প্রশ্ন:মুহতারাম! আতাউল্লাহ সাহেবের ছোট দুই মেয়ে আছে। একজনের বয়স চার বছর, আরেকজনের বয়স ছয় বছর। তিনি মোট আট ভরি স্বর্ণ দিয়ে দুই মেয়ের জন্য দুটি গলার হার ও দুই জোড়া কানের দুল তৈরি করেছেন। তারা যেহেতু ছোট, তাই তাদের কাছে অলংকারগুলো হস্তান্তর করেননি। বর্তমানে সেগুলো তাঁর কাছেই আছে। তবে স্ত্রী ও দুই ছেলেকে তিনি বলে রেখেছেন যে, অলংকারগুলোর মালিক তাঁর দুই মেয়ে। জানার বিষয় হলো, হস্তান্তর না করার কারণে এগুলো কি আতাউল্লাহ সাহেবের মালিকানায় রয়ে গেছে? তাঁকে কি এগুলোর যাকাত আদায় করতে হবে?
নিবেদক:আশরাফ জিয়া
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ি দৃষ্টিতে কোনো পিতা তাঁর নাবালেগ সন্তানকে নির্দিষ্ট কোনো বস্তু হেবা করলে সে ক্ষেত্রে সন্তানের কাছে তা হস্তান্তর করা শর্ত নয়। বরং পিতার হস্তগত থাকা এবং সাক্ষী হিসেবে কাউকে বিষয়টি জানিয়ে রাখার মাধ্যমে সন্তানের হস্তগত হওয়া সাব্যস্ত হয়ে যায় এবং সন্তানের মালিকানা প্রতিষ্ঠিত হয়।
অতএব, প্রশ্নোক্ত ক্ষেত্রে উল্লিখিত আট ভরি স্বর্ণ আতাউল্লাহ সাহেবের মালিকানাধীন সম্পদ নয়। বিধায় তাঁকে এগুলোর যাকাত আদায় করতে হবে না।
রেফারেন্স:আল-হিদায়া, ৬/২৪৬, বুশরা।তানবীরুল আবসার, ৮/৫৮৯, আযহার।মাজমাউল আনহুর, ৩/৪৯৫, মানার।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল