মুহতারাম মুফতি সাহেব, তামাত্তু হজকারী উকুফে আরাফার আগে ওমরা সম্পন্ন করতে পারেননি। এক্ষেত্রে তাঁর করণীয় কী? তিনি কি ওমরার ইহরাম নিয়েই আরাফায় চলে যাবেন, নাকি তা ভেঙে হজের ইহরাম বাঁধবেন? ইহরাম ভাঙলে কি দম আদায় করতে হবে? পরবর্তীতে উক্ত ওমরা কাজা করা আবশ্যক কি? আর এক্ষেত্রে তিনি কি মুতামাত্তি হিসেবে গণ্য হবেন?
নিবেদক: আব্দুল্লাহ আল মামুন (মোমেনশাহী)
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ি দৃষ্টিতে হজে তামাত্তুর জন্য উকুফে আরাফার পূর্বে ওমরার কার্যাবলি সম্পন্ন করা আবশ্যক। অন্যথায় তা তামাত্তু হিসেবে গণ্য হয় না।
আর ওমরার কার্যাবলি শেষ করার পূর্বে হজের সময় শুরু হয়ে গেলে উক্ত ব্যক্তির জন্য ওমরার ইহরাম ভেঙে হজের ইহরাম বাঁধা আবশ্যক। পরবর্তী সময়ে ওমরার ইহরাম ভাঙার কারণে একটি দম দেওয়া এবং উক্ত ওমরা কাজা করা জরুরি।
সুতরাং আরাফার আগে ওমরার কার্যাবলি সম্পন্ন করতে না পারায় তাঁর হজটি তামাত্তু হিসেবে গণ্য হবে না। আর ওমরার ইহরাম ভঙ্গ করায় একটি দম দেওয়া এবং উক্ত ওমরা কাজা করা আবশ্যক।
রেফারেন্স: তুহফাতুল ফুকাহা: ২০৩, মারুফিয়া। গুনিয়াতুন নাসেক: ৩২৯, রায়েদা। মাবসুত: ৪/৬৯, রশিদিয়া।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল