ওয়াকফের হিকমত কী? এটি কি ইবাদত? কোন প্রকারের ইবাদত? শরিয়তে এর অবস্থান কোন পর্যায়ে? বিস্তারিত জানালে বাধিত হবেন।

নিবেদন: সাইফুল ইসলাম (চট্টগ্রাম)


الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ


ওয়াকফের সম্পত্তি অসহায় ও অক্ষম মানুষের সামাজিক নিরাপত্তা ও কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষত মসজিদ-মাদ্রাসা প্রতিষ্ঠা এবং এর যাবতীয় ব্যয় নির্বাহ, যেমন: ইমাম, মুয়াজ্জিন, খতিব, মাদ্রাসার উস্তাদ ও ছাত্রদের দায়িত্ব গ্রহণ এবং তাঁদের নিরাপদ ব্যবস্থাপনা নিশ্চিত করার ক্ষেত্রে ওয়াকফ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ছাড়া দুনিয়াতে প্রিয়জনদের প্রতি সদাচরণ এবং আখিরাতে সওয়াব অর্জন করাই ওয়াকফের অন্যতম হিকমত।

  • ওয়াকফ শরিয়ত কর্তৃক নির্ধারিত স্বতন্ত্র কোনো ইবাদত নয়। তবে কেউ সওয়াবের উদ্দেশ্যে ওয়াকফ করলে তা ইবাদত হিসেবে গণ্য হবে।
  • হানাফি মাজহাব ছাড়া জমহুর ফকিহদের মতে ওয়াকফ সুন্নত। তবে হানাফি মাজহাবের মতে এটি মুবাহ।
  • স্বাভাবিক অবস্থায় ওয়াকফ মুবাহ হলেও বিশেষ পরিস্থিতিতে এর বিধান পরিবর্তিত হতে পারে। যেমন: মান্নতের কারণে ওয়াকফ ফরজ হয়ে যায়। আবার কোনো গুনাহের কাজে ওয়াকফ করলে তা হারাম হয়।

তথ্যসূত্র: ফিকহে হানাফি, ২/৩৬২—দারুল কলম; মাওসুআতুল ফিকহ, ৪৪/১১২।


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল