প্রশ্ন:মুহতারাম! ঢাকা শহরে ফ্ল্যাটের ব্যবসা অনেক লাভজনক। তাই বরিশালের একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান ঢাকায় বিশাল একটি অ্যাপার্টমেন্ট নির্মাণের প্রকল্প হাতে নেয় এবং কাজ শুরু করে দেয়। কিন্তু সরকার ঢাকা ও পার্শ্ববর্তী অঞ্চলকে ড্যাপের আওতায় নেওয়ায় রাজউক উন্নয়ন কর্তৃপক্ষ বহুতলবিশিষ্ট ভবন নির্মাণ নিষিদ্ধ করে দেয়। ফলে অ্যাপার্টমেন্টটি সাততলা পর্যন্ত নির্মিত হওয়ার পর কাজ স্থগিত হয়ে যায়। তাই তারা ব্যবসার নিয়ত পরিবর্তন করে ভবনগুলো অফিস-আদালত এবং বিভিন্ন কোম্পানির কাছে ভাড়া দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। জানার বিষয় হলো, ব্যবসার উদ্দেশ্যে নির্মাণকাজ শুরু করে সাততলা ভবন নির্মাণের পর তাতে ভাড়া দেওয়ার নিয়ত করলে এ ক্ষেত্রে যাকাতের বিধান কী? বিস্তারিত জানালে খুবই উপকৃত হতাম।
নিবেদক:জুবায়ের সাঈদ
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ি দৃষ্টিতে ব্যবসার উদ্দেশ্যে ক্রয়কৃত পণ্যে ব্যবসার নিয়ত বাদ দিয়ে ব্যবহারিক বা ভাড়ার নিয়ত করার দ্বারা তা আর ব্যবসায়িক পণ্য হিসেবে গণ্য হয় না। ফলে তার ওপর ব্যবসায়িক যাকাত আসে না।
অতএব, প্রশ্নোক্ত ক্ষেত্রে উক্ত প্রতিষ্ঠান ব্যবসায়িক নিয়ত পরিবর্তন করে ব্যবহারিক বা ভাড়ার নিয়ত করায় মূল বিল্ডিংয়ের মূল্যের ওপর যাকাত আসবে না। তবে ভাড়ার টাকা নিসাব পরিমাণ হলে বছরান্তে তার ওপর যাকাত আসবে।
রেফারেন্স:মুলতাকাল আবহার, ১/২৯০, মাকতাবাতুল মানার।ফাতাওয়ায়ে কাজী খান, ১/১৫৫, যাকারিয়া।আল-ফাতাওয়া আল-বাজ্জাজিয়া, ১/৫৭, যাকারিয়া।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল