একজন মহিলার পরপর কয়েকটি সন্তান সিজারের মাধ্যমে জন্মগ্রহণ করেছে। তাঁর রক্তের একটি বংশগত রোগ রয়েছে, যা বর্তমানে মৃদু পর্যায়ে আছে। সর্বশেষ সন্তান জন্মদানের সময় চিকিৎসক তাঁকে পরামর্শ দেন যে, এই রোগের কারণে ভবিষ্যতে আবার গর্ভধারণ করলে তাঁর জীবনের জন্য ঝুঁকি তৈরি হতে পারে। তাই চিকিৎসকের পরামর্শে সিজারের সময় তাঁর লাইগেশন (স্থায়ী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি) করানো হয়।

এখন জানার বিষয় হলো, এ অবস্থায় তাঁর লাইগেশন করানো কি শরিয়তের দৃষ্টিতে বৈধ হয়েছে, নাকি এটি হারাম কাজ হয়েছে? দলিলসহ বিস্তারিত জানালে উপকৃত হব।


الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ


দুটি পদ্ধতিতে সাধারণত জন্মনিয়ন্ত্রণ করা হয়।

এক. স্থায়ী পদ্ধতি, যার দ্বারা নারী বা পুরুষ প্রজনন ক্ষমতা হারিয়ে ফেলে। এই পদ্ধতিটি সম্পূর্ণ অবৈধ। আল্লামা বদরুদ্দিন আইনী (র.) বুখারী শরীফের ব্যাখ্যায় উল্লেখ করেন: وَهُوَ مُحَرَّمٌ بِالاتِّفَاقِঅর্থাৎ, স্থায়ী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি অবলম্বন সর্বসম্মতক্রমে হারাম। (উমদাতুল ক্বারী: ১৪/১৪ পৃ.)

হাদিস শরিফে এসেছে, ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, كُنَّا نَغْزُوْ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْسَ لَنَا نِسَاءٌ فَقُلْنَا يَا رَسُوْلَ اللهِ أَلَا نَسْتَخْصِي فَنَهَانَا عَنْ ذَلِكَ. আমরা রাসূলুল্লাহ ﷺ-এর সঙ্গে জিহাদে অংশগ্রহণ করতাম। আমাদের সঙ্গে আমাদের বিবিগণ থাকত না। তাই আমরা বললাম, হে আল্লাহর রাসূল! আমরা কি খাসি হয়ে যাব? তিনি আমাদেরকে তা করতে নিষেধ করলেন। (সহীহ বুখারী, হাদীস: ৫০৭৫)

দুই. অস্থায়ী পদ্ধতি, যার ফলে স্বামী-স্ত্রীর কেউ প্রজনন ক্ষমতাহীন হয়ে যায় না। যেমন: আযল করা (সহবাসের চরম পুলকের মুহূর্তে স্ত্রীর যোনির বাইরে বীর্যপাত ঘটানো), Condom, Jelly, Cream, Foam, Douche ইত্যাদি ব্যবহার করা, পিল (Pill) খাওয়া, জরায়ুর মুখ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া, ইনজেকশন নেওয়া ইত্যাদি। এ পদ্ধতি কেবল বিশেষ কিছু ক্ষেত্রে বৈধ হবে।

তন্মধ্যে উল্লেখযোগ্য হলো:

·      দুই বাচ্চার জন্মের মাঝে কিছু সময় বিরতি দেওয়া, যাতে প্রথম সন্তানের লালন-পালন ও পরিচর্যা ঠিকমতো হয়।

·      কোনো কারণে মহিলার বাচ্চা লালন-পালনের সামর্থ্য না থাকলে।

·      মহিলা অসুস্থ ও দুর্বল হওয়ার কারণে গর্ভধারণ বিপজ্জনক হলে।

عن جابر قال كنا نعزل على عهد النبي صلى الله عليه و سلم

(সহীহ বুখারী: ২/৭৮৪),باب العزلহজরত জাবের (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আযল (যা জন্মনিয়ন্ত্রণের একটি পুরোনো ও অস্থায়ী পদ্ধতি) করতাম। (বুখারী: ২/৭৮৪)

লাইগেশন বলা হয় অপারেশনের মাধ্যমে (ফেলোপিয়ান টিউব) ডিম্ববাহী নালি কেটে বেঁধে দেওয়া হয়। ফলে ডিম্বাশয় থেকে ডিম্ব জরায়ুতে আসতে পারে না। (যদিও এ কারণে যৌনক্ষমতা, বীর্যস্খলন ও মাসিক চালু থাকে।) এটি স্থায়ী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি, আর স্থায়ী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি অবলম্বন সর্বসম্মতক্রমে হারাম।

তাই প্রশ্নে উল্লেখিত সূরতও হারাম।

প্রশ্নে উল্লেখিত মহিলা যে কাজটি করেছেন, সেটি তাঁর না করা উচিত ছিল। তাঁর জন্য প্রয়োজনে অস্থায়ী পদ্ধতি অবলম্বন করা উচিত ছিল।

যা-ই হোক, তিনি যেটা করেছেন, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে হবে। অনুতপ্ত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আল্লাহর বান্দা ক্ষমা চান, তওবা করেন, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো ক্ষমা করতে পারেন।

وَاللهُ أَعْلَمُ بِالصَّوَابِ


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা) ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল


আরো পড়ুন: 

ইসলামে কখন এবোরশন জায়েজ, কখন হারাম? গর্ভপাতের বিধান: চার মাসের আগে ও পরে ভ্রূণহত্যার শরয়ি হুকুম