এক ব্যক্তি মসজিদের জন্য একটি জমি ওয়াকফ করেছেন এই শর্তে যে, রহিম ও করিমের পরিবারের সদস্যরা ওই মসজিদে নামাজ পড়তে পারবেন না। জানার বিষয় হলো, এ ধরনের শর্তে ওয়াকফ করা সহিহ হবে কি? আর সেখানে মসজিদ নির্মিত হলে তা শরয়ি মসজিদ হিসেবে গণ্য হবে কি?

নিবেদন: মুহাঃ আবদুল কাদের (বরিশাল)


الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ


শরিয়তের বিধান অনুযায়ী, ওয়াকফকারীর পক্ষ থেকে ওয়াকফের উদ্দেশ্য ও স্বার্থের পরিপন্থী কিংবা শরিয়তসম্মত নয়, এমন কোনো শর্ত আরোপ করা হলে তা গ্রহণযোগ্য নয়।

তাই প্রশ্নোক্ত ক্ষেত্রে ওয়াকফের উদ্দেশ্যের পরিপন্থী শর্ত আরোপ করায় তা অগ্রহণযোগ্য বিবেচিত হবে। ফলে শর্তটি বাতিল হয়ে ওয়াকফ সহিহ হয়ে যাবে। সেখানে মসজিদ নির্মিত হলে তা শরয়ি মসজিদ হিসেবে গণ্য হবে এবং রহিম ও করিমের পরিবারসহ সবাই সেখানে নামাজ আদায় করতে পারবেন।

তথ্যসূত্র: ফাতাওয়ায়ে তাতারখানিয়া, ৮/১৫৬, ফারুকিয়া আল-মাওসুআ আল-ফিকহিয়্যাহ, ৪৪/১৩১, কুয়েত কানযুদ দাকায়েক, ২/২৪৫, বুশরা


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল