়, তাহলে অসুস্থ ব্যক্তির জন্য সেটি সিজদা হিসেবে গণ্য হবে। আর সুস্থ ব্যক্তির জন্য তাতে সিজদা করা জায়েজ না হলে অসুস্থ ব্যক্তির জন্য তা ইশারা হিসেবে বিবেচিত হবে।(তাবয়িনুল হাকায়েক: ১/৪৮৯।)
৫. মসজিদের কাতারে চেয়ার রাখার পদ্ধতি
শরয়ি ওজরের কারণে জামাতের সঙ্গে চেয়ারে বসে নামাজ আদায় করার সময় চেয়ার রাখার পদ্ধতি হলো, চেয়ারের পেছনের পায়া কাতারে দাঁড়ানো মুসল্লিদের পায়ের গোড়ালি বরাবর থাকবে। এতে বসা অবস্থায় মা‘যুর ব্যক্তির কাঁধ অন্য নামাজিদের কাঁধের বরাবর সোজা থাকবে।
আর কোনো ব্যক্তি যদি পুরো নামাজ বসে আদায় না করে, বরং দাঁড়াতে সক্ষম হওয়ার কারণে কিরাতের সময় দাঁড়িয়ে থাকেন; কিন্তু রুকু-সিজদা করতে অক্ষম হওয়ায় চেয়ারে বসে রুকু-সিজদা আদায় করেন, তাহলে কাতারে চেয়ার রাখার পদ্ধতি হবে ভিন্ন। এ ক্ষেত্রে চেয়ার এমনভাবে রাখতে হবে, যেন চেয়ারের সামনের পায়া কাতার বরাবর থাকে এবং বাকি অংশ পেছনের দিকে থাকে।এতে দাঁড়ানোর সময় ওই মা‘যুর ব্যক্তির কাঁধ অন্য নামাজিদের কাঁধের বরাবর সোজা থাকবে।
পেছনের কাতারের মুসল্লিদের অসুবিধার সমাধান হলো, মা‘যুর ব্যক্তিরা কাতারের এক পাশে একজনের পেছনে আরেকজন বসবেন, যেন তাঁদের বসার কারণে অন্য মুসল্লিদের সমস্যা না হয়।
বিশেষ দ্রষ্টব্য:অনেক সময় দেখা যায়, চেয়ারে বসে নামাজ আদায়কারীরা সিজদার ইশারা করার সময় দুই হাত সামনের দিকে বাড়িয়ে দেন। এমন করার কোনো প্রয়োজন নেই। বরং রুকুর ইশারার মতোই উভয় হাত হাঁটুর ওপর রেখে সিজদার ইশারা করবেন। তবে সিজদার সময় রুকুর তুলনায় একটু বেশি ঝুঁকবেন।
৬. জমিনে বসে নামাজ পড়ার সামর্থ্য থাকা সত্ত্বেও চেয়ার ব্যবহারের কয়েকটি ক্ষতিকর দিক
জমিনে বসে নামাজ আদায় করার সামর্থ্য থাকা সত্ত্বেও চেয়ারে বসে নামাজ পড়ার ক্ষেত্রে বিভিন্ন ধরনের শরয়ি ক্ষতি পরিলক্ষিত হয়। যেমন—
এক.নামাজের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো বিনয় ও নম্রতা। চেয়ারে বসে নামাজ আদায়ের ক্ষেত্রে তা পূর্ণমাত্রায় প্রকাশ পায় না। তবে জমিনে বসে নামাজ আদায় করলে তুলনামূলকভাবে তা বেশি পাওয়া যায়।
দুই.মসজিদে চেয়ারের আধিক্যের কারণে তা নাসারাদের গির্জা ও ইয়াহুদিদের উপাসনালয়ের সাদৃশ্যপূর্ণ মনে হতে পারে। কেননা, তারা গির্জা ও উপাসনালয়ে চেয়ার-বেঞ্চে বসে উপাসনা করে। দ্বীনি বিষয়ে ইয়াহুদি-নাসারা ও বিজাতিদের সাদৃশ্য অবলম্বন করতে নিষেধ করা হয়েছে।
তিন.চেয়ার ব্যবহারের কারণে কাতার সোজা করার ক্ষেত্রে অনেক সমস্যা সৃষ্টি হয়। অথচ কাতার সোজা করা ও মিলেমিশে দাঁড়ানোর ব্যাপারে হাদিস শরিফে জোর তাগিদ এসেছে।
চার.যে ব্যক্তি শরিয়তের দৃষ্টিতে মা‘যুর নন, অর্থাৎ কিয়াম, রুকু ও সিজদা করতে সক্ষম, তাঁর জন্য মাটিতে বা চেয়ারে বসে ফরজ কিংবা ওয়াজিব নামাজ আদায় করা জায়েজ নেই। কিন্তু অনেক সময় এ ধরনের সুস্থ ব্যক্তিও সামনে চেয়ার পেয়ে তাতে বসে নামাজ আদায় করেন। ফলে তাঁর নামাজই শুদ্ধ হয় না।
উপসংহার
চেয়ারে বসে নামাজ আদায়ের বিধান ব্যক্তির শারীরিক সক্ষমতা ও শরয়ি ওজরের ওপর নির্ভরশীল। তাই কেবল আরামের জন্য চেয়ারে বসে নামাজ আদায় করা উচিত নয়। যে ব্যক্তি জমিনে বসে বা দাঁড়িয়ে নামাজ আদায় করতে সক্ষম, তাঁর উচিত সামর্থ্য অনুযায়ী সেভাবেই নামাজ পড়া। আর যিনি শরয়ি ওজরের কারণে তা করতে অক্ষম, তিনি নিজের সামর্থ্য অনুযায়ী নামাজ আদায় করবেন।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল