আমাদের এলাকায় এক ব্যক্তি মসজিদের জন্য কিছু জমি দান করেন। পরবর্তী সময়ে সেখানে মসজিদ নির্মাণ করে দীর্ঘদিন নামাজ আদায় করা হয়। পাঁচ বছর আগে ওয়াকফকারী এসে বলেন, তিনি ওই জায়গায় ঘর নির্মাণ করবেন এবং মসজিদের জন্য অন্য জায়গা দেবেন। এরপর মসজিদটি ভেঙে সেখানে ঘর নির্মাণ করা হয় এবং মসজিদের জন্য অন্য জায়গা দেওয়া হয়। জানার বিষয় হলো, এভাবে জমি অদলবদল করা সহিহ হয়েছে কি না? না হলে এখন করণীয় কী?
নিবেদন: মুহাঃ নাসির উদ্দিন (রাজশাহী)
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ি দৃষ্টিতে কোনো জমি সহিহ পদ্ধতিতে ওয়াকফ হয়ে গেলে তা ওয়াকফকারীর মালিকানা থেকে বের হয়ে যায়। তাই ওয়াকফকারী পুনরায় তা ফিরিয়ে নেওয়া বা পরিবর্তন করার অধিকার রাখেন না।
সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে যেহেতু জমিতে মসজিদ নির্মাণ করে নামাজ আদায় করা হয়েছে, তাই সেটি শরয়ি মসজিদ হিসেবে সাব্যস্ত হয়ে গেছে। ওয়াকফকারীর জন্য মসজিদ ভেঙে সেখানে ঘর নির্মাণ করা কোনোভাবেই বৈধ হয়নি।
এখনো যদি পরিবর্তিত জায়গায় মসজিদ নির্মাণ না করা হয়ে থাকে, তাহলে সেখানে তিনি ঘর নির্মাণ করতে পারেন। আর মসজিদের মূল জায়গায় ঘর নির্মাণ করে থাকলে তা ভেঙে সেখানে মসজিদই বহাল রাখতে হবে।
তথ্যসূত্র: ফাতাওয়ায়ে কাজী খান, ৩/১৬৬, কাদিমি কুতুবখানা হিদায়া, ৪/৩৯৬, মাকতাবাতুল বুশরা কিফায়াতুল মুফতি, ১০/১০৪, জামিয়া ফারুকিয়া, করাচি
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ
জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল
ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল