প্রশ্ন:মুহতারাম! একজন শিল্পপতি, যাঁর বাড়ি গুলশানে এবং তিনি লন্ডনে থাকেন। ঢাকায় তাঁর কয়েকটি ইন্ডাস্ট্রি আছে। বর্তমানে তিনি লন্ডনে একটি বাড়ি নির্মাণ করতে যাচ্ছেন। তাই বিশ্বব্যাংক থেকে ১০ হাজার কোটি মার্কিন ডলার ঋণসহায়তা নেন, যা পরিশোধ করতে ঢাকায় তাঁর কাছে থাকা সমস্ত সম্পত্তি বিক্রি করলেও কষ্ট হয়ে যাবে। জানার বিষয় হলো, এমন ঋণগ্রস্ত ব্যক্তির যাকাত আদায়ের বিধান কী?
নিবেদক:যুবায়ের সাঈদ
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ি দৃষ্টিকোণে ব্যক্তিগত প্রয়োজনে গৃহীত ঋণ যাকাতের নিসাব থেকে বাদ দেওয়া হয়। আর মুহাক্কিক ওলামায়ে কেরামের মতে, কমার্শিয়াল লোন যাকাতের নিসাব থেকে বাদ দেওয়া হয় না। ফলে কমার্শিয়াল লোন থাকা সত্ত্বেও যদি নিসাব পরিমাণ সম্পদ থাকে, তাহলে যাকাত আবশ্যক হবে।
সুতরাং প্রশ্নোক্ত ব্যক্তি প্রয়োজনের কারণে ঋণ গ্রহণ করে থাকলেও তাঁর কাছে যদি নিসাব পরিমাণ সম্পদ থাকে, তাহলে তাঁর ওপর যাকাত ওয়াজিব হবে। উক্ত ঋণ যাকাত আবশ্যক হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না।
রেফারেন্স:ফাতাওয়ায়ে উসমানি, ২/৮৩–৮৪, মা'আরিফুল কুরআন।ফাতহুল কাদির, ২/১৭০, যাকারিয়া।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল