মুহতারাম মুফতি সাহেব! জনৈক ব্যক্তি ঘর নির্মাণের জন্য নিজের কাছে প্রায় চার লক্ষ টাকা জমিয়েছেন। তাঁর বড় ছেলে বলছেন, বাবা, আপনার ওপর হজ ফরজ হয়ে গেছে। কিন্তু তিনি হজ করতে গেলে আর ঘর নির্মাণ করতে পারবেন না, অথচ ঘর নির্মাণ করা তাঁর খুবই প্রয়োজন। জানার বিষয় হলো, শরিয়ত মতে উক্ত ব্যক্তির ওপর কি হজ ফরজ? তাঁকে কি ঘর নির্মাণ না করে হজ করতে হবে?
নিবেদক: মাহমুদুল হাসান
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ী দৃষ্টিতে হজ ফরজ হওয়ার জন্য পারিবারিক খরচ ও মৌলিক চাহিদার অতিরিক্ত যাবতীয় ব্যয়ভার বহনের পরিমাণ সম্পদের মালিক হওয়া শর্ত। ফলে হজের যাবতীয় খরচ বহনে সামর্থ্যবান ব্যক্তির সম্পদ মৌলিক প্রয়োজনে ব্যয়িত হওয়ার পর অবশিষ্ট সম্পদ হজের জন্য যথেষ্ট না হলে তার ওপর হজ করা আবশ্যক নয়।
সুতরাং প্রশ্নোক্ত ব্যক্তির বর্তমানে থাকার মতো কোনো ঘরের ব্যবস্থা না থাকলে উক্ত সঞ্চিত টাকা মৌলিক প্রয়োজনের অন্তর্ভুক্ত হওয়ার কারণে তাঁর ওপর হজ করা আবশ্যক নয়। অন্যথায় আবশ্যক হবে।
রেফারেন্স: কুলুরি: পৃ. ২০০, বুশরা। রদ্দুল মুহতার: ৩/৫২৮, আজহার। আল-বাহরুর রায়েক: ২/৫৪৯, যাকারিয়া।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল
আরো পড়ুন