আমাদের গ্রামে সরকারি খাস জমিতে এক ব্যক্তি সরকারি অনুমোদন ছাড়া একটি মসজিদ নির্মাণ করেন। জনৈক ব্যক্তি এ অজুহাতে সেখানে নামাজ পড়েন না যে, এটি অবৈধ জায়গায় নির্মাণ করা হয়েছে এবং তা ওয়াকফ করা হয়নি। তিনি মনে করেন, যারা এখানে নামাজ পড়েন, তাঁদের কারও নামাজ হয় না। জানার বিষয় হলো, ওই ব্যক্তির কথা ও কাজ কি শরিয়তসম্মত? তাঁর যুক্তি কি সঠিক? আর মসজিদের জন্য ওয়াকফকৃত জায়গা হওয়া কি শর্ত? বিস্তারিত জানতে আগ্রহী।
বিনীত নিবেদন: আবু বকর সিদ্দিক (সিলেট)
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ি দৃষ্টিতে সরকারি জমিতে বিনা অনুমতিতে মসজিদ নির্মাণ করা হলে তা শরয়ি মসজিদ হিসেবে গণ্য হয় না। তবে সেখানে নামাজ আদায় করা অবৈধ নয়।
সুতরাং প্রশ্নে বর্ণিত ব্যক্তি যে অজুহাতে সেখানে নামাজ পড়েন না, তা সম্পূর্ণ অমূলক নয়। তবে তাঁর এ কথা যে, “যারা সেখানে নামাজ পড়েন, তাঁদের কারও নামাজ সহিহ হয় না” তা সঠিক নয়। বরং সবার নামাজই সহিহ হবে।
শরয়ি মসজিদ হওয়ার জন্য ওয়াকফকৃত জায়গা হওয়া শর্ত। তবে উক্ত জায়গার দায়িত্বশীলদের কাছ থেকে অনুমতি গ্রহণ করা হলে তা শরয়ি মসজিদ হিসেবে গণ্য হবে।
তথ্যসূত্র: রদ্দুল মুহতার, ৬/৫২২—আজহার; ফিকহুল ইসলামী, ১০/৭৬২৪—রশিদিয়া; ফাতাওয়ায়ে হক্কানিয়া, ৫/৯৪।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ
জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল
ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল