প্রশ্ন:মুহতারাম! ঢাকায় অবস্থানরত আব্দুল খালেক ভাই গ্রামের হিফজ বিভাগের ছাত্রদের জন্য যাকাত বাবদ ১০ হাজার টাকা দান করেন। এখন মাদরাসার বড় হুজুর ছাত্রদের নিয়ে টেইলার্সের কাছে যান কাপড় বানিয়ে দেওয়ার জন্য। জানার বিষয় হলো, যাওয়া-আসার ভাড়া যাকাতের টাকা থেকে দেওয়া যাবে কি না এবং এ ক্ষেত্রে যাকাত আদায় হবে কি না?
নিবেদক:সাখাওয়াত
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরিয়তের দৃষ্টিতে যাকাত আদায়ের জন্য কোনো গরিব-মিসকিনকে সম্পদের মালিক বানানো শর্ত। আর যাকাত যেভাবে নিজে আদায় করা যায়, তেমনিভাবে অন্য কোনো ব্যক্তির মাধ্যমেও আদায় করানো যায়।বর্তমানে মুহতামিম সাহেবরা যেহেতু ছাত্র এবং যাকাতদাতা উভয়ের উকিল হয়ে থাকেন, ফলে মুহতামিম সাহেব যাকাত উত্তোলন করার পর ছাত্রদের পেছনে এবং আনুষঙ্গিক কাজে যাকাতের টাকা ব্যয় করতে পারবেন।
অতএব, প্রশ্নোক্ত ক্ষেত্রে ঢাকায় অবস্থানরত ব্যক্তি মাদরাসার বড় হুজুরের কাছে টাকা পৌঁছে দেওয়া এবং বড় হুজুর কর্তৃক পরবর্তীতে ছাত্রদের কাপড় বানিয়ে দেওয়ার মাধ্যমে উক্ত ব্যক্তির যাকাত আদায় হয়ে যাবে। এ ক্ষেত্রে যাওয়া-আসার ভাড়াও যাকাতের টাকা থেকে দেওয়া যাবে।
রেফারেন্স:দুররুল মুখতার, ৩/১৭১, আযহার।তাবয়ীনুল হাকায়েক, ২/১৮, যাকারিয়া।ফাতাওয়া হক্কানিয়া, ৪/৮৬, সাইয়েদ আহমদ শহীদ।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল