মুহতারাম! বিভিন্ন দেশের প্রবাসীরা কাজ করার জন্য মক্কায় অবস্থান করেন। জানার বিষয় হলো, তাঁদের ওপর হজ ফরজ হবে কি না? এ ক্ষেত্রে কোনো শর্ত আছে কি?
নিবেদক: মুসলেহ উদ্দিন
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ী দৃষ্টিতে যে ব্যক্তির কাছে দৈনন্দিন প্রয়োজনীয় খরচের অতিরিক্ত হজে যাওয়া-আসার দিনগুলোর জন্য পর্যাপ্ত পরিমাণ পাথেয় এবং যাওয়া-আসার বাহনের ব্যবস্থা রয়েছে, পাশাপাশি তাঁর পরিবারবর্গের প্রয়োজনীয় খরচাদিরও ব্যবস্থা রয়েছে, তাঁর ওপর হজ ফরজ।
তবে মক্কায় অবস্থানকারীদের জন্য হাঁটার সামর্থ্য থাকলে বাহনের সামর্থ্য থাকা শর্ত নয়। আর প্রবাসীদের ক্ষেত্রে কর্মরত কোম্পানি বা সরকারের পক্ষ থেকে কোনো বাধা না থাকাও শর্ত। অন্যথায় হজ ফরজ হবে না।
অতএব, প্রশ্নোক্ত صورتএ যেসব প্রবাসী মক্কায় থাকেন, তাঁদের ক্ষেত্রে সরকারি কোনো বাধা না থাকলে এবং তাঁদের কাছে হজের সময়কার খরচ বহনের সক্ষমতা থাকলে তাঁদের ওপর হজ ফরজ হয়ে যাবে। অন্যথায় নয়।
রেফারেন্স: তুহফাতুল ফুকাহা: পৃ. ১৮৮, মারুফিয়া। নাহরুল ফায়িক: ২/৫৬, দারুল ঈমান। আল-বাহরুর রায়েক: ২/৫৪৮, যাকারিয়া।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল
আরো পড়ুন