আমাদের এলাকার মসজিদের যিনি মুতাওয়াল্লি, তাঁর এক আত্মীয় জোরপূর্বক তাঁর কাছ থেকে মুতাওয়াল্লির দায়িত্ব ছিনিয়ে নেন এবং তাঁকে গুম করে রাখেন। তিনি আদালতে গিয়ে মুতাওয়াল্লির স্বাক্ষর দেখিয়ে সমস্ত কাগজপত্র নিজের নামে করে নেন এবং মসজিদে এসে নিজেকে মুতাওয়াল্লি হিসেবে দাবি করেন। কিন্তু এলাকার মানুষ তা মানতে রাজি নন। সবাই বলছেন, পূর্বের মুতাওয়াল্লিকে নিয়ে আসুন। তিনি যদি আপনাকে দায়িত্ব দেন, তাহলে আমরা মেনে নেব। জানার বিষয় হলো, এভাবে জোরপূর্বক মুতাওয়াল্লির দায়িত্ব গ্রহণ করা বৈধ কি না?

নিবেদক:সাইফুল ইসলাম জিহাদী।

 

الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ

 

শরয়ি মূলনীতি অনুযায়ী, জোরপূর্বক অথবা অযোগ্য হওয়া সত্ত্বেও দ্বীনি কোনো প্রতিষ্ঠানের দায়িত্ব চাওয়া বা গ্রহণ করা সম্পূর্ণ অবৈধ। কেউ এমনটি করলেও তাকে অপসারণের সুযোগ রয়েছে।

সুতরাং প্রশ্নে বর্ণিত অবস্থায় পূর্বের মুতাওয়াল্লিকে গুম করে রেখে জবরদস্তি ও কৌশলে তাঁর স্বাক্ষর নকল করে মুতাওয়াল্লি হওয়া চরম হঠকারিতামূলক কাজ, যা তাঁর অযোগ্যতা প্রমাণের জন্য যথেষ্ট। সুতরাং এভাবে মুতাওয়াল্লি হওয়া তাঁর জন্য সম্পূর্ণ অবৈধ। এ ধরনের মুতাওয়াল্লিকে অপসারণ করে পূর্বের মুতাওয়াল্লিকে অথবা তাঁর অনুপস্থিতিতে ভালো, প্রতিষ্ঠানের হিতাকাঙ্ক্ষী, সৎ ও যোগ্য কাউকে মুতাওয়াল্লি নিয়োগ করা উচিত।

তথ্যসূত্র: রদ্দুল মুহতার, ৬/৬৪৭—আজহার; বাহরুর রায়েক, ৫/৭৮—যাকারিয়া; কিফায়াতুল মুফতি, ৯/৪৬৩—ফারুকিয়া।


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল