এক ব্যক্তি মকতবের জন্য একটি জমি ওয়াকফ করেন। সেখানে মকতবের ঘরও নির্মাণ করা হয়। ওয়াকফকারীর মৃত্যুর পর এলাকার লোকজন সদুদ্দেশ্যে মকতবের স্থানে নূরানি মাদ্রাসার ভবন নির্মাণ করতে চান। জানার বিষয় হলো, সেখানে নূরানি মাদ্রাসার ভবন নির্মাণ করা বৈধ হবে কি?

 

নিবেদন: মুহাঃ মাহমুদুল হাসান (সিলেট)


الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ


শরয়ি দৃষ্টিতে ওয়াকফকারী যে খাতে সম্পদ ওয়াকফ করেন, সে নির্দিষ্ট খাত এবং ওয়াকফকারীর উদ্দেশ্যের অনুকূল খাতে ওয়াকফকৃত সম্পদ ব্যবহার করার অনুমতি রয়েছে।

সুতরাং নূরানি মাদ্রাসা যেহেতু মকতব-সংশ্লিষ্ট একটি শিক্ষাব্যবস্থা, তা ছাড়া মকতবের জন্য জমি ওয়াকফ করার মাধ্যমে বাহ্যত ওয়াকফকারীর উদ্দেশ্য ছিল দ্বীনি শিক্ষার ব্যবস্থা করা, যা নূরানি মাদ্রাসা চালুর মাধ্যমে আরও ভালোভাবে পূরণ হয়, তাই উক্ত মকতবের স্থানে নূরানি বিভাগ চালু করা এবং এর জন্য ভবন নির্মাণ করা ওয়াকফকারীর উদ্দেশ্যের পরিপন্থী হবে না। অতএব, তা করা বৈধ হবে।

তথ্যসূত্র: দুররুল মুখতার, ৬/৬৪৭, যাকারিয়া ফাতহুল কাদির, ৬/২২০, রশিদিয়া কিফায়াতুল মুফতি, ৯/৪৩৩


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল