প্রশ্ন:মুহতারাম, আমাদের এলাকায় একটি নূরানি মাদরাসার বড় হুজুর রমজান মাসে যত টাকা সংগ্রহ করেন, তা থেকে কোনো পদ্ধতি অবলম্বন করা ছাড়াই উস্তাদগণের বেতন দিয়ে দেন। অথচ সংগৃহীত টাকার মধ্যে যাকাতের টাকাও থাকে। এমনকি কোনো উস্তাদ টাকা উত্তোলন করলে তা বেতন হিসেবে কেটে রাখা হয়। জানার বিষয় হলো, এভাবে যাকাতের টাকা দেওয়া বা নেওয়া জায়েজ হবে কি না?
নিবেদক:মুহা. সাখাওয়াত হোসাইন
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ি দৃষ্টিতে যাকাতের টাকা নিঃশর্তভাবে যাকাত গ্রহণের উপযুক্ত ব্যক্তিসত্তাকে মালিক বানিয়ে দেওয়া আবশ্যক। ফলে এ জাতীয় অর্থ সরাসরি কোনো প্রাতিষ্ঠানিক খাতে ব্যবহার করা কিংবা শ্রমের বিনিময় হিসেবে দেওয়া সম্পূর্ণ অবৈধ। এতে দাতার যাকাত আদায় হয় না।
সুতরাং প্রশ্নোক্ত প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের জন্য যাকাত বাবদ উত্তোলিত টাকা সরাসরি কোনো উস্তাদকে বেতন হিসেবে প্রদান করা বৈধ হবে না। তদ্রূপ, যাকাত উত্তোলনকারী শিক্ষকের জন্য সংগৃহীত অর্থ বেতন বাবদ কেটে রাখাও বৈধ হবে না।
মুহতামিম সাহেবের উচিত, বছরের শুরুতেই গরিব ছাত্রদের কাছ থেকে ওকালতনামার মাধ্যমে তাদের যাকাতের অর্থ ছাত্রদের কল্যাণে টিচিং ফিসহ মাদরাসার বিভিন্ন খাতে খরচ করার লিখিত অনুমতি নিয়ে রাখা। এমন অবস্থায় মুহতামিমের হস্তগত হলে তা গরিব ছাত্রদের মালিকানা প্রতিষ্ঠিত হবে এবং পূর্বানুমতিক্রমে ছাত্রদের পক্ষ থেকে যাকাতের অর্থ মাদরাসার বিভিন্ন খাতে ব্যয় করারও অবকাশ থাকবে।
রেফারেন্স:মাজমাউল আনহুর, ১/৩২৮, আল-মানার।তুহফাতুল ফুকাহা, পৃ. ২০০।আহসানুল ফাতাওয়া, ৪/২৫২, যাকারিয়া।কিফায়াতুল মুফতি, ৪/৩৯৩, যাকারিয়া।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল