মুহতারাম! হালিম শেখ একটি কারখানার ম্যানেজার। তাঁর ওপর যাকাত ওয়াজিব হওয়ায় তিনি ঢাকার একটি মাদ্রাসার ইফতা বিভাগের কিতাব কেনার জন্য যাকাতের টাকা থেকে ৪ লক্ষ টাকা প্রদান করলেন। তাঁর উদ্দেশ্য হলো, কোনো ইয়াতিম বা গরিব-মিসকিন ছাত্র এসব কিতাব পড়বে।

আমার জানার বিষয় হলো, কোনো মাদ্রাসার গরিব-মিসকিন ছাত্রদের জন্য এভাবে যাকাতের টাকা দিয়ে কিতাবাদি ক্রয় করে দিলে কি তাঁর যাকাত আদায় হবে? উক্ত মাদ্রাসার জন্য তা গ্রহণ করা জায়েজ হবে? দলিলসহ জানাবেন।

নিবেদক:শরিফুল ইসলাম (কুষ্টিয়া)

الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ

শরয়ি দৃষ্টিকোণ থেকে যাকাতের অর্থ অবশ্যই কোনো গরিব-মিসকিনকে মালিক বানিয়ে দেওয়া জরুরি। অন্যথায় যাকাত আদায় হয় না।প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তি গরিব ছাত্রদের পক্ষ থেকে যাকাতের অর্থ গ্রহণ করার ওকালতনামা নিয়ে নিলে, উক্ত দায়িত্বশীলের কবজা মিসকিনদের কবজা বলে গণ্য হয়। 

তাই প্রশ্নে বর্ণিত অবস্থায় মাদ্রাসার কোনো দায়িত্বশীলকে যাকাতের অর্থ দিয়ে কিতাবাদি প্রদান করলে এবং তিনি তা হস্তগত করলে, গরিব ছাত্ররাই এর মালিক হয়ে গেল। অতঃপর গরিব ছাত্রদের অনুমতিসাপেক্ষে মাদ্রাসার নামে দান করলে কিতাবগুলো মাদ্রাসার মালিকানায় চলে যাবে।

উল্লেখ্য, গরিব ছাত্রদের পক্ষ থেকে খরচ করার অগ্রিম অনুমতি নেওয়া হলে উকিল সাহেব সরাসরি মাদ্রাসায় যাকাতের অর্থ দিয়ে কিতাব প্রদান করতে পারবেন।

রেফারেন্স:রদ্দুল মুহতার: ৩/২৯৩, যাকারিয়া। তাবয়িনুল হাকায়েক: ২/১২১।


 মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল