প্রশ্ন:জনাব বুরহান সাহেব তাঁর স্ত্রীর কাছ থেকে কোনো এক প্রয়োজনে তিন লক্ষ টাকা ধার নেন। তখন তাঁর স্ত্রী তাঁকে বলেন, ‘আপনার যখন ইচ্ছা, তখন দিয়েন।’ বুরহান সাহেব নিজ প্রয়োজনে উক্ত টাকা খরচ করেন। এর কিছুদিন পর তিনি আবার তিন লক্ষ বিশ হাজার টাকার মালিক হন। এভাবে এ টাকার ওপর এক বছর অতিবাহিত হয়। জানার বিষয় হলো, উক্ত বছর বুরহান সাহেবের ওপর যাকাত ওয়াজিব হবে কি? আর বুরহান সাহেবের স্ত্রী যে টাকা তাঁকে ধার দিয়েছেন, সেই টাকার ওপর বছর পূর্ণ হলে তার হুকুম কী হবে? বিস্তারিত জানিয়ে বাধিত করবেন।
নিবেদক:আবু বাসির
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ি মূলনীতি অনুযায়ী প্রয়োজনাতিরিক্ত সম্পদ থেকে ঋণ বাদ দেওয়ার পর যাকাতযোগ্য সম্পদের নিসাব পরিমাণ মালিক হলে বছরান্তে যাকাত আবশ্যক হয়। অন্যথায় নয়।
আর ঋণদাতা যদি নিসাবপরিমাণ মালের মালিক হন, সে ক্ষেত্রে পূর্ণ এক বছর অতিবাহিত হওয়ার শর্তে প্রদত্ত ঋণের ওপর যাকাত আবশ্যক হয়। তবে তা উসুল হওয়ার পর আদায় করা আবশ্যক হয়।
সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে বুরহান সাহেব যেহেতু ঋণ বাদ দিলে নিসাবের মালিক থাকেন না, বিধায় তাঁর ওপর যাকাত ফরজ হবে না। তবে পূর্ণ এক বছর অতিবাহিত হওয়ার শর্তে তাঁর স্ত্রীর ওপর যাকাত ফরজ হবে, যদি তিনি সাহেবে নিসাব হয়ে থাকেন। সে ক্ষেত্রে উক্ত টাকা হস্তগত হওয়ার পর বিগত বছরগুলোসহ যাকাত আদায় করা আবশ্যক।
রেফারেন্স:আল-হিদায়া, ২/৬–৭, মাকতাবাতুল বুশরা।ফাতাওয়ায়ে হিন্দিয়া, ১/৩৩৩, যাকারিয়া।ফাতাওয়ায়ে মাহমুদিয়া, ৯/৪০২, ইদারাতুল ফারুক।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল