মুহতারাম, জনৈক ব্যক্তি বাংলাদেশ থেকে হজের উদ্দেশ্যে রওয়ানা হলেন। কিন্তু তিনি ইহরামের নিয়ত করেননি। যখন জেদ্দা বিমানবন্দরে পৌঁছলেন, তখন সেখান থেকে ইহরামের নিয়ত করেন এবং হজ আদায় করেন। জানার বিষয় হলো, তাঁর হজ সহিহ হয়েছে কি? এবং তাঁর ওপর কোনো কিছু আবশ্যক হবে কি?

নিবেদক: মোহা. মুহিব্বুল্লাহ (চাটগাম)


الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ


শরয়ি দৃষ্টিতে হজের সফরকালে যদি মীকাতের এক মুহাযাত অতিক্রম করে দ্বিতীয় মুহাযাতে উপনীত হন, সেক্ষেত্রে দ্বিতীয় মুহাযাত থেকে ইহরাম বাঁধার অবকাশ আছে। তবে প্রথম মুহাযাতেই ইহরামের নিয়ত করা উত্তম। আর বাংলাদেশ থেকে আকাশপথে হজে গমনের ক্ষেত্রে প্রথমে ‘কারনে মানাযিল’-এর মুহাযাত এবং পরবর্তীতে জেদ্দায় ‘ইয়ালামলাম’-এর মুহাযাতে উপনীত হতে হয়।

সুতরাং প্রশ্নোক্ত ব্যক্তি জেদ্দা বিমানবন্দরে পৌঁছে ইহরামের নিয়ত করার দ্বারাও তাঁর ইহরাম এবং (অন্যান্য শর্ত সাপেক্ষে) তাঁর হজ সহিহ বলে বিবেচিত হবে। এর কারণে তাঁর ওপর কোনো জরিমানা আরোপিত হবে না। যদিও বর্তমানে আকাশপথে হজে গমনের ক্ষেত্রে বাংলাদেশি হাজিদের জন্য ‘কারনুল মানাযিল’-এর মুহাযাত থেকেই ইহরাম করা উচিত।

রেফারেন্স: আন-নুতাফ ফিল ফাতাওয়া: ১৩৩ পৃ., সাঈদ। মুলতাকাল আবহার: ১/৪৪৭, মানার। জাওয়াহিরুল ফিকহ: ১/১১৫, করাচি।


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল