শায়খ উবাইদ উসমান
বিশিষ্ট লেখক ও গবেষক
মুহতারাম হাজিরিন; আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা মানবজাতিকে তাঁর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আর সেই ইবাদত ও জীবন পরিচালনা কীভাবে করতে হবে- এ জন্য তিনি যুগে যুগে অসংখ্য নবী ও রাসুল পাঠিয়েছেন। তবে আমাদের প্রিয় নবী শ্রেষ্ঠ মহামানব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তায়ালা কোনো একক জাতি বা নির্দিষ্ট কোনো সময়ের জন্য পাঠাননি; বরং তাঁকে সমগ্র মানবজাতির জন্য এক চিরন্তন ও পূর্ণাঙ্গ জীবনবিধান হিসেবে পাঠিয়েছেন। আল্লাহ রব্বুল আলামীন কুরআনুল কারীমে এর ঘোষণা দিয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছেন-
নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর রাসূলের জীবনে রয়েছে সর্বোত্তম ও অনুপম আদর্শ। সুরা আহযাব ৩৩: ২১
আমাদের মানবজীবনের পরিধি বহু বিস্তৃত। একজন মানুষকে তার জীবদ্দশায় হাজারো চরিত্রের মুখোমুখি হতে হয়। কখনো সে সন্তান, কখনো পিতা; কখনো সে ছাত্র, কখনো শিক্ষক; কখনো সে সাধারণ গৃহস্থ বা ব্যবসায়ী, আবার কখনো সে সামাজিক নেতা বা রাষ্ট্রনেতা। পৃথিবীর ইতিহাসে এমন কোনো একক ব্যক্তিত্ব পাওয়া যাবে না, যিনি জীবনের এই সমস্ত চরিত্রে একাধারে নিখুঁত ও সফল ছিলেন- আল্লাহ তায়ালা একমাত্র একজন মহামানবকে সব গুণের আধার করে পৃথিবীকে পাঠিয়েছেন তিনি আমাদের প্রিয় নবী মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তিনি যখন মসজিদে মেহরাবে দাঁড়ান, তখন তিনি উম্মতের জন্য পরম দরদী কাণ্ডারী। যখন তিনি সাহাবীদের মাঝে বসেন, তখন তিনি পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ শিক্ষক। যখন তিনি নিজের ঘরের চৌকাঠে পা রাখেন, তখন তিনি সন্তান ও নাতনিদের বুকে জড়িয়ে নেওয়া পরম স্নেহশীল বাবা ও নানা। স্ত্রীদের সাথে তিনি পরম সমবেদনা ও ভালোবাসার উত্তম জীবনসঙ্গী। আবার যখন তিনি রাষ্ট্রের ও বিচারকের আসনে বসেন, তখন তিনি ইনসাফ ও ন্যায়বিচারের অনমনীয় রাষ্ট্রনায়ক। রণপ্রাঙ্গণে তিনি সাহসিকতার এক বীর সেনানায়ক, আর লেনদেনে তিনি আল-আমীন- সর্বোচ্চ আমানতদার।
আজকের এই জুমার বরকতময় মজলিসে আমরা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বহুমুখী ও পূর্ণাঙ্গ জীবনের আলোতেই আমাদের নিজেদের জীবনকে নতুন করে মেপে দেখব। আসুন, জীবনের প্রতিটি বাঁকে- ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় অঙ্গনে- নবীজি কীভাবে আমাদের জন্য আলোকবর্তিকা হয়ে আছেন, তা একে একে উপলব্ধি করার চেষ্টা করব ইনশাআল্লাহ।
সামাজিক জীবনে নবীজি
সম্মানিত উপস্থিতি; পারিবারিক জীবন অর্থাৎ স্ত্রী, সন্তান, মা-বাবা, দাদা-চাচা ও পরিবারের একান্ত ঘনিষ্ঠজনদের সাথে নবীজি কেমন আচরণ করতেন তা আমরা গত সপ্তাহে আলোচনা করেছি। আজকের আলোচনায় আমরা সামাজিক, রাষ্ট্রীয়, অর্থনৈতিক, ব্যবসায়েক, সামরিক, রাজনৈতিক, মানবিক ও আন্তর্জাতিক ও জীবনের গুরুত্বপূর্ণ বিভিন্ন অধ্যায়ে নবীজি ﷺএর আদর্শিক জীবন সংক্ষিপ্তভাবে দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ।
শিশু-কিশোরদের সুহৃদ ও স্নেহশীল হিসেবে নবীজি ﷺ
সমাজে শিশুদের অধিকার, মর্যাদা এবং তাদের প্রতি কোমল আচরণের শিক্ষা নবীজি ﷺযেভাবে দিয়েছেন, মানব ইতিহাসে তার দ্বিতীয় কোনো তুলনা নেই। তৎকালীন আরব সমাজে শিশুদের, বিশেষ করে কন্যাশিশুদের প্রতি যে নির্মমতা ও অবহেলা ছিল, নবীজি ﷺতার মূলে আঘাত করেন এবং শিশুদের ভালোবাসার এক অনন্য নজির স্থাপন করেন। নবীজি ﷺরাস্তা দিয়ে চলার সময় ছোট শিশুদের দেখলে নিজে সালাম দিতেন, তাদের সাথে হাসিমুখে কথা বলতেন। হজরত আনাস বিন মালেক রাদি. থেকে বর্ণিত হয়েছে-
হজরত আনাস বিন মালিক রাদি. থেকে বর্ণিত যে, তিনি একবার কিছু শিশুর পাশ দিয়ে যাওয়ার সময় তাদেরকে সালাম দিলেন। এরপর তিনি আমাদের কাছে বর্ণনা করলেন যে, রাসুলুল্লাহ ﷺ (তাঁর জীবদ্দশায় একবার) কিছু শিশুর পাশ দিয়ে যাওয়ার সময় তাদেরকে সালাম দিয়েছিলেন। সহিহুল বুখারি ৬২৪৭
এতিমদের প্রতি গভীর অনুরাগ
নবীজি ﷺনিজে এতিম অবস্থায় জন্মগ্রহণ করেছিলেন। তাই এতিম, দুঃখী ও সমাজের অবহেলিত মানুষের ব্যথা তিনি হৃদয়ের গভীরে উপলব্ধি করতে পেরেছেন। তাঁর পুরো জীবনটাই ছিল দুস্থ ও সহায়হীন মানুষের আশ্রয়স্থল। নবীজি ﷺএতিমদের এত বেশি ভালোবাসতেন যে তিনি নিজ হাতে ইশারা করে তাদের জান্নাতের সুসংবাদ দিয়েছেন। হাদিসে এসেছে-
عَنْسَهْلِبْنِسَعْدٍ،عَنِالنَّبِيِّصَلَّىاللَّهُعَلَيْهِوَسَلَّمَقَالَ: أَنَاوَكَافِلُالْيَتِيمِفِيالْجَنَّةِهَكَذَاوَقَالَبِإِصْبَعَيْهِالسَّبَّاحَةِوَالْوُسْطَ
সাহল বিন সাদ রাদি. থেকে বর্ণিত, নবীজি ﷺবলেছেন- আমি এবং এতিমের লালন-পালনকারী জান্নাতে এভাবে পাশাপাশি থাকব- এই বলে তিনি তাঁর তর্জনী ও মধ্যমা আঙুল মিলিয়ে ইশারা করলেন। সহিহুল বুখারি ৬০০৫
ক্ষুধার্ত ও ঋণগ্রস্তদের আশ্রয়: নবীজির দরবার থেকে কখনো কোনো সাহায্যপ্রার্থী খালি হাতে ফিরে যেত না। এমনকি নিজের ঘরে খাবার না থাকলে তিনি অন্যের কাছ থেকে ঋণ নিয়ে দুস্থ ও ক্ষুধার্ত মানুষের অন্নসংস্থান করতেন। মিসকিনদের দলে থাকার জন্য তিনি সবসময় অভাবী ও দরিদ্রদের আপন করে নিতেন এবং বলতেন-
আবু সাঈদ খুদরি রাদি. থেকে বর্ণিত, রাসুলুল্লাহ ﷺএই দোয়া করতেন- হে আল্লাহ! আমাকে মিসকিন (বিনম্র ও সরল) হিসেবে বাঁচিয়ে রাখুন, মিসকিন হিসেবে মৃত্যু দিন এবং হাশরের দিন মিসকিনদের দলেই আমার হাশর করুন। সুনানুত তিরমিজি ২৩৫২
তিনি রুগীর শুশ্রূষাকারী ও সমবেদনাকারী ছিলেন
মানবতার নবী কেবল মুসলমানদের নয়, বরং যেকোনো অসুস্থ মানুষের খবর নেওয়া এবং তাদের সেবা করাকে ইবাদত ও মুমিনের অন্যতম প্রধান দায়েত্ব হিসেবে শিখিয়েছেন।
ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা: নবীজি ﷺশুধু সাহাবিদের নয়, অসুস্থ অমুসলিম প্রতিবেশীরও খোঁজখবর নিতেন। মদিনায় এক ইহুদি প্রতিবেশী বালক নবীজির সেবা করত, সে অসুস্থ হলে নবীজি স্বয়ং তার ঘরে গিয়ে তার সুস্থতার জন্য দোয়া করেন এবং ইসলামের দাওয়াত দেন। রুগীর শয্যাপাশে গিয়ে নবীজি তাদের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিতেন। ইবনে আব্বাস রাদি. থেকে বর্ণিত -
নবীজি ﷺএক অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলেন এবং তাকে সান্ত্বনা দিয়ে বললেন- লা বাসা তহুরুন ইনশাআল্লাহ (কোনো চিন্তা করো না, ইনশাআল্লাহ এই রোগ তোমার গুনাহের পবিত্রতার মাধ্যম হবে)। সহিহুল বুখারি ৩৬১৬
অসুস্থ ব্যক্তির শয্যাপাশে পড়ার আমল ও ফযিলত: রোগীর শয্যাপাশে বসে বিশেষ দোয়া পড়ার তাগিদ দিয়ে নবীজি ﷺইরশাদ করেছেন-
যে ব্যক্তি এমন কোনো রোগীর সেবা বা দেখতে গেল যার মৃত্যুর সময় এখনো উপস্থিত হয়নি এবং তার শয্যাপাশে বসে ৭ বার এই দোয়াটি পাঠ করে তবে আল্লাহ তাকে ওই রোগ থেকে মুক্তি দান করেন। সহিহ মুসলিম ২৭৩০
নবীজি ছিলেন শ্রেষ্ঠ শিক্ষক
শিক্ষা প্রদানে রাসুলুল্লাহ ﷺঅন্ধ বা গতানুগতিক কোনো পদ্ধতি অনুসরণ করেননি; বরং তিনি শিক্ষার্থী ও শ্রোতার বয়স, মানসিকতা, সামাজিক অবস্থান এবং বুদ্ধিমত্তার স্তর অনুযায়ী বিভিন্ন চমৎকার ও কার্যকর কৌশল অবলম্বন করতেন। কুরআন ও হাদিসের আলোকে তাঁর সেই অনুপম শিক্ষণপদ্ধতি নিচে তুলে ধরা হলো:
কিতাব, তাযকিয়া, তালিম ও হিকমাহ শিক্ষা দেওয়ার দায়িত্ব দিয়ে নবীজি ﷺকে আল্লাহ তায়ালা শিক্ষক হিসেবে পাঠিয়েছেন-
তিনি উম্মিদের মধ্য থেকে একজন রাসুল প্রেরণ করেছেন, যিনি তাদের নিকট তাঁর আয়াতসমূহ তিলাওয়াত করেন, তাদেরকে পবিত্র করেন এবং তাদেরকে কিতাব ও হিকমাহ শিক্ষা দেন। সুরা জুমুআ ৬২: ২
তিনি সবার শিক্ষক। আল্লাহ তায়ালা বলেন-
وَمَاأَرْسَلْنَاكَإِلَّاكَافَّةًلِّلنَّاسِبَشِيرًاوَنَذِيرًا
আমি আপনাকে সমগ্র মানবজাতির জন্যই কেবল সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে প্রেরণ করেছি। সুরা সাবা ৩৪: ২৮
রাসুলুল্লাহ ﷺনিজেই তার পরিচয় দিয়েছেন-
নিশ্চয়ই আমাকে শিক্ষক হিসেবে পাঠানো হয়েছে। সুনানু ইবনে মাজাহ ২২৯
মানবতার শিক্ষক রাসুলুল্লাহ ﷺবিভিন্ন স্তরের মানুষের মনস্তত্ত্ব বুঝে ভিন্ন ভিন্ন কৌশল প্রয়োগ করতেন। শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করতে এবং তাদের চিন্তাশীল করে তুলতে তিনি প্রায়ই প্রশ্ন করার পদ্ধতি ব্যবহার করতেন। সাহাবিদের চিন্তা করার সুযোগ দিয়ে তিনি উত্তর দিতেন। হজরত আবু হুরাইরা রাদি. থেকে বর্ণিত-
রাসুলুল্লাহ ﷺজিজ্ঞেস করলেন, তোমাদের কারো বাড়ির সামনে যদি একটি নদী থাকে এবং সে তাতে প্রতিদিন পাঁচবার গোসল করে, তবে কি তার শরীরে কোনো ময়লা অবশিষ্ট থাকবে? সাহাবায়ে কেরাম বললেন, তার শরীরে কোনো ময়লা অবশিষ্ট থাকবে না। তিনি বললেন, এটিই হলো পাঁচ ওয়াক্ত নামাজের উদাহরণ, যার মাধ্যমে আল্লাহ তায়ালা গুনাহগুলো মুছে দেন। সহিহুল বুখারি ৫২৮; সহিহুল মুসলিম ৬৬৭
কঠিন বা তাত্ত্বিক বিষয়গুলো সহজে বোঝানোর জন্য তিনি বাস্তব উদাহরণ, উপমা এবং কখনো কখনো হাতের ইশারা বা রেখা টেনে বুঝিয়ে দিতেন। যেমন নিম্নের হাদিসে চমৎকার উদাহরণ দিয়ে বুঝিয়েছেন-
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদি. থেকে বর্ণিত, তিনি বলেন; রাসুলুল্লাহ ﷺআমাদের জন্য একটি চতুর্ভুজ রেখা আঁকলেন এবং এর মাঝখান দিয়ে একটি রেখা বাইরে টেনে দিলেন। আর মাঝখানের রেখাটির পাশে ছোট ছোট কিছু রেখা টানলেন... অতঃপর তিনি বললেন, এটি হলো মানুষ, আর এটি হলো তার নির্ধারিত সময় (মৃত্যু) যা তাকে পরিবেষ্টন করে আছে। বাইরে যেটি রয়েছে তা হলো তার দীর্ঘ আশা-আকাঙ্ক্ষা। আর এই ছোট রেখাগুলো হলো বিপদাচ্ছন্নতা। সহিহুল বুখারি ৬৪১৭
সমাজবিচ্ছিন্ন বা নতুন দীক্ষিত মানুষেরা অনেক সময় অজ্ঞতাবশত ভুল আচরণ করে বসত। তাদের সাথে শিক্ষক হিসেবে নবীজি রাগ না করে চরম ধৈর্য ও সহমর্মিতা দেখাতেন। হজরত আনাস ইবনে মালিক রাদি. থেকে বর্ণিত, তিনি বলেন-
হযরত আনাস ইবনু মালিক রাদি. থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা একদা রাসুলুল্লাহ ﷺএর সাথে মসজিদে বসা ছিলাম, এমন সময় জনৈক গ্রামীণ আরব এসে মসজিদে প্রস্রাব করতে শুরু করল। তখন রাসুলুল্লাহ ﷺএর সাহাবিগণ বলে উঠলেন, থামো, থামো! তখন নবীজি বললেন, তোমরা তার বন্ধ প্রস্রাব করো না, তাকে ছেড়ে দাও। সাহাবিগণ তাকে ছেড়ে দিলেন, এমনকি সে প্রস্রাব শেষ করল। এরপর নবীজি তাকে ডেকে বললেন, নিশ্চয়ই এই মসজিদগুলো এ জাতীয় কোনো প্রস্রাব বা ময়লা-আবর্জনার জন্য নয়; বরং এগুলো কেবল মহান আল্লাহর স্মরণ, সালাত আদায় এবং কুরআন পাঠের জন্যই নির্দিষ্ট। সহিহুল বুখারি ৬৮২৩
তিনি সমাজের অবহেলিত ও কোমলমতি অংশ- শিশু এবং নারীদের জন্য আলাদা সময় ও বিশেষ সুরক্ষামূলক শিক্ষণ পদ্ধতি বজায় রাখতেন। শিশুদের সালাম দেওয়া, ছোট ছোট আদব শেখানো এবং নারীদের জন্য আলাদা শিক্ষার মজলিস নির্ধারণ করা ছিল শিক্ষা বিস্তারের অন্যতম মাধ্যম।
শুধু মুখে বলে ক্ষান্ত না হয়ে অনেক সময় তিনি নিজে কাজটি করে বা সাহাবিদের দিয়ে তা করিয়ে নিতেন। যেমন- নামাজের সঠিক নিয়ম শেখাতে গিয়ে তিনি সাহাবিদের বলতেন, আমি যেভাবে নামাজ পড়তে দেখি, সেভাবে তোমরা নামাজ পড়ো।
তিনি শ্রেষ্ঠ বন্ধু ও সবার নিকট পরম বিশ্বস্ত ছিলেন
নবীজি ﷺও আবু বকর রাদি. এর বন্ধুত্বের সম্পর্ক ইতিহাসে পাতায় চির অমলিন হয়ে আছে। দীর্ঘ অর্ধশতাব্দীর সান্নিধ্যে আবু বকর রাদি. অত্যন্ত কাছ থেকে দেখেছেন যে, নবীজি কখনোই কথার ব্যতিক্রম কিছু করেন না। তার চরিত্রে কালিমার লেশমাত্র নেই। তাই নবুওয়াত ঘোষণার পর মুহূর্তের জন্যও দ্বিধা না করে তিনি পুরুষদের মধ্যে সর্বপ্রথম তিনি ইসলাম গ্রহণ করেন।
হজরত আবুদ দারদা রাদি. থেকে বর্ণিত হাদিসে রাসুলুল্লাহ ﷺইরশাদ করেছেন-
নিশ্চয়ই আল্লাহ তায়ালা আমাকে নবী হিসেবে পাঠিয়েছেন, তখন তোমরা বলেছিলে, সে মিথ্যুক! আর আবু বকর বলেছিল, তিনি সত্যবাদী! আবু বকর জীবন ও ধন-সম্পদ দিয়ে আমাকে সহযোগিতা করেছিল। সহিহুল বুখারি ৩৬৬১
নবীজির এই বিশ্বস্ততা শুধু সাহাবায়ে কেরামের মাঝেই সীমাবদ্ধ ছিল না; মক্কার চরম শত্রুরাও তাদের মূল্যবান আমানত তার কাছেই জমা রাখত। হিজরতের সেই সংকটময় রাতে যখন কাফেররা তাঁকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত, তখনো নবীজি ﷺতাদের আমানত তাদের কাছে কিভাবে পৌঁছাবেন সেই টেনশনে ছিলেন। শত্রুদের সেই আমানতগুলো তাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আলি রাদি. কে বুঝিয়ে তিনি হিজরতের উদ্দেশে রওয়ানা দিয়েছিলেন।
বন্ধুত্বের কষ্টিপাথরে যাচাই করা নবীজির প্রতি আবু বকর রাদি. এর অবিচল বিশ্বাস-আস্থা এবং শত্রুর আমানত রক্ষার্থে নবীজির এই অতুলনীয় দৃষ্টান্ত ইসলামের ইতিহাসে সততা ও বিশ্বস্ততার চির অমলিন উদাহরণ হয়ে আছে।
প্রতিবেশী ও সামাজিক অভিভাবক হিসেবে নবীজি ﷺ
নবীজি ﷺশুধু মুখের নির্দেশেই সীমাবদ্ধ থাকেননি, বরং প্রতিবেশীর হক আদায়ের ক্ষেত্রে তিনি সর্বোচ্চ সচেষ্ট ছিলেন। তাদের খোঁজখবর নিতেন এবং হাদিয়া আদান-প্রদান করতেন। সাহাবি হযরত আবু জার গিফারি রাদি. থেকে বর্ণিত, রাসুলুল্লাহ ﷺতাঁকে অসিয়ত করে বলেছিলেন-
হে আবু জার! যখন তুমি ঝোল রান্না করো, তখন তাতে পানির পরিমাণ বাড়িয়ে দাও এবং তোমার প্রতিবেশীদের খোঁজখবর নাও। সহিহুল জামে ৭৮১৮
মক্কার সমাজে কেবল ব্যক্তিগত বা পারিবারিক স্তরেই নয়, বরং সামগ্রিক শান্তিশৃঙ্খলা রক্ষা এবং সামাজিক অভিভাবকত্ব প্রতিষ্ঠার ক্ষেত্রে নবীজি ﷺযৌবনকালেই এক অনন্য নজির স্থাপন করেছিলেন। নবুওয়াতের বহু আগে জাহেলি যুগে সমাজে যখন অন্যায়, অত্যাচার, খুনোখুনি ও লুণ্ঠন চরমে পৌঁছেছিল, তখন নিপীড়িত মানুষের অধিকার রক্ষা এবং শান্তি প্রতিষ্ঠার জন্য ‘হিলফুল ফুজুল’ গঠন করেছিলেন।
প্রতিবেশীদের খোঁজখবর নেওয়ার এই মানবিক ধারাটি কেবল বাইরের মানুষের মাঝেই সীমাবদ্ধ ছিল না, বরং নিজের ঘরের ভেতরে যারা দুর্বল বা অধীনস্থ- বিশেষ করে গৃহকর্মী বা শ্রমিক- তাদের সাথেও নবীজি ﷺএক অনন্য ও ভালোবাসাপূর্ণ আচরণ করেছেন। সমাজে তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য রাসুলুল্লাহ ﷺইরশাদ করেন-
তারা তোমাদের ভাই, আল্লাহ তায়ালা তাদের তোমাদের অধীনস্থ করে দিয়েছেন। অতএব, যার ভাই তার অধীনস্থ রয়েছে, সে যেন তাকে তা থেকে খাওয়ায় যা সে নিজে খায় এবং তাকে তা পরায় যা সে নিজে পরে। আর তোমরা তাদের সাধ্যের অতিরিক্ত কাজের বোঝা চাপিও না। যদি কাজ চাপাতেই হয়, তবে তোমরা তাদের সহযোগিতা করো। সহিহুল বুখারি ৩০
নিজের অধীনস্থদের প্রতি এই নির্দেশনার বাস্তব প্রতিফলন দেখা যায় খোদ তার দীর্ঘ দশ বছরের সেবাদানকারী হযরত আনাস ইবনে মালেক রাদি.বলেন-
আমি দশ বছর নবীজি ﷺএর সেবা করেছি। আল্লাহর কসম! তিনি কখনো আমাকে ‘উফ’ শব্দটিও বলেননি। আমি কোনো কাজ করলে তিনি কখনো বলেননি যে, কেন এ কাজটি করলে? আর কোনো কাজ না করলে কখনো বলেননি যে, কেন তা বর্জন করলে? সহিহুল বুখারি ৬০৩৮; সহিহুল মুসলিম ২৩০৯
আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী হিসেবে নবীজি ﷺ
ঘরের ভেতরের অধীনস্থদের সাথে এমন মায়াবী আচরণের পাশাপাশি ঘরের বাইরে রক্তের সম্পর্কের মানুষগুলোর সাথেও নবীজি ﷺসুদৃঢ় বন্ধন বজায় রাখতেন। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করাকে ইসলামে বড় অপরাধ বা কবিরা গুনাহ হিসেবে গণ্য করা হয়েছে, যা সমাজকে ভেঙে দেয়। এ বিষয়ে সতর্ক করে মহান আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে নির্দেশ দিয়ে বলেন:
তবে কি তোমরা ক্ষমতা পেলে এ কথাই করবে যে, জমিনে বিপর্যয় সৃষ্টি করবে এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে? এরাই তারা, যাদেরকে আল্লাহ অভিসম্পাত করেছেন, অতঃপর তাদের বধির ও তাদের দৃষ্টি অন্ধ করে দিয়েছেন। সুরা মুহাম্মদ ৪৭: ২২-২৩
আত্মীয়দের সাথে এই সম্পর্ক শুধু মুখে নয়, বরং নিজের জীবনে চরম প্রতিকূল পরিস্থিতিতেও নবীজি ﷺতা রক্ষা করেছেন। খ্রিষ্টান পাদ্রী হেরাক্লিয়াসের দরবারে আবু সুফিয়ান নবীজি ﷺএর চরিত্র ও শিক্ষা সম্পর্কে সাক্ষ্য দিয়ে বলেছিলেন-
আর তিনি (নবীজি) আমাদেরকে সালাত আদায় করতে, সত্য বলতে, পবিত্র জীবনযাপন করতে এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার নির্দেশ দেন। সহিহুল মুসলিম ২৭২১
মেহমাননওয়াজ ও আতিথেয়তাকারী হিসেবে নবীজি ﷺ
রক্তের সম্পর্কের আত্মীয়দের পাশাপাশি ঘরে আগত দূরের মেহমানদের সম্মান করা এবং সাধ্যমতো তাদের আতিথেয়তা করাও ইমানের আরেকটি বড় দাবি। সমাজকে ভালোবাসার ডোরে বাঁধতে মেহমানদারি ও অতিথিপরায়ণতার গুরুত্ব সম্পর্কে রাসুলুল্লাহ ﷺইরশাদ করেছেন-
যে ব্যক্তি আল্লাহ ও আখেরাতে ইমান রাখে, সে যেন তার মেহমানকে সম্মান করে। সহিহুল বুখারি ৬০১৮
নবীজি ﷺকেমন মেহমাননাওয়াজ ছিলেন তা এই হাদিস থেকে বুঝা যায়। হজরত আবু হুরাইরা রাদি. থেকে বর্ণিত-এক ব্যক্তি নবীজি ﷺ-এর দরবারে এলেন (যিনি চরম ক্ষুধার্ত ছিলেন)। তখন নবীজি তাঁর স্ত্রীদের নিকট (খাবারের সন্ধান চেয়ে) লোক পাঠালেন। তাঁরা প্রত্যেকেই বলে পাঠালেন, আমাদের কাছে পানি ছাড়া আর কিছুই নেই। তখন রাসুলুল্লাহ ﷺ (উপস্থিত সাহাবিদের উদ্দেশে) বললেন, কে এই ব্যক্তিকে নিজের অতিথি হিসেবে বানাবে অথবা মেহমানদারি করবে? আনসারদের মধ্য থেকে এক ব্যক্তি (আবু তালহা আনসারি রা.) বললেন, আমি প্রস্তুত আছি, ইয়া রাসুলুল্লাহ!
অতঃপর তিনি মেহমানকে নিয়ে নিজ বাড়িতে গেলেন এবং স্ত্রীকে বললেন, রাসুলুল্লাহ ﷺ-এর মেহমানকে সম্মান করো এবং ভালোভাবে আপ্যায়ন করো। স্ত্রী বললেন, আমাদের ঘরে তো কেবল বাচ্চাদের রাতের সামান্য খাবারটুকু ছাড়া আর কিছুই নেই। স্বামী তখন বললেন, তাহলে তুমি খাবার প্রস্তুত করো, বাতিটি জ্বালিয়ে রাখো, আর বাচ্চারা রাতের খাবারের দাবি করলে তাদের ঘুম পাড়িয়ে দাও।
স্ত্রী সেভাবেই খাবার প্রস্তুত করলেন, প্রদীপ জ্বালালেন এবং বাচ্চাদের ঘুম পাড়িয়ে দিলেন। এরপর তিনি প্রদীপ ঠিক করার ভান করে উঠে দাঁড়ালেন এবং তা নিভিয়ে দিলেন (যাতে অন্ধকার ঘরে মেহমান বুঝতে না পারেন যে আমরা খাচ্ছি না)। এরপর স্বামী-স্ত্রী দুজনেই মেহমানকে এমন ভান দেখালেন যেন তাঁরাও তাঁর সাথে খাচ্ছেন (অথচ তাঁরা নিজেরা না খেয়ে প্লেটে হাত নাড়ছিলেন)। এভাবে তারা ক্ষুধার্ত পেটে রাত কাটালেন।
সকালে যখন সেই সাহাবি রাসুলুল্লাহ ﷺ-এর দরবারে হাজির হলেন, তখন নবীজি তাঁকে দেখে বললেন, আল্লাহ তায়ালা আজ রাতে তোমাদের উভয়ের এই কাজ দেখে মুচকি হেসেছেন (অথবা দারুণ সন্তুষ্ট হয়েছেন)। তখন আল্লাহ তায়ালা এই আয়াত নাজিল করেন-
আর তারা নিজেদের ওপর তাদের অভাব থাকা সত্ত্বেও অন্যদের প্রাধান্য দেয়। আর যাদের মনের কার্পণ্য থেকে রক্ষা করা হয়, তারাই মূলত সফলকাম। সুরা হাশর ৫৯: ৯ ; সহিহুল বুখারি ৩৭৯৮
অর্থনৈতিক ও ব্যবসায়িক জীবনে নবীজি আদর্শ
ইসলাম কেবল ইবাদত-বন্দেগির নাম নয়, বরং জীবন পরিচালনার প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা, সততা ও ইনসাফ প্রতিষ্ঠার পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। বিশ্বনবী ﷺতাঁর পবিত্র জীবনে ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক লেনদেনের এমন এক উজ্জ্বল ও অতুলনীয় দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, যা সমগ্র মানবজাতির জন্য চিরকালের পথপ্রদর্শক।
সৎ ব্যবসায়ী ও উদ্যোক্তা হিসেবে নবীজি ﷺ
নবীজি ﷺনবুয়ত লাভের আগেই কুরাইশ সমাজে ‘আল-আমিন’ (বিশ্বস্ত) ও ‘সাদিক’ (সত্যবাদী) উপাধিতে ভূষিত একজন সফল ও সৎ ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন। তিনি ব্যবসায়েক সততা ও আমানতদারিতার এমন মানদণ্ড স্থাপন করে সৎ ব্যবসায়ীর জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তিনি ঘোষণা করেছেন যে, সৎ ও বিশ্বস্ত ব্যবসায়ী কিয়ামতের দিন নবী, সিদ্দিক ও শহীদদের সাথে থাকবেন।
আবু সাঈদ রাদি. থেকে বর্ণিত, নবীজি ﷺবলেছেন- সৎ ও বিশ্বস্ত ব্যবসায়ী নবীগণ, সিদ্দিকগণ এবং শহীদগণের সাথে থাকবেন। সুনানুত তিরমিজি ১২০৯
ব্যবসায়ে প্রতারণা ও মিথ্যা বর্জন: তিনি ব্যবসায়ে পণ্যের দোষ লুকিয়ে রাখা বা মিথ্যা কসম খেয়ে পণ্য বিক্রি করতে কঠোরভাবে নিষেধ করেছেন। তিনি ঘোষণা করেছেন, যে ব্যক্তি প্রতারণা করে, সে আমাদের দলভুক্ত নয়।
শ্রমিক ও কর্মচারীর অধিকার রক্ষক
তর্কহীনভাবে নবীজি ﷺসর্বপ্রথম শ্রমিকদের শ্রমের মর্যাদা ও নায্য অধিকার নিশ্চিত করেছিলেন। তিনি মালিক ও শ্রমিকের মধ্যকার বৈষম্য দূর করে ভাতৃত্বের এক অনন্য সম্পর্ক গড়ে তোলেন। তিনি শ্রমিকের ঘাম শুকানোর আগেই তাদের মজুরি বুঝিয়ে দেওয়ার জন্য কঠোর নির্দেশ দিয়েছেন।
আবদুল্লাহ ইবনে উমর রাদি.থেকে বর্ণিত, রাসুলুল্লাহ ﷺবলেছেন- শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার মজুরি পরিশোধ করে দাও। সহিহুত তারগিব ১৮৭৭
অধীনস্থদের সাথে ভাইসুলভ আচরণ: তিনি খাদেম ও শ্রমিকদের নিজ পরিবারের সদস্যের মতো দেখার তাগিদ দিয়ে বলেছেন, তারা তোমাদের ভাই, আল্লাহ তাদের তোমাদের অধীন করে দিয়েছেন। সুতরাং তোমরা যা খাবে তাদেরও তাই খাওয়াবে এবং যা পরিধান করবে তাদেরও তাই পরাবে। তাদের ওপর সাধ্যের অতিরিক্ত কাজের বোঝা চাপাবে না।
আমানতদার ও আর্থিক স্বচ্ছতা বজায়কারী
আর্থিক লেনদেনে সততা, স্বচ্ছতা এবং মানুষের গচ্ছিত আমানত রক্ষা করা মুমিনের ঈমানের মাপকাঠি। নবীজি ﷺচরম শত্রু কাফেরদের আমানতও বিশ্বস্ততার সাথে যথাস্থানে পৌঁছে দেওয়ার ঐতিহাসিক নজির স্থাপন করেছেন। আমানত রক্ষা ঈমানের অঙ্গ: নবীজি ﷺআমানত রক্ষার গুরুত্ব বোঝাতে গিয়ে প্রায়ই বলতেন-
আনাস বিন মালেক রাদি. থেকে বর্ণিত, তিনি বলেন- নবীজি ﷺআমাদের যত খুতবা দিয়েছেন, তার প্রায়টিতেই এ কথাটি বলেছেন যে- যার আমানতদারিতা নেই, তার কোনো ঈমান নেই; আর যার ওয়াদা বা চুক্তি রক্ষা করার বাতিক নেই, তার কোনো দ্বীন নেই। ইবনু হিব্বান ১৯৪
সম্পদ বণ্টনকারী ও জাকাত ব্যবস্থার প্রবর্তক
ইসলামি অর্থনীতিতে সম্পদ যেন কেবল সমাজের ধনী শ্রেণির হাতে কুক্ষিগত না থাকে, সেজন্য নবীজি ﷺজাকাত ও সদকার সুনির্দিষ্ট বিধান প্রবর্তন করেন এবং রাষ্ট্রীয়ভাবে তা সুষ্ঠুভাবে বণ্টন করেন।
সম্পদ বিতরণে ইনসাফ ও পরম উদারতা: বায়তুল মালের সম্পদ বা গনিমতের মাল বণ্টনের সময় নবীজি ﷺকখনো নিজের জন্য বা আত্মীয়স্বজনের জন্য বিন্দু পরিমাণ পক্ষপাতিত্ব করেননি। তিনি বলতেন, আমি কেবল আল্লাহর পক্ষ থেকে বণ্টনকারী মাত্র, আর আল্লাহই রিজিকদাতা। তিনি ধনী ও সামর্থ্যবানদের কাছ থেকে জাকাত সংগ্রহ করে সমাজের দরিদ্র, অভাবী, ঋণগ্রস্ত ও দুস্থ মানুষের মাঝে বণ্টন করার স্থায়ী ব্যবস্থা প্রবর্তন করেন, যা অর্থনৈতিক বৈষম্য দূর করার এক মহাসঞ্জীবনী শক্তি।
ঋণ পরিশোধে সচেতন ও লেনদেনে উদার মানুষ
ঋণ নেওয়া এবং তা যথাসময়ে পরিশোধ করার ব্যাপারে নবীজি ﷺঅত্যন্ত কঠোর ছিলেন। আবার কারো ঋণ পরিশোধের সময় পেরিয়ে গেলে বা কেউ সংকটে পড়লে তিনি চরম উদারতা প্রদর্শন করতেন।
ঋণ পরিশোধের তীব্র সচেতনতা: নবীজি ﷺজানাতেন যে শহীদের সব গুনাহ মাফ করে দেওয়া হয়, কিন্তু মানুষের হক বা ঋণ মাফ হয় না। তাই তিনি জীবিত অবস্থায় যেমন ঋণ পরিশোধে অত্যন্ত সচেতন ছিলেন, তেমনি মৃত্যুর সময়ও কারো ঋণ বাকি থাকলে তা পরিশোধের ব্যবস্থা না করে জানাজার নামাজ পড়তেন না।
সালামা ইবনে আকওয়া রাদি. থেকে বর্ণিত, নবীজির কাছে এক ব্যক্তির জানাজা আনা হলো... তিনি জিজ্ঞেস করলেন- তার কি কোনো ঋণ আছে? সাহাবিরা বললেন, না। তখন তিনি তার জানাজার নামাজ পড়লেন। সহিহুল বুখারি ২২৯৫
নবীজি রাষ্ট্রীয়, সামরিক, কূটনৈতিক ও রাজনৈতিক জীবনের অনুপম আদর্শ
নবীজি ﷺমদিনায় হিজরতের পর কেবল একটি সমাজই গড়ে তোলেননি, বরং পৃথিবীর মানচিত্রে এমন এক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন যা তৎকালীন পরাশক্তি রোম ও পারস্যের নীতিকে চ্যালেঞ্জ জানিয়েছিল। আজ আমরা নবীজির রাজনৈতিক ও রাষ্ট্রীয় জীবনের গুরুত্বপূর্ণ কয়েকটি দিক হাদিসের আলোকে আলোচনা করব।
নিরপেক্ষ বিচারক ও ইনসাফ প্রতিষ্ঠাকারী
রাজনৈতিক ও বিচারিক ক্ষমতার মূল ভিত্তি হলো ইনসাফ। নবীজি ﷺবিচারালয়কে সব ধরনের প্রভাবমুক্ত রেখেছিলেন। তাঁর কাছে ধনী-গরিব, আপন-পর বা কুলীন-অকুলীন সবার জন্য আইনের বিধান ছিল এক ও অভিন্ন।
আইনের চোখে সবাই সমান- পরিবারের ক্ষেত্রেও ছাড় নেই:
হজরত আয়েশা রাদি. থেকে বর্ণিত-কুরাইশরা মাখজুম গোত্রের সেই চোর নারীর বিষয়ে উদ্বিগ্ন হয়ে পড়ল... তখন রাসুলুল্লাহ ﷺইরশাদ করলেন, পূর্ববর্তী জাতিগুলো তো এজন্যই ধ্বংস হয়েছিল যে, তাদের মধ্যে কোনো অভিজাত ব্যক্তি চুরি করলে তারা তাকে ছেড়ে দিত, আর কোনো দুর্বল ও সাধারণ মানুষ চুরি করলে তার ওপর দণ্ড কার্যকর করত। আল্লাহর কসম! যদি মুহাম্মদের মেয়ে ফাতিমাও চুরি করত, তবে আমি তার হাতও কেটে দিতাম। সহিহুল বুখারি ৩৪৭৫
কূটনীতিবিদ, চুক্তি সম্পাদনকারী ও দূরদর্শী রূপকার
কূটনৈতিক ক্ষেত্রে নবীজি ﷺছিলেন অতুলনীয় দূরদর্শিতার অধিকারী। ‘হুদাইবিয়ার সন্ধি’র মতো ঐতিহাসিক ও কঠিন চুক্তি সম্পাদন করে তিনি রক্তপাতহীন উপায়ে রাজনৈতিক বিজয় অর্জন করেছিলেন। তাঁর কূটনীতি শক্তির ওপর নয়, বরং শান্তি, প্রজ্ঞা ও সুদূরপ্রসারী চিন্তার ওপর প্রতিষ্ঠিত ছিল। যেকোনো চুক্তি বা অঙ্গীকার তিনি জীবন দিয়ে রক্ষা করতেন।
হাজরে আসওয়াদ কে স্থাপন করবে তা নিয়ে কুরাইশ গোত্রগুলোর মধ্যে রক্তক্ষয়ী সংঘাতের যে আশঙ্কা দেখা দিয়েছিল, নবীজির দূরদর্শিতা ও তাৎক্ষণিক প্রজ্ঞাপূর্ণ সিদ্ধান্তের মাধ্যমে বিষয়টির শান্তিপূর্ণ সমাধান হয়েছিল। এই সংকট নিরসনে নবীজি এক অসাধারণ কৌশল অবলম্বন করেন। তিনি একটি চাদর বিছিয়ে তার মাঝখানে হাজরে আসওয়াদ পাথরটি রেখে বিবদমান প্রতিটি গোত্রের প্রধানকে চাদরের কোণগুলো একসঙ্গে ধরে নির্ধারিত স্থানে আনতে বলেন। সবাই মিলে যখন পাথরটি নির্দিষ্ট স্থানে নিয়ে আসে, তখন নবীজি নিজ হাতে তা সঠিক স্থানে স্থাপন করেন।
এই তাৎক্ষণিক সমাধানের মাধ্যমে নবীজির দূরদর্শিতার যে অনন্য প্রমাণ মেলে, তা হলো- তিনি কোনো একটি গোত্রকে বিশেষ প্রাধান্য না দিয়ে সব গোত্রপ্রধানকে সম্মান ও অংশীদারিত্বের সুযোগ করে দেন। ফলে কারো অহংকার বা জেদ বজায় থাকেনি এবং বড় ধরনের একটি রক্তক্ষয়ী যুদ্ধ অত্যন্ত সুচারুভাবে এড়ানো সম্ভব হয়েছিল।
বহুজাতি ও বহুধর্মীয় সমাজের ঐক্যের প্রতিষ্ঠাতা
মদিনায় আসার পর নবীজি ﷺবিভিন্ন যুদ্ধরত গোত্র, ইহুদি সম্প্রদায় এবং মুহাজির-আনসারদের নিয়ে বিশ্বের প্রথম লিখিত সংবিধান ‘মদিনা সনদ’ প্রণয়ন করেন। এই সনদের মাধ্যমে তিনি বহুজাতি, বহুসংস্কৃতি ও বহুধর্মীয় সমাজে স্থায়ী শান্তি ও নাগরিক ঐক্যের অনন্য নজির স্থাপন করেন।
অমুসলিম ও সংখ্যালঘুদের অধিকার রক্ষক হিসেবে নবীজি ﷺ
ইসলামী রাষ্ট্রে বসবাসকারী অমুসলিম ও সংখ্যালঘু নাগরিকদের জানমাল ও ইজ্জতের নিরাপত্তা নিশ্চিত করাকে নবীজি ﷺরাষ্ট্রের নৈতিক দায়িত্ব বলে ঘোষণা করেছিলেন। সংখ্যালঘুদের উপর জুলুম ছাড় দিতেন না।
যুদ্ধবন্দী ও শত্রুদের প্রতি দয়ালু আচরণকারী
রাজনীতি ও বিজয়ের চরম শিখরে পৌঁছেও নবীজি ﷺকখনো প্রতিশোধপরায়ণ হননি। বদরের বন্দীদের সাথে মানবিক আচরণ এবং ‘মক্কা বিজয়’এর দিন চরম শত্রু কুরাইশদের প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করে তিনি রাজনৈতিক উদারতার যে চূড়ান্ত দৃষ্টান্ত স্থাপন করেছেন, মানব ইতিহাসে তার দ্বিতীয় কোনো তুলনা নেই।
বিশ্বনবী ﷺএর মানবিক ও বৈশ্বিক আদর্শ
বিশ্বনবী হজরত মুহাম্মদ ﷺ-এর জীবন ও আদর্শকে বুঝতে হলে আমাদের নিছক আবেগ নয়, বরং সমাজতাত্ত্বিক বিশ্লেষণ, পরিবেশগত দর্শন এবং মানবীয় মনস্তত্ত্বের গভীর দৃষ্টিতে তা অনুধাবন করতে হবে।
প্রাণীর অধিকার ও নৈতিক জবাবদিহিতা: ইসলাম জীবজন্তুর প্রতি নিষ্ঠুরতাকে কেবল অপরাধ নয়, বরং মানুষের নৈতিক ও আত্মিক পতনের কারণ হিসেবে সাব্যস্ত করেছে। একটি বিড়ালের সাথে নিষ্ঠুর আচরণের কারণে একজন মানুষের চিরস্থায়ী পরিণতির হাদিসটি প্রমাণ করে যে, ইসলামে প্রাণিকুলও মানুষের নৈতিক বিবেচনার অন্তর্ভুক্ত:
আবদুল্লাহ ইবনে উমর রাদি. থেকে বর্ণিত, রাসুলুল্লাহ ﷺবলেছেন- এক নারীকে একটি বিড়ালের কারণে আযাব দেওয়া হয়েছিল, যাকে সে বন্দী করে রেখেছিল এমনকি তা মারা গিয়েছিল। ফলে সে জাহান্নামে প্রবেশ করল। কারণ, সে তাকে খাবার দেয়নি, পানিও খাওয়ায়নি যখন তাকে বন্দি করেছিল, আর তাকে ছেড়েও দেয়নি যাতে সে মাটির পোকা-মাকড় খেয়ে বেঁচে থাকতে পারে। সহিহুল বুখারি ৩৩১৮
অজ্ঞতার বিপরীতে মানসিক প্রজ্ঞা ও সহনশীলতা: একজন গ্রামীণ বেদুঈন যখন নবীজির সাথে চরম অমার্জিত ও পশুলভ আচরণ করল, তখন সাধারণ দৃষ্টিতে সেখানে কঠোর শাস্তির বিধান আসার কথা ছিল। কিন্তু নবীজির মনস্তাত্ত্বিক প্রতিক্রিয়া ছিল সম্পূর্ণ বিপরীত। তিনি রাগ বা প্রতিশোধের পরিবর্তে মুচকি হেসে সামাজিক হিংস্রতার শৃঙ্খল ভেঙে দিয়েছিলেন:.
আনাস বিন মালেক রাদি. থেকে বর্ণিত, তিনি বলেন-আমি রাসুলুল্লাহ ﷺএর সাথে হাঁটছিলাম, তাঁর গায়ে একটি নাজরানি চাদর ছিল যার কিনারা ছিল বেশ মোটা। হঠাৎ এক গ্রামীণ লোক এসে অত্যন্ত জোরে চাদর ধরে টান দিল। টান এত জোরে ছিল যে, আমি তাকালাম এবং দেখলাম চাদরের শক্ত কিনারার ঘর্ষণে রাসুলুল্লাহ ﷺ-এর কাঁধের মোলায়েম চামড়ায় দাগ পড়ে গেছে। এরপর লোকটি বলল, হে মোহাম্মদ! আল্লাহর যে সম্পদ তোমার কাছে আছে, তা থেকে আমাকে কিছু দেওয়ার নির্দেশ দাও। তখন নবীজি তার দিকে তাকালেন, মুচকি হাসলেন এবং তাকে কিছু দান করার নির্দেশ দিলেন। সহিহুল বুখারি ৩১৪৯
বর্ণবাদ ও গোত্রপ্রীতির চিরবিনাশ: বিদায় হজের ভাষণের মাধ্যমে তিনি মানুষের কৃত্রিম পরিচয়- বংশ, বর্ণ, ভাষা ও গোত্রের দেয়াল ভেঙে দিয়ে একটি বৈশ্বিক ভ্রাতৃত্বের সমাজ গঠন করেন। তিনি ঘোষণা করেছিলেন যে শ্রেষ্ঠত্বের মাপকাঠি জন্মসূত্রে নয়, বরং নৈতিক উৎকর্ষ বা তাকওয়ার ভিত্তিতে নির্ধারিত হবে।
আধুনিক সামরিক বিজ্ঞানে যুদ্ধ জয়ের পূর্বশর্ত হলো- ‘ইনফরমেশন ডমিন্যান্স’ বা গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং শত্রুর মনস্তত্ত্ব অনুধাবন করা। নবীজি ﷺকখনো আক্রমণাত্মক বা লক্ষ্যহীন রক্তক্ষয়ী সংঘাতে বিশ্বাসী ছিলেন না; বরং তাঁর প্রতিটি সামরিক পদক্ষেপে ছিল সুনির্দিষ্ট রাজনৈতিক ও ভূরাজনৈতিক লক্ষ্য।
বাস্তব উদাহরণ (খন্দকের যুদ্ধ বা গজওয়াতুল আহযাবের রণকৌশল): ষষ্ঠ হিজরিতে কুরাইশ এবং আরব গোত্রগুলোর বিশাল জোট মদিনা আক্রমণ করতে আসে। সংখ্যায় তারা ছিল প্রায় ১০,০০০ সশস্ত্র সৈন্য, যা ছিল মদিনার মুসলিম প্রতিরক্ষা বাহিনীর তুলনায় প্রায় তিনগুণ বেশি। প্রচলিত সামরিক তত্ত্বে এই অসমযুদ্ধে মুসলিমদের ধ্বংস হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু নবীজি ﷺপারস্যের অভিজ্ঞ সাহাবি সালমান ফারসি রাদি. এর পরামর্শে এক অভাবনীয় ও অভিনব সামরিক কৌশল গ্রহণ করলেন- মদিনার অরক্ষিত উত্তর সীমান্তে বিশাল পরিখা খনন করা।
ক্রাইসিস ম্যানেজমেন্ট এবং রাজনৈতিক কূটনীতি: হুদাইবিয়ার সন্ধি
রাজনীতির মূল কথা হলো- সাময়িক পিছু হটার মাধ্যমে সুদূরপ্রসারী কৌশলগত বিজয় অর্জন করা । ৬ হিজরিতে ১,৪০০ সাহাবিকে সাথে নিয়ে ওমরাহ পালনের উদ্দেশ্যে মক্কা অভিমুখে যাত্রার সময় কুরাইশরা বাধা দেয়। যুদ্ধের পরিবেশ তৈরি হলেও নবীজি চরম কূটনৈতিক প্রজ্ঞা ও ধৈর্য্যের পরিচয় দেন।
বাস্তব উদাহরণ (হুদাইবিয়ার সন্ধি ও সুদূরপ্রসারী ফল): চুক্তির শর্তগুলো বাহ্যত মুসলিমদের জন্য অপমানজনক মনে হচ্ছিল। হজরত উমর রাদি. এর মতো জাঁদরেল সাহাবিও এই শর্তে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন। কিন্তু নবীজি দূরদর্শী দৃষ্টিতে বুঝতে পেরেছিলেন যে, এই চুক্তি আসলে যুদ্ধের অবসান ঘটিয়ে কাফেরদের সাথে মুসলিমদের সমান শক্তির রাষ্ট্র হিসেবে স্বীকৃতি আদায় করার একটি বড় সুযোগ।
এই চুক্তির ফলে মক্কার সাথে মুসলিমদের সরাসরি যোগাযোগ ও যাতায়াত শুরু হয়, যা সমাজবিজ্ঞানের ভাষায় ‘সোশ্যাল ইন্টারেকশন’ বা সামাজিক মিথস্ক্রিয়া বৃদ্ধি করে। মানুষ ইসলামের সৌন্দর্য সরাসরি দেখার সুযোগ পায়। ফলস্বরূপ, মাত্র দুই বছরের মধ্যে ইসলাম গ্রহণকারীর সংখ্যা বিগত বিশ বছরের মোট মুসলিম জনসংখ্যার চেয়েও বেশি হয়ে যায়। একে পবিত্র কুরআনে ‘ফাতহাম মুবিনা’ বা সুস্পষ্ট বিজয় বলে ঘোষণা করা হয়েছে।
কূটনৈতিক কার্যক্রমের অংশ হিসেবে অমুসলিম সম্রাট ও শাসকদের কাছে নবীজি ﷺসাহাবিদের মাধ্যমে পত্র প্রেরণের বিষয়টি তার সুদূরপ্রসারী রাজনৈতিক প্রজ্ঞা ও বিশ্বজনীন দৃষ্টিভঙ্গির এক অনন্য ঐতিহাসিক দলিল। ষষ্ঠ হিজরিতে হুদায়বিয়ার সন্ধির পর নবীজি বিশ্বের পরাশক্তিগুলোর প্রধানদের ইসলাম ধর্মের দাওয়াত দিয়ে দূত মারফত চিঠি পাঠান।
নবীজির এই দূরদর্শী কূটনৈতিক পদক্ষেপের মূল দিকগুলো নিচে তুলে ধরা হলো:
বিশ্বজনীন দাওয়াত ও ইসলামের বার্তা প্রচার: ইসলাম যে কেবল আরব উপদ্বীপের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তা সমগ্র মানবজাতির জন্য- এই মহান বার্তাটি তিনি তৎকালীন রোমান তথা তুরষ্ক ও আশপাশের এলাকা, পারস্য তথা ইরান ও আশপাশের এলাকা , মিসর, আবিসিনিয়া ও ইয়ামামার মতো প্রভাবশালী সাম্রাজ্যগুলোতে পৌঁছে দেন। এর মাধ্যমে তিনি ইসলামকে একটি বৈশ্বিক ও সার্বভৌম মতাদর্শ হিসেবে প্রতিষ্ঠা করেন।
রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক কূটনীতির সূচনা: আরব সমাজে তখন গোত্রকেন্দ্রিক রাজনীতি ও বিচ্ছিন্ন আইন প্রচলিত ছিল। কিন্তু নবীজি কূটনৈতিক সম্পর্ক স্থাপনের জন্য দূত বা প্রতিনিধি নির্বাচন, প্রাতিষ্ঠানিক পত্র প্রেরণ এবং আন্তর্জাতিক শিষ্টাচার বজায় রাখার যে প্রথা চালু করেন, তা আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের আন্তর্জাতিক সম্পর্কের দরজা খুলে দিয়েছে।
ভবিষ্যতের রাজনৈতিক ভিত্তি স্থাপন: এই চিঠিগুলো প্রেরণের মাধ্যমে তিনি আরব ভূখণ্ডের বাইরে উদীয়মান ইসলামী রাষ্ট্রের একটি রাজনৈতিক ও কূটনৈতিক উপস্থিতি জানান দেন। এর ফলে বহিঃশত্রুরা ভবিষ্যতে মুসলিম রাষ্ট্রকে সহজে আক্রমণ করার আগে রাজনৈতিকভাবে চাপে পড়ে যায় এবং পরবর্তী খলিফাদের বিজয়াভিযান ও রাষ্ট্র বিস্তারের পথ প্রশস্ত হয়।
সংঘাতের পরিবর্তে কূটনৈতিক বুদ্ধিমত্তা: সামরিক শক্তি প্রয়োগের আগে দ্বিপক্ষীয় আলোচনার বার্তা, চিঠিতে চমৎকার ও বিনম্র কূটনৈতিক ভাষা এবং শাসকদের নিজ নিজ ধর্মীয় অনুসারীদের দায়িত্বশীল হওয়ার প্রতি আহ্বান জানানোর মাধ্যমে তিনি প্রমাণ করেছিলেন যে, ইসলাম যুদ্ধপ্রিয় নয়, বরং প্রজ্ঞা ও শান্তির মাধ্যমে মানুষের মন জয় করতে চায়।
সংক্ষেপে, এই কূটনৈতিক উদ্যোগ ছিল নবীজির সুদূরপ্রসারী রাজনৈতিক দূরদর্শিতার এক চূড়ান্ত প্রমাণ, যার মাধ্যমে তিনি আঞ্চলিক গণ্ডি পেরিয়ে ইসলামকে বিশ্বমঞ্চে এক প্রভাবশালী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন।
সম্মানিত হাজিরীন! আজকের এই দীর্ঘ ও তথ্যবহুল আলোচনায় বিশ্বনবী হজরত মুহাম্মদ ﷺএর জীবনের যে বহুমাত্রিক রূপ আমাদের সামনে স্পষ্ট হয়ে উঠেছে, তা কেবল একটি সুনির্দিষ্ট যুগের জন্য নয়, বরং কিয়ামত পর্যন্ত মানবজাতির জন্য সর্বকালের সর্বশ্রেষ্ঠ পাথেয়।
আমরা দেখলাম- পরিবেশ ও প্রাণীজগতের সুরক্ষায় তিনি যেমন ছিলেন পরম দরদি ও দূরদর্শী, তেমনি রূঢ় ও অজ্ঞ মানুষের মোকাবিলায় তিনি প্রদর্শন করেছেন অতুলনীয় মনস্তাত্ত্বিক ধৈর্য ও সহনশীলতা। অন্যদিকে, রাষ্ট্র পরিচালনা, কূটনীতি, যুদ্ধকৌশল এবং ইনসাফ প্রতিষ্ঠার ক্ষেত্রে তিনি এমন এক অনন্য ও সুদূরপ্রসারী মানদণ্ড স্থাপন করে গেছেন, যা আধুনিক রাষ্ট্রবিজ্ঞান ও সমাজদর্শনের কাছেও আজও এক বিস্ময়। তিনি কেবল তাত্ত্বিক কোনো আদর্শের বাণী প্রচার করেননি, বরং নিজের বাস্তব জীবনে তা নিখুঁতভাবে বাস্তবায়ন করে দেখিয়ে গেছেন কীভাবে একটি হানাহানিমূলক সমাজকে শান্তিময় ও কল্যাণমুখী রাষ্ট্রে রূপান্তর করতে হয়।
আজ আমাদের ব্যক্তিজীবন, সমাজ, রাষ্ট্র ও বৈশ্বিক অঙ্গনে যে অস্থিরতা, ইনসাফের অভাব এবং চরম সংকট বিরাজ করছে, তার একমাত্র সমাধান নিহিত রয়েছে নবীজির এই সুমহান আদর্শের মধ্যে। আসুন, আমরা শুধু খুতবা বা বয়ান শোনার মধ্যেই সীমাবদ্ধ না থেকে বিশ্বনবী ﷺ-এর এই অনুপম চরিত্র, দয়া, ইনসাফ ও সুদূরপ্রসারী প্রজ্ঞাকে আমাদের ব্যক্তি, পরিবার ও সামাজিক জীবনে যথাযথভাবে বাস্তবায়ন করি।
আল্লাহ তায়ালা আমাদের সবাইকে প্রিয়নবী হজরত মুহাম্মদ ﷺ-এর প্রকৃত অনুসারী হওয়ার এবং তাঁর সুন্নাহর ওপর জীবন পরিচালনা করার তাওফিক দান করুন। আমিন।