প্রশ্ন:মুহতারাম! জনাব কামরুল সাহেবের ওপর যাকাত ফরজ। তাঁর একজন বোন খুবই গরিব। তাই তিনি তাঁকে যাকাত দিতে চান। কিন্তু তাঁর বোন যাকাতের কথা শুনলে লজ্জা পান। তাই তিনি হাদিয়া বলে যাকাত দিতে চান। জানার বিষয় হলো, নিজের আপন বোনকে যাকাত দিলে যাকাত আদায় হবে কি না? হাদিয়া বলে যাকাত দিলেও কি যাকাত আদায় হবে? পাশাপাশি নিকটাত্মীয়দের মধ্যে কাদেরকে যাকাত দেওয়া বৈধ আর কাদেরকে বৈধ নয়, তা জানিয়ে বাধিত করবেন।

নিবেদক:আব্দুল্লাহ আশরাফ


الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ

শরয়ি দৃষ্টিতে ঊর্ধ্বতন (যথা—পিতা, দাদা) এবং অধস্তন (যথা—ছেলে, নাতি) ব্যতীত অন্যান্য নিকটাত্মীয়দের যাকাত দেওয়া বৈধ। আর যাকাতের অংশ পৃথক করার সময় কিংবা আদায় করার সময় যাকাতের নিয়ত করা আবশ্যক।

( আপন বোনকে যাকাত দেওয়া যাবে কি? স্বামী ধনী হলে বিধান কী? )

সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে নিকটাত্মীয়দের মধ্যে ঊর্ধ্বতন—চাই তা পিতার দিক দিয়ে হোক কিংবা মায়ের দিক দিয়ে, যেমন পিতা, দাদা, মা, নানি; অধস্তন—চাই তা ছেলে কিংবা মেয়ের দিক দিয়ে হোক, যেমন নাতি-নাতনি; এবং স্বামী-স্ত্রীকে যাকাত দেওয়া জায়েজ নেই।

এ ছাড়া অন্যান্য আত্মীয়দের, যেমন—ভাই-বোন, চাচা-ফুফু, মামা-খালা এবং তাঁদের সন্তানদের দরিদ্র হওয়ার শর্তে যাকাত দেওয়া বৈধ। অবশ্য যাকাতের নিয়ত করে হাদিয়া বলে যাকাত দিলেও যাকাত আদায় হয়ে যাবে।

রেফারেন্স:কানযুদ্দাকায়েক, (১/২১৩, বুশরা)ফাতাওয়ায়ে হিন্দিয়া, (১/২৩৩, যাকারিয়া)সিরাজিয়া, (পৃ. ২৮, সাঈদ)


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল