মুহতারাম! আমার চাচা জনাব রফিক সাহেব হজ করার জন্য মক্কা শরিফে যান। কিন্তু তিনি ভুলে তাঁর ইহরামের কাপড় রেখে যান। বিমান থেকে নামার পর তাঁর স্মরণ হয়। (তিনি ইহরাম ছাড়াই মিকাত অতিক্রম করেন।) এরপর বাইতুল্লাহর পাশে থেকে ইহরামের কাপড় কিনে সেখানেই তা পরিধান করেন। জানার বিষয় হলো, এভাবে তাঁর ইহরাম বাঁধা সহিহ হয়েছে কি না? সহিহ না হলে তাঁর করণীয় কী ছিল?
নিবেদক: রিফাত হুসাইন
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ী দৃষ্টিতে মক্কার উদ্দেশ্যে গমনকারী ‘আফাকী’ তথা মিকাতের বাইরে অবস্থানকারী ব্যক্তির জন্য ইহরাম ছাড়া মিকাত অতিক্রম করা গুনাহের কাজ। কেউ অতিক্রম করে ফেললে নিকটতম কোনো মিকাতে গিয়ে ইহরাম বাঁধবে। অন্যথায় মিকাতের ভেতর থেকে ইহরাম বাঁধলে একটি দম ওয়াজিব হবে।
সুতরাং প্রশ্নোল্লিখিত صورتএ আপনার চাচা জনাব রফিক সাহেব ইহরাম ছাড়া মিকাত অতিক্রম করে থাকলে ইহরাম ছাড়া মিকাত অতিক্রম করার কারণে তাঁর ওপর একটি দম দেওয়া আবশ্যক হবে।
অতঃপর আপনার চাচা মিকাতের ভেতরে গিয়ে যদি নিয়তের সঙ্গে তালবিয়া পড়ে ইহরাম বেঁধে থাকেন, তাহলে তাঁর ইহরাম বাঁধা সহিহ হয়ে যাবে এবং একটি দম দেওয়া আবশ্যক হবে। অথবা আপনার চাচা যদি বিমানেই মিকাত অতিক্রম করার পর ইহরাম বেঁধে থাকেন, অতঃপর বিমান থেকে নেমে প্রথমে বাইতুল্লাহর পাশ থেকে ইহরামের কাপড় কিনে তা পরিধান করে থাকেন, তাহলে আপনার চাচার ওপর এক দিনের কম সেলাইযুক্ত কাপড় পরিধান করার কারণে (অর্ধ সা যব) সদকা করা আবশ্যক হবে। অন্যথায় পূর্ণ এক দিন সেলাইযুক্ত কাপড় পরিধান করার কারণে দম দিতে হবে।
রেফারেন্স: আল-মুখতার লিল ফাতাওয়া: ১/১৮৩, কাদীমী। আল-হিদায়া: ৩/২৬, রশিদিয়া। বাদায়েউস সানায়ে: ৩/১৬২, দারুল হাদিস।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল
আরো পড়ুন